আন্তর্জাতিক প্রতিযোগিতায় কৃতিত্ব দেখানোয় বুয়েটে ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা
আন্তর্জাতিক চারটি প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়ে প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রতিযোগিতাগুলোয় ওই শিক্ষার্থীদের সফল তত্ত্বাবধানের জন্য চার শিক্ষককেও সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েটের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে। এর আগে গত সোমবার সন্ধ্যায় বুয়েটের কাউন্সিল ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুয়েটে এ ধরনের আয়োজন এবারই প্রথম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের সহ-উপাচার্য অধ্যাপক আব্দুল জব্বার খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটের শিক্ষক মোহাম্মদ সোহেল রহমানের তত্ত্বাবধানে আইসিপিসি-২০২১ প্রতিযোগিতায় পশ্চিম এশিয়া অঞ্চলে চ্যাম্পিয়ন হয় বুয়েট। শিক্ষক মোহাম্মদ আরিফুল হকের তত্ত্বাবধানে আই-ইইই ভিডিও অ্যান্ড ইমেজ প্রসেসিং কাপ-২০২১, জুবায়ের ইবনে আউয়ালের তত্ত্বাবধানে ওয়ার্ল্ড ফেরি অ্যাসোসিয়েশন স্টুডেন্ট ডিজাইন প্রতিযোগিতা-২০২১ ও মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল প্ল্যানেটারি এরিয়াল সিস্টেম চ্যালেঞ্জ-২০২১-এ পুরস্কার জিতেছে বুয়েট শিক্ষার্থীদের দল।
সংবর্ধনা অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন নিয়মিত করা হবে৷ তিনি আরও বলেন, ‘আমি উপাচার্যের দায়িত্ব নেওয়ার পর গবেষণা-কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি। গবেষণা-কার্যক্রম ত্বরান্বিত করতে প্রণোদনা তহবিল গঠন করা হয়েছে।’
উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি অবদান রাখতে পারে, সে জন্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস, আলাদা তহবিল গঠন, আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব এবং শিক্ষার্থীদের যাতে টিউশন করে সময় নষ্ট না করতে হয়, সে জন্য অন ক্যাম্পাস জব চালু করার উদ্যোগ নেওয়া হবে।’