আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক আলিমউল্যা মিয়ানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক এম আলিমউল্যা মিয়ানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আইইউবিএটি ক্যাম্পাসে কোরআন খতম, দোয়া মাহফিল ও অনলাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব, বিভিন্ন বিভাগের ডিন, চেয়ার, ডিরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী ও অ্যালামনাই আলিমউল্যা মিয়ানের কবরে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর সকাল সোয়া এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ওপেন অডিটরিয়ামে অধ্যাপক এম আলিমউল্যা মিয়ানের অবদান নিয়ে উন্মুক্ত আলোচনা ও স্মৃতিচারণের আয়োজন করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়য়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য,শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের শিক্ষাবিদ এবং অ্যালামনাইয়ের অংশগ্রহণে বিশেষ ভার্চ্যুয়াল স্মরণ সভার আয়োজন করা হয়।
অধ্যাপক এম আলিমউল্যা মিয়ানের বর্ণাঢ্য জীবনের ওপর মাসব্যাপী রচনা প্রতিযোগিতা, স্মরণিকা প্রকাশ, সেমিনারসহ নানা আয়োজন চলবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।