আমার শিক্ষকতা এবং নিয়ন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থীদের সঙ্গে লেখক।
ছবি: সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় অনেক উঁচু-নিচু পথ পেরিয়ে মনে হচ্ছে, কাজটিতে আমি জীবনের সবচেয়ে ভালো লাগা বোধ করছি। যদিও আমাকে যে কেউ শিক্ষকতা প্রসঙ্গে প্রশ্ন করলে আমার অভিজ্ঞতা ১০০ বছরের কাছাকাছি ধরি। কারণ, দাদা, বাবা ও মা শিক্ষকতা পেশায় থাকার কারণে আমার এই পেশাগত অভিজ্ঞতার অনেকটাই আমি পেয়েছি তাঁদের কাছ থেকে। শুরুতে অনাগ্রহ থাকা সত্ত্বেও পরে মূলত মা-বাবার অনুপ্রেরণায় শিক্ষকতা শুরু করি ২০১৫ সালের ৬ জানুয়ারি।

২০০৯-১০ সালে কোচিং সেন্টারে পড়িয়েছিলাম ব্যবসায় শিক্ষার বিভিন্ন বিষয়। সেই সময়ের পর অনেক শিক্ষার্থীই পরবর্তী সময়ে আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র এবং ক্লাবের সহকারী হিসেবে কাজ শুরু করে। বরাবরই শিক্ষক হিসেবে চেষ্টা করেছি তাদের সঙ্গে পড়াশোনা অনুশীলনের ক্ষেত্রে কঠিন হতে এবং আমার অভিজ্ঞ বিষয়ের বাইরে বন্ধুতা দিয়ে দেশ, জাতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, কলা, রাজনীতি নিয়ে আলোচনা করতে।

প্রচণ্ডভাবে অনুভব করেছি, আমাদের প্রত্যেক শিক্ষকেরই কিছু বিশেষ দায়িত্ব আছে ছাত্রছাত্রীদের জীবনে। ছাত্রছাত্রীরা মা-বাবার পর শিক্ষকদের অনুসরণ করে। হঠাৎ ক্লাসে প্রোগ্রামিং করাতে করাতে আমি জিজ্ঞাসা করি, মোনালিসা শিল্পকর্মটি বিখ্যাত হওয়ার কারণ কী? অথবা সোশ্যালিজম এবং ক্যাপিটালিজমের মধ্যে তোমরা কোনটা সমর্থন করো? কেন করো? এখন একটি পাঁচ মিনিটের বিতর্ক হবে। আমি সব সময় খেয়াল করেছি, এই সময়গুলো ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে আগ্রহের মুহূর্ত থাকে। শিক্ষকতা পেশার শুরুতেই আমাদের ট্রেনিংয়ের সময় বলা হয়েছিল, শিক্ষকেরা সব সময় ছাত্রছাত্রীদের কাছে নায়কের চরিত্রে উপস্থাপিত হয়, তাই চেষ্টা করবে তা ধরে রাখতে।

লেখক

শিক্ষাজীবনের বেশির ভাগ সময় কেটেছে ভিকারুননিসা নূন স্কুল এবং কলেজে। ১২ বছরের পড়াশোনা শেষ করে ২০০৭-০৮ সেশনে শুরু করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন। সবাই বলে, শিক্ষাজীবনের মতো আনন্দের সময় আর কখনোই ফিরে পাবে না। এই মতামতকে মিথ্যা করে দিয়েছে শিক্ষকতা পেশাটি। কারণ ছাত্রছাত্রীদের জন্য আমাদের প্রতিনিয়ত আপডেটেড রেফারেন্সে নিয়ে চলতে হয়। ওদের নতুন কিছু শিখিয়ে চমকে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য! তাই শেখার ব্যাপারেও কার্পণ্য করি না আমরা কেউই। আজকের এই অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখেও আমাদের শিক্ষকতা থেমে নেই, অনেকেই আলোচনা করেছেন, আবার সমালোচনাও থেমে নেই। কিন্তু মনে রাখতে হবে, ছাত্র এবং শিক্ষক ‘তোমরা যদি থেমে যাও, তবে থেমে যাবে বাংলাদেশ’।

আমাদের কর্মব্যস্ত সেমিস্টারের মধ্যেও আমরা ছাত্র-শিক্ষক মিলে অনুদানের বিশাল এক নেটওয়ার্ক তৈরি করেছি। লাখো মানুষের পাশে খাদ্যশস্য নিয়ে দাঁড়িয়েছে অনেক ছাত্রছাত্রী। গ্রাম-থানা পর্যায়ে এই এত কাজ কখনোই সম্ভব হতো না আমার প্রিয় ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের সহযোগিতা ছাড়া। আমাকে অনুপ্রাণিত করেছে আমার শিক্ষক, আশিষ তালুকদার স্যার, তিনিই বলেছেন প্রথম, ‘চলো কিছু করি। মানুষের পাশে চলি।’ আরেকজন শিক্ষকের কথা না বললেই নয়, তিনি আমার সামাজিক কাজের, শিক্ষকতা জীবনের অন্যতম অনুপ্রেরণা, মোহাম্মদ ফরাস উদ্দিন স্যার। কর্মজীবনে এতটা সফলতা পেয়েও ব্যক্তিজীবনে এত মাটির সঙ্গে মিশে আছেন তিনি। শিক্ষক হিসেবে যেমন কঠিন এবং শক্ত, তেমনি দূরদর্শী এবং জনপ্রিয়। আমার জীবনের রোল মডেল হিসেবে তাই আমি ফরাস উদ্দিন স্যারকে অনুসরণ করি। দেশকে এতটা ভালোবাসলেই দেশের হয়ে থাকা যায়। এই প্যানডেমিক আমাদের জন্য অন্যতম শিক্ষা, সেটি হলো নিয়ন্ত্রণের শিক্ষা, দেশকে ভালোবাসার শিক্ষা, কঠিন হয়ে দায়িত্ব পালনের শিক্ষা। শিক্ষক দিবসে (৫ অক্টোবর) পৃথিবীর সব শিক্ষককে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
‘কঠিনকে করেছ তুমি সহজ,
অজানাকে জানার পথে সদা অগ্রজ।’