প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অধ্যাপক রেজাউল করিমছবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক রেজাউল করিম। তিনি বিশ্ববিদ্যালয়টিতে আগামী চার বছর উপাচার্যের দায়িত্ব পালন করবেন। আজ বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রথমবারের মতো উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন তিনি।

আরও পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ধারা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে পাঁচটি শর্তে নিয়োগ প্রদান করা হলো।’ শর্তগুলো হলো উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে; তিনি অবসর অব্যবহিত–পূর্ব পদের সমপরিমাণ বেতন–ভাতাদি প্রাপ্য হবেন; বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও পড়ুন

এর আগে ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ও প্রথম নারী উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম পদত্যাগ করেন।