অধ্যাপক আলিমউল্যা মিয়ান ‘স্বপ্ন ছাড়িয়ে যাওয়া মানুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বিজ্ঞপ্তি

একজন মানুষ তাঁর স্বপ্ন আঁকড়ে ধরে বেঁচে থাকেন। সময়ের কাঁটা ঘুরলেও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সফল স্বপ্নবাজ মানুষ বেঁচে থাকেন তাঁর স্বপ্নের মধ্য দিয়ে। প্রজন্ম থেকে প্রজন্মে নিজের স্বপ্ন ছড়িয়ে দেওয়ার মতো সফল একজন মানুষ অধ্যাপক এম আলিমউল্যা মিয়ান। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে অন্যতম পথিকৃৎ এই মানুষটির জীবন অবলম্বনে ইমদাদুল হক মিলন রচিত ‘স্বপ্ন ছাড়িয়ে যাওয়া মানুষ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় গত শনিবার (৫ মার্চ) রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে।

বেলা ৩টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান; একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও ‘স্বপ্ন ছাড়িয়ে যাওয়া মানুষ’ বইয়ের রচয়িতা ইমদাদুল হক মিলন; লেখক, কলামিস্ট, প্রাবন্ধিক, গীতিকার ও বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকার এবং রোটারি ইন্টারন্যাশনালের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান এস এ এম শওকত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুর রব।

১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি অধ্যাপক আলিমউল্যা মিয়ান কুমিল্লার চান্দিনার কৈলান গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অনার্স ও ১৯৬৩ সালে মাস্টার্স সমাপ্ত করার পর যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে ১৯৬৮ সালে এমবিএ এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টার স্কুল অব বিজনেস থেকে ১৯৭৬ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রথম অংশে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হাসান (অবসরপ্রাপ্ত)। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ইমদাদুল হক মিলন। তিনি বলেন, অধ্যাপক আলিমউল্যা মিয়ান ছিলেন একজন স্পষ্টভাষী মানুষ। তাঁকে নিয়ে লিখতে গিয়ে তাঁর পরিবারের সবার সঙ্গেই আমার কথা হয়েছে, কথা হয়েছে তাঁর সহকর্মী, বন্ধু, স্বজন অনেকের সঙ্গেই। প্রত্যেকের কাছে ড. মিয়ান একজন অনবদ্য মানুষ। তিনি শুধু স্বপ্ন দেখেননি, বরং ধাপে ধাপে তিনি তাঁর স্বপ্নকে ছাড়িয়ে গেছেন দেশের প্রতিটি কোনায়। তারই দেখানো পথে দেশে হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন।

১৯৬৩ সালে জ্ঞানগর্ভ ব্যক্তিত্ব ও বিভিন্ন শিক্ষামূলক পেশার অধিকারী আলিমউল্যা মিয়ান শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন। ১৯৯৪ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, আইবিএর পরিচালকসহ বিভিন্ন পদে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর ও অধ্যাপক এবং সেন্টার ফর পপুলেশন ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের (সিপিএমআর) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে পড়াশোনা ও নাইজেরিয়ায় ১৯৮১ সালে ভিজিটিং অধ্যাপক হিসেবে আহমাদু বালু বিশ্ববিদ্যালয়ে তিনি এক সেমিস্টার কাজ করেন।

ছবি: বিজ্ঞপ্তি

অধ্যাপক মিয়ান আশির দশকে প্রথম বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে ইউএসএর ক্যানসাস স্টেট ইউনিভার্সিটি (কেএসইউ), থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এটিআই) ও অ্যাজাম্পশন ইউনিভার্সিটির (এবিএসি) সহযোগিতায় আইইউবিএটি নামের বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ১৯৯১ সালের জানুয়ারি মাসে তিনি প্রতিষ্ঠা করেন দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি। ১৯৯২ সালে এ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রোগ্রাম চালু করা হয়। তিনি ১৯৯৪ সাল থেকে আইইউবিএটির উপাচার্যের দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মোনায়েম সরকার বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় মিয়ান আমাদের জীবন বাঁচানোর জন্য বন্দুকের মুখেও পড়েছেন। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন। তিনি যেমন আইইউবিএটির মাধ্যমে তাঁর স্বপ্নকে সারা দেশে ছড়িয়ে দিতে পেরেছেন, তেমনি এই বইও যেন দেশের সবার মধ্যে ছড়িয়ে যায়, সেই আশাই আমি ব্যক্ত করছি।’

সভাপতির বক্তব্যে আইইউবিএটির উপাচার্য আবদুর রব বলেন, ‘কর্মজীবনে মিয়ান প্রচণ্ড কাজপাগল ছিলেন। শুধু বিশ্ববিদ্যালয় নয়, বরং দেশের নানা রকম কর্মকাণ্ডে তিনিই সবার আগে এগিয়ে এসেছেন। নব্বইয়ের দশকে তিনিই প্রথম দেশে গড়ে তোলেন ব্যবস্থাপনা পরামর্শ প্রতিষ্ঠান। আজ দেশে হাজার হাজার এমন প্রতিষ্ঠান রয়েছে। তাঁর প্রস্তাবনার ভিত্তিতে আজ দেশে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে তা আরও বাড়বে। গবেষণায় উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ে আমরা গড়ে তুলেছি মিয়ান রিসার্চ সেন্টার। তিনি মানুষ একজন হলেও নানাভাবে আগামী প্রজন্মের পাথেয় হয়ে থাকবেন।’

অনুষ্ঠানে অধ্যাপক এম আলিমউল্যা মিয়ানের আত্মীয়স্বজন, বন্ধুমহল, সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও আইইউবিএটির শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে সবাইকে ধন্যবাদ জানান আইইউবিএটির উপাচার্য হামিদা আখতার বেগম।

এম আলিমউল্যা মিয়ান বাংলাদেশে ব্যবসায় উন্নয়ন, শিক্ষা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, জলবায়ু পরিবর্তন, পরিবার পরিকল্পনা, মানবসম্পদ উন্নয়ন, ব্যবসায় ব্যবস্থাপনা, জ্বালানি নীতি ইত্যাদি বিষয়ে ৪৬টি রচনাসহ শিক্ষামূলক ১৫টি বইয়ের প্রণেতা ও সহযোগী প্রণেতা। বহুমুখী গবেষণা ও প্রজেক্ট কনসালট্যান্সি ছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন সম্মেলন, সেমিনার ও ওয়ার্কশপে যোগদান করেন।

ড. মিয়ান সুইজারল্যান্ডের জেনেভার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর লেবার অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি লর নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তিনি অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়ার (এমডিসা) অন্যতম প্রতিষ্ঠাতা নির্বাহী সদস্য ছিলেন। তিনি সোসাইটি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইতালি, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্ট, ইউএসএ ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। তিনি একজন রোটারিয়ান এবং রোটারি ক্লাব অব গ্রেটার ঢাকার একজন সদস্য ও সাবেক প্রেসিডেন্ট ছিলেন। শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এবং প্রিয় মাতৃভূমির উৎকর্ষ সাধনের প্রচেষ্টায় বিশ্বের প্রায় ৪০টির মতো দেশ ভ্রমণ করেছেন।

অধ্যাপক মিয়ান ২০১৭ সালের ১০ মে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি শিক্ষাদানে নিজেকে নিবেদিত রেখেছিলেন। জন্ম থেকে যে পারিবারিক আদর্শে তিনি বড় হয়েছেন, তা তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন সারা দেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। অর্থের অভাবে দেশের কোনো মেধাবী ব্যক্তি যেন উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই উদ্যোগে কাজ করে গেছেন জীবনের শেষ সময় পর্যন্ত।