আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতিপর্ব অনুষ্ঠিত
ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল ২০২১ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের পরিচিতিপর্ব সম্পন্ন হলো আজ। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসের উন্মুক্ত মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের আইইউবিএটির লক্ষ্য, উদ্দেশ্য, একাডেমিক নিয়মকানুন, ক্যারিয়ার সার্ভিস, গ্রন্থাগার, তথ্যপ্রযুক্তি সহায়তা, ক্লাব কার্যক্রম ও অন্যান্য সুযোগ-সুবিধাসংক্রান্ত ভিডিও চিত্র দেখানো হয়, তুলে ধরা হয় বিশ্ববিদ্যালয়ের পরিচিতি। আইইউবিএটির উপাচার্য আবদুর রবের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন সহ-উপাচার্য হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, প্রকৌশল অনুষদের ডিন মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন মো. শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় প্রশাসনের ডিন খায়ের জাহান, রেজিস্ট্রার মো. লুৎফর রহমানসহ অনেকে। ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানিয়ে দেশের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেন বক্তারা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।