চুয়েটের শিক্ষার্থীরাও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে
টিউশনির টাকায় নিজের সম্পূর্ণ খরচ চালান—এমন শিক্ষার্থীর সংখ্যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক। এমনকি সেই টাকায় পরিবারের খরচও বহন করেন অনেক শিক্ষার্থী। চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাজিবুর রহমান স্বাধীন। পড়ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগে। অনেক আগে থেকেই টিউশনির টাকায় নিজের ও পরিবারের খরচ চালান তিনি। কিন্তু সম্প্রতি দ্রব্যমূল্য অতিরিক্ত বৃদ্ধিতে সবদিক সামলাতে হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, সবকিছুর দাম বেড়ে গেলেও টিউশনির বেতন বাড়েনি। অভিভাবকদের বললেও সেটি তাঁরা বাড়াতে চান না। এ ছাড়া বেড়েছে যাতায়াত খরচও। সবদিক মিলিয়ে আগের মতো চলা খুব কঠিন হয়ে পড়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত মাসিক ফি দিয়ে হল ডাইনিং পরিচালনা করাও একপ্রকার কষ্টসাধ্য হয়ে পড়েছে। চুয়েটের শেখ রাসেল হলের চলতি মাসের ডাইনিং ম্যানেজার চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. সাদাত হুসাইন। এর আগেও তিনি ডাইনিং পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত জানুয়ারি মাসে আমি দ্বিতীয়বারের মতো এ হলের ডাইনিং পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। সে সময় বাজারে দ্রব্যমূল্য এখনকার তুলনায় কম থাকায় ২ হাজার ৪০০ টাকায় ডাইনিং পরিচালনায় ততটা বেগ পেতে হয়নি। এমনকি প্রতি শুক্রবার ভালো খাবারসহ দুটি মাসিক ভোজের আয়োজন করা সম্ভব ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসে ২ হাজার ৪০০ টাকায় দিয়ে ডাইনিং পরিচালনায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। গত মাসে যেখানে ফার্মের মুরগি প্রতি কেজি ১৫৫ টাকা ছিল, তা এ মাসে ২২০ টাকারও বেশি দিয়ে কিনতে হচ্ছে। গত মাসে প্রতি বেলার মিল রেট ৩৬ টাকার মতো ছিল। খাবারের মান ঠিক রাখতে চলতি মাসে সেটি ৪১ টাকায় এসে দাঁড়ায়। এ অবস্থায় এবার মাসিক ভোজের আয়োজন সম্ভব হবে কি না, সেটিও ভেবে দেখার বিষয়।’
দু–এক মাস ধরে বাজারে চাল, ডাল, চিনি, আটা ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। কাঁচাবাজারে সবজির দামেও লেগেছে আগুন। চড়া দামে কিনতে হচ্ছে নিত্যপ্রয়োজনীয় এসব দ্রব্যসামগ্রী। এতে বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনগুলোতেও পূর্বনির্ধারিত দামে খাবার বিক্রি করতে হিমশিম খাচ্ছেন ক্যানটিন পরিচালকেরা।
দ্রব্যের মূল্যবৃদ্ধিতে ক্যানটিনে কমেছে খাবারের আইটেম। চুয়েটের ক্যানটিন-২-তে নিয়মিত গ্রিল, শর্মা ইত্যাদি পাওয়া যেত। মুরগির দাম বাড়ায় এক সপ্তাহ যাবৎ এসব আইটেম বিক্রি বন্ধ করেছে ক্যানটিন কর্তৃপক্ষ। এ ব্যাপারে ক্যানটিন-২–এর পরিচালক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘আগে মুরগির দাম ছিল তুলনামূলক কম, তাই গ্রিল কোয়ার্টার ও শর্মা প্রতিটি ৮০ টাকায় বিক্রি করতে পারতাম। কিন্তু এখন দাম বেড়ে যাওয়ায় সবদিক হিসাব করে ওই দামে আর বিক্রি করা সম্ভব নয়। তাই এসব আইটেম বিক্রি বন্ধ এখন।’
এ বিষয়ে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দ্রব্যের মূল্যবৃদ্ধিতে এ খারাপ পরিস্থিতি সব বিশ্ববিদ্যালয়েই হচ্ছে। শিক্ষার্থী থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ এতে ভুগছে। দ্রব্যমূল্য হ্রাস করা ছাড়া এ থেকে পরিত্রাণের উপায় নেই।
তবে শিক্ষার্থীদের জন্য ডাইনিং ও ক্যানটিনগুলোয় কোনো ভর্তুকির ব্যবস্থা করা হবে কি না, এ বিষয়ে মো. রেজাউল করিম বলেন, ‘বর্তমানে সরকার থেকে বিশ্ববিদ্যালয়গুলোয় যে বাজেট দেওয়া হয়, তার পরিমাণও কমতে শুরু করেছে। এ অবস্থায় ভর্তুকির ব্যবস্থা করা একটু কঠিনই হয়ে যায়। তবে শিক্ষার্থীদের এসব সমস্যার বিষয়ে কিছু করা যায় কি না, সেটি নিয়ে আমি উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা করব।’