অনলাইন শিক্ষার জন্য মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের এমওইউ সই
অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং গ্রামীণফোন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে অংশ নেওয়ার জন্য গ্রামীণফোনের বাল্ক ডেটা সেবা ব্যবহার করতে পারবেন।
গতকাল বুধবার এ সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলাউদ্দিন বলেন, ‘কোভিড-১৯-এর বৈশ্বিক মহামারি আমাদের জীবনে নানা অন্তরায় সৃষ্টি করেছে। কিন্তু আমাদের সব প্রতিকূলতা কাটিয়ে উঠে এগিয়ে যেতে হবে এবং এ ক্ষেত্রে যৌথ উদ্যোগের বিকল্প নেই। বর্তমানের অভূতপূর্ব পরিস্থিতিতে নতুন প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনায় অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে পারে, এ জন্য গ্রামীণফোনের সঙ্গে এমওইউ স্বাক্ষর করতে পেরে আমরা আনন্দিত।’
গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ইমার্জিং অ্যাকাউন্টসের প্রধান শাওন আজাদ বলেন, ‘প্রযুক্তির বিকাশ, নতুন নতুন দক্ষতা রপ্ত, ভ্যালু সৃষ্টি ও বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে শিক্ষাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষা খাতের ওপর নেতিবাচক প্রভাব পড়লে তা দেশের অর্থনীতির ওপরও বিরূপ প্রভাব ফেলবে। তাই, ডিজিটাল বাংলাদেশের পার্টনার হিসেবে এই প্রতিকূল সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে বাধাহীনভাবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে বিষয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা সব সময় সবার জন্য বিভিন্ন ক্ষেত্রে সহজ সলিউশন নিয়ে আসার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায়, শিক্ষার্থীদের ডেটা সুবিধা দেওয়ার জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিটি করতে পেরে আনন্দিত।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের ইমার্জিং অ্যাকাউন্টসের প্রধান শাওন আজাদ এবং শাব্বির হোসাইন, হেড, প্রোডাক্ট, পার্টনারশিপস এবং অপস, বিজনেস ডিভিশনসহ প্রতিষ্ঠানটির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহেদ, ডিরেক্টর, আইসিটি সেল, অধ্যাপক ড. আ স ম সাইফুল্লাহ, ডিরেক্টর, স্টুডেন্টস কাউন্সেলিং ও গাইডেন্স; অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর এবং ড. মো. তৌহিদুল ইসলাম, রেজিস্ট্রারসহ অন্য সিনিয়র শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি