অনলাইন ক্লাসে সেরা প্রতিষ্ঠান ঢাকা কলেজ
করোনাকালে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দোরগোড়ায় শিক্ষা কার্যক্রম পৌঁছে দেওয়া ও অনলাইন ক্লাসের পথিকৃৎ হিসেবে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে ঢাকা কলেজ। গতকাল শুক্রবার ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’-এর সমাপনী অনুষ্ঠানে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেনের হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির প্রমুখ।
সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন বলেন, করোনাকালে তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সরকারের বিশেষ সম্মাননা ঢাকা কলেজের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করেছে। কলেজের মুকুটে আরও একটি অর্জন যুক্ত হলো। তিনি বলেন, এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের সদ্যবিদায়ী অধ্যক্ষ ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদের। তিনি সিদ্ধান্ত নিয়ে করোনাকালে অনলাইন ক্লাস চালু করেছিলেন বলেই ডিজিটাল বাংলাদেশের শিক্ষার্থীরা সুফল পেয়েছিল। এই সম্মাননা নতুন করে সাফল্য অর্জনে শক্তি জোগাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
করোনাকালে তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য সরকারের বিশেষ সম্মাননা ঢাকা কলেজের গৌরব ও মর্যাদা বৃদ্ধি করেছে। কলেজের মুকুটে আরও একটি অর্জন যুক্ত হলো।
করোনার প্রাদুর্ভাব রোধে চলতি বছরের ১৮ মার্চ বন্ধ হয়ে যায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ঢাকা কলেজে ১ এপ্রিল থেকেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু করা হয় অনলাইন ক্লাস। প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিকে ১ হাজার ১৫৪ জন শিক্ষার্থী থাকলেও কলেজটির অফিশিয়াল ফেসবুক পাতায় সারা দেশের শিক্ষার্থীরাই অনলাইন ক্লাসগুলো করছেন বলে জানা যায়।