গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ তিনটি মূলমন্ত্রে বিশ্বাসী। আমরা শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে সক্ষম হিসেবে গড়ে তুলতে চাই। অর্থাৎ একজন শিক্ষার্থী যে বিষয়েই পড়ুক না কেন, তাকে ওই বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। একই সঙ্গে তাদের নৈতিক, মানবিক মূল্যবোধসম্পন্ন এবং সামাজিক দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। শিক্ষার মানোন্নয়নে আমরা মোট পাঁচটি বিষয়কে গুরুত্ব দিয়ে থাকি—মানসম্মত শিক্ষা, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক, কোর্সগুলোর উন্নত পাঠ্যক্রম, দক্ষ প্রশাসনিক কর্মকর্তা এবং উন্নত ভৌত অবকাঠামো।
আমাদের উদ্দেশ্য—নৈতিক মূল্যবোধ ও কর্মমুখী শিক্ষার সমন্বয়ে দেশে প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষিত, চরিত্রবান ও প্রতিযোগিতার বাজারে টিকে থাকার মতো দক্ষ স্নাতক তৈরি করা; যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতির আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষার্থীদের শুধু স্নাতক বা স্নাতকোত্তর পাস করাই নয়, পাশাপাশি বাংলা-ইংরেজি, অর্থাৎ ভাষাগত দক্ষতা, কম্পিউটার দক্ষতা, সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের মতো গুণাবলি অর্জন করতেও সাহায্য করে। আমরা চাই এই প্রতিষ্ঠানের স্নাতকদের মধ্যে এমন সব গুণ থাকুক, যাতে কাউকেই পড়াশোনার পর বেকার থাকতে না হয়। আমরা গবেষণা করে দেখেছি, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রায় ৯০ শতাংশ স্নাতক পেশাজীবনে প্রবেশ করেছে। এটা নিঃসন্দেহে বড় সাফল্য।