>গত ২৭ ও ২৮ আগস্ট দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ঘুরে, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে এই ক্যাম্পাসের ছয়টি বিশেষ বিষয় তুলে ধরেছেন রাজিউল ইসলাম।

ময়নার দ্বীপে চড়ুইভাতি
কেউ কাটছেন হাঁস, কেউ পেঁয়াজ। চুলায় ফুঁ দিতে ব্যস্ত কেউ কেউ। আর ওদিকে মোবাইল ফোনে বাজছে গান। এ দৃশ্য হাবিপ্রবির ময়নার দ্বীপের। ‘ময়নার দ্বীপ’ শুনলেই চোখে ভাসে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির কথা। মানিকের ময়নার দ্বীপ মানুষ বসবাসের অনুপযোগী ছিল, যা আমরা রাসুর মুখ থেকে শুনি। কিন্তু হাবিপ্রবির ময়নার দ্বীপে গাছপালা আছে, ছায়া আছে। আড্ডাবাজি আছে, আর আছে নিয়মিত চড়ুইভাতি। এমনই এক চড়ুইভাতির দেখা মিলল সেদিন।
ক্যাম্পাসের দক্ষিণ–পশ্চিম কোণে একটি পুকুর। পুকুরের পাশে উঁচুমতো ঢিবি। গাছপালা আর বনজঙ্গলে ঢিবিটির উচ্চতা বোঝা মুশকিল। বোঝাই যায়, কোনো একসময় পুকুরকাটা মাটি একত্রে রাখার কারণে এর জন্ম। আর এই উঁচু জায়গাটিই হয়ে গেছে ময়নার দ্বীপ।
হাবিপ্রবি সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সদস্য সাজিদ, তামিম, তাওহিদা, এপি, রিমা, হ্যাপী, ইশি, রাতুন, মনীষা, অর্পণদের সঙ্গে দেখা হলো। কেউ গান গাইতে পারেন, কেউ নাচের শিল্পী, কারও পারদর্শিতা নাটক বা ছবি আঁকায়। তাঁদের দলনেতা অর্থনীতি বিভাগের সাজিদ। জানালেন, ক্যাম্পাসের এই জায়গাটা নিরিবিলি বলেই সাজিদদের মতো শিক্ষার্থীদের অনেকেই এখানে চড়ুইভাতির আয়োজন করেন।
হুটহাট আয়োজন। যেই কথা সেই কাজ। নিজেরা চাঁদা তোলেন, এরপর কেউ যান বাজারে, কেউ হলের ডাইনিংয়ে। সেখান থেকে বাসনপত্র সংগ্রহ করা হয়। সাজিদরা অবশ্য নিজেরাই কড়াই, হাঁড়ি কিনে ফেলেছেন। বললেন, ‘বিশ্ববিদ্যালয়ে সবাই ব্যস্ত থাকেন। তবু সোনালি সময়টা আমরা স্মরণীয় করে রাখতে চাই।’

মজার স্কুল
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একদম পশ্চিম প্রান্তে, হাবিপ্রবি স্কুল। স্কুল ছুটির পরও সেখানে হাজির হলে ছেলেমেয়েদের আনাগোনা দেখতে পাবেন। স্কুল থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বছর চারেক আগে ‘স্কুলের ভেতর স্কুল’ চালু করেছিলেন হাবিপ্রবির শিক্ষার্থীরা। নাম দিয়েছিলেন মজার স্কুল। মজার স্কুলে ক্লাস নেন ফাহিম, প্রদীপ, রোজ, হৃদয়, সাদিয়া, শিশির, দস্তগীর, রাসেদ, মৌসুমি, রুম্মানা, রাসেলদের মতো তরুণেরা। সবাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মজার স্কুলের প্রতিষ্ঠাতা ফাহিম জানালেন, এ স্কুলে শিক্ষকের অভাব হয় না। হাবিপ্রবির শিক্ষার্থীদের মধ্যে কারও হয়তো মন খারাপ, মন ভালো করতে তাঁরা চলে আসেন এখানে। ছোট বাচ্চাদের সঙ্গে মজার স্কুলে সময় কাটিয়ে মন ভালো হয়ে যায়। এখন মজার স্কুলে শিক্ষার্থী আছে ১১৭ জন।
শুধু বিনা মূল্যে পাঠদানের মধ্যেই ফাহিমদের কার্যক্রম সীমাবদ্ধ নেই। শিক্ষার্থীদের টিফিন খাওয়ানো হয়। মাসে একবার খাতা-কলম-পেনসিল সরবরাহ করা হয়। উৎসবে দেওয়া হয় নতুন জামাকাপড়। শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামূলক কার্টুন ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সম্প্রতি মজার স্কুলে প্রায় আড়াই শ বই নিয়ে ‘আলোর পাঠাগার’ নামে একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করা হয়েছে।

‘বাংলাদেশের মানুষ ভালো’
তাঁর নাম নিতি লামি ছানে। পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে পড়তে এসেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নিতি। খুব ভালো বাংলা বলতে ও লিখতে পারেন। এ বিশ্ববিদ্যালয়ে নিতির মতো আরও ১৮৩ জন আছেন। যাঁরা নেপাল, সোমালিয়া, ইথিওপিয়া, নাইজেরিয়া, ভারত, ভুটানসহ বিভিন্ন দেশ থেকে পড়তে এসেছেন হাবিপ্রবিতে। বাইরে থেকে পড়তে আসা শিক্ষার্থীদের ভিসাসংক্রান্ত বিষয়সহ যাবতীয় বিষয়ের দেখভাল করেন কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক বিকাশ চন্দ্র সরকার। তিনি জানান, বিদেশি শিক্ষার্থীদের মধ্যে ৩০ ভাগই ভালো বাংলা বলতে ও লিখতে পারেন।
নিতি লামি ছানে হাবিপ্রবি ক্যাম্পাসের প্রিয়মুখ। তাঁর সাংগঠনিক দক্ষতা দারুণ। ক্যাম্পাসের মিলনায়তনে জনা বিশেক শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করছিলেন তিনি, পরিষ্কার বাংলা ভাষায়। শিগগিরই হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংগঠনের একটি অনুষ্ঠান আয়োজিত হবে, এ নিয়েই কথা হচ্ছিল।
বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে ঘুরে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন নিতি লামি ছানে। কেমন লাগে বাংলাদেশ? জানতে চাইলে তিনি হাসিমুখে বললেন, ‘বাংলাদেশের মানুষ ভালো।’

ছবি থেকে ছবি আঁকি
রিয়াম রাসেল। হাবিপ্রবির কৃষি অনুষদের শেষ বর্ষের এ শিক্ষার্থীর চারুকলায় পড়ার স্বপ্ন ছিল। কিন্তু বিধি বাম, দুবার পরীক্ষা দিয়েও তিনি সুযোগ পাননি। ছোটবেলা থেকে পেনসিল স্কেচ, কার্টুন আঁকার প্রতি ঝোঁক ছিল। ২০১৭ সালের শুরুর দিকের কথা, একদিন এক বন্ধুর ছবি দেখে দেখে কলম দিয়ে ঝটপট একটা স্কেচ এঁকে দিলেন। রিয়াম রাসেলের আঁকা ছবি দেখে চমকে গেল সবাই।
এরপর তাঁর এক বন্ধু ফেসবুকে একটা পেজ খুলে দেন। পেজের নাম রাখা হয় চিলেকোঠার চিত্রপট। ব্যস, আঁকিয়ে হিসেবে ক্যাম্পাসে নাম ছড়িয়ে পড়ে রিয়াম রাসেলের। রিয়াম একটি করে ছবি আঁকেন, আর পোস্ট দেন চিলেকোঠার চিত্রপটে। লাইক, কমেন্টের সঙ্গে বাড়তে থেকে উৎসাহ, উদ্যমও।
একসময় ছবি এঁকে দেওয়ার বিনিময়ে ৩০০-৫০০ টাকা পারিশ্রমিক নিতে শুরু করেন তিনি। রাসেল জানান, ২০১৭ থেকে শুরু করে প্রায় আড়াই শ জনের স্কেচ করেছেন তিনি। একেকটি স্কেচ করতে সময় লাগে দু-তিন ঘণ্টা। রাসেল বলেন, ‘নির্দিষ্টভাবে টাকা নিই না। অনেকে খুশি হয়ে বেশিও দেয়। আবার অনেকের ছবি এমনিতেই এঁকে দিই।’
কিছুদিন আগে ক্যাম্পাসে ‘ফ্রেমে বাঁধা স্বপ্ন’ সংগঠনের চিত্র প্রদর্শনী হয়েছিল। সেখানে প্রথমবারের মতো রাসেলের দুটি ছবি প্রথম পুরস্কারও পেয়েছে।

হতাশার দেয়াল ও কয়েকটি চত্বর
হাবিপ্রবি ক্যাম্পাসের মূল ফটক দিয়ে প্রবেশ করে নাক বরাবর ১০০ গজ হাঁটলে আপনি ‘হতাশার দেয়াল’–এর দেখা পাবেন। প্রতিটি সেমিস্টারের পর শিক্ষার্থীদের ফলাফল সেঁটে দেওয়া হয় এই দেয়ালে। ফলাফল দেখে কেউ আনন্দে আত্মহারা হন, কারও মুখ হয় গোমড়া। ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাসিরউদ্দিন বললেন, ‘এক শিক্ষার্থী একবার রেজাল্ট দেখে এখানে বেহুঁশ হয়ে পড়ে গিয়েছিলেন। সেই থেকে দেয়ালটার নাম হয়ে গেছে হতাশার দেয়াল।’
শিক্ষার্থীদের মুখে মুখেই এমনিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে ক্যাম্পাসের একেক জায়গার একেক নাম। নামগুলোর পেছনে নানা গল্পও আছে। যেমন ২০১৬ সালে, ক্যাম্পাসের বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে গিয়েছিলেন মনিরুজ্জামান মীর নামের এক শিক্ষার্থী। তাঁর স্মরণে একটি রাস্তার নামকরণ করা হয়েছে মীর রোড। আবার অটোরিকশায় চড়ে ক্যাম্পাসে আসার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা গিয়েছিলেন হাবিপ্রবির শিক্ষার্থী রহিমা আক্তার রিমা। ট্রাকচালকের বিচারের দাবিতে কৃষি অনুষদ ভবনের পশ্চিম পাশের ফাঁকা জায়গাটিতে জড়ো হয়ে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা। সেই থেকে এ জায়গার নাম হয়ে গেছে রিমা চত্বর।

গবেষণা প্রতিষ্ঠান এখন চিড়িয়াখানা
দিনাজপুর শহরের বাসিন্দা মো. মিলন সরকার। ছেলেকে উটপাখি দেখাতে তিনি নিয়ে এসেছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ক্যাম্পাসের ভেতরে উটপাখি? খুলেই বলি।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ভবনের পাশেই পশুপাখি নিয়ে শিক্ষক–শিক্ষার্থীদের গবেষণার জন্য ২০১৫ সালে একটি প্রতিষ্ঠান চালু হয়েছিল। গবেষণা প্রতিষ্ঠানটিই এলাকাবাসীর চোখে হয়ে উঠেছে চিড়িয়াখানা।
জাপান, জার্মানি ও অস্ট্রেলিয়ায় প্রাণীর প্রজনন বিষয়ে পোস্ট ডক্টরেট করেছেন হাবিপ্রবির জেনেটিকস অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের প্রধান আবদুল গাফফার মিয়া। তিনিই এখানে গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছিলেন। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার জন্য ২৫ জোড়া খরগোশ নিয়ে যাত্রা শুরু করে ‘অ্যাডভান্সড অ্যানিমেল রিসার্চ ফার্ম’।
দেড় বিঘা জমির ওপর গড়ে ওঠা গবেষণা প্রতিষ্ঠানে এখন ৩২টি খরগোশ, ১৭টি উটপাখি, ৫০টি কবুতর, ২টি ফিজেন্ট পাখি, ৫টি টার্কি , ৭টি ময়ূর, বন মোরগ (রেড জঙ্গল ফাউল) ছাড়াও আছে আছিল মুরগি ও ন্যাকেট ন্যাক মুরগি। এই প্রাণীগুলো নিয়ে দুই বিদেশি শিক্ষার্থীসহ ১০ জন স্নাতকোত্তরের শিক্ষার্থী গবেষণা করছেন। পিএইচডি শিক্ষার্থী আছেন ২ জন।
বিলুপ্তপ্রায় অনেক পশুপাখি নিয়েই গবেষণা করতে চান অধ্যাপক আবদুল গাফফার মিয়া। বললেন, ‘খুব স্বল্প পরিসরে শুরু করা গেছে। এ ধরনের গবেষণা ফার্মের জন্য আরও জায়গা প্রয়োজন।’
এক নজরে
যাঁর নামে বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ ছিলেন একজন কৃষক নেতা। ১৯০০ সালে দিনাজপুরে তাঁর জন্ম। অবিভক্ত ভারতে বর্গাচাষিদের অধিকার আদায়ের লক্ষ্যে ১৯৪৬ সালে তিনি তেভাগা আন্দোলন করেছিলেন। ১৯৮৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
প্রতিষ্ঠা সাল: ১৯৯৯
শিক্ষার্থী: ১২,০০০ জন
শিক্ষক: ৩২০ জন
অনুষদ: ৯টি
বিভাগ: ৪৩টি
বিদেশি শিক্ষার্থী: ১৮৪ জন
ওয়েবসাইট: hstu.ac.bd