ঢাবির সিন্ডিকেট নির্বাচনে নীল ও সাদা দলের প্রার্থী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন আজ মঙ্গলবার। ছয় ক্যাটাগরিতে ছয়টি পদে এই নির্বাচন হবে। এগুলো হচ্ছে ডিন, প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক। এ নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল সব পদে প্রার্থী দিলেও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল দুটি পদে প্রার্থী দিতে পারেনি।

আজ সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট নির্বাচনের ভোট গ্রহণ হবে৷ সিন্ডিকেটের প্রধান উপাচার্য মো. আখতারুজ্জামানের প্রতিনিধি হিসেবে এ নির্বাচন পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ৷ এর আগে ২০১৮ সালের এপ্রিলে অনুষ্ঠিত সিন্ডিকেটের সর্বশেষ নির্বাচনে শুধু ডিন পদে জিতেছিল সাদা দল৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে মোট ১৮টি পদ রয়েছে৷ এর মধ্যে ছয়টি পদে (ডিন, প্রাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক) শিক্ষকেরা সরাসরি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন৷ অন্য পদগুলোতে প্রতিনিধি নির্ধারিত হয় পদাধিকারবলে ও মনোনয়নে৷ তাঁরা হলেন উপাচার্য, দুই সহ-উপাচার্য, একাডেমিক কাউন্সিল মনোনীত দুটি কলেজের অধ্যক্ষ, সিনেটের নির্বাচিত দুজন প্রতিনিধি (একজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও একজন শিক্ষাবিদ), আচার্য (রাষ্ট্রপতি) মনোনীত তিনজন ব্যক্তি, সরকার মনোনীত অন্তত সচিব পদমর্যাদার একজন সরকারি কর্মকর্তা এবং সিনেট মনোনীত (সিনেটের বাইরে থেকে) একজন বিশিষ্ট নাগরিক৷ সিন্ডিকেট সদস্যরা দুই বছরের জন্য মনোনীত ও নির্বাচিত হন৷ তবে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাঁরা বহাল থাকেন৷

নীল ও সাদা দলের প্রার্থী যাঁরা

আজ অনুষ্ঠিতব্য সিন্ডিকেট নির্বাচনে ছয়টি পদেই প্রার্থী দিয়েছে নীল দল৷ নীল দলের প্রার্থীরা হলেন ডিন পদে সংগঠনের আহ্বায়ক ও বিজ্ঞান অনুষদের ডিন আবদুস ছামাদ, প্রাধ্যক্ষ পদে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মাসুদুর রহমান, অধ্যাপক পদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নিজামুল হক ভূঁইয়া, সহযোগী অধ্যাপক পদে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক আবু হোসেন মুহম্মদ আহসান, সহকারী অধ্যাপক পদে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মোহাম্মদ শরিফ উল ইসলাম এবং প্রভাষক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাহিন মোহিদ৷

এদিকে সিন্ডিকেটের এই নির্বাচনে দুটি পদে (ডিন ও প্রভাষক) প্রার্থীই দিতে পারেনি সাদা দল৷ এর কারণ হিসেবে সাদা দলের নেতৃস্থানীয় শিক্ষকেরা বলেছেন, বর্তমানে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ হয় এবং নবীন শিক্ষকদের ওপর নানা ধরনের চাপ থাকে৷ তাই সাদা দলে প্রভাষক নেই বললেই চলে৷ যোগাযোগ রাখলেও ভয়ের কারণে তাঁরা সাদা দলের প্রার্থী হতে চান না৷ আর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ১০ অনুষদের ডিন পদে (নির্বাচিত) বর্তমানে সাদা দলের কেউ নেই৷ ফলে বাস্তব কারণেই সাদা দল ডিন ও প্রভাষক পদে প্রার্থী দিতে পারেনি৷

চারটি পদে সাদা দলের প্রার্থীরা হলেন প্রাধ্যক্ষ পদে স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ মো. মহিউদ্দিন, অধ্যাপক পদে সাদা দলের আহ্বায়ক ও সিনেট সদস্য মো. লুৎফর রহমান, সহযোগী অধ্যাপক পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আল-আমিন এবং সহকারী অধ্যাপক পদে বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শাফী মো. মোস্তফা৷