ইউআইইউতে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটিং, যোগাযোগ ও ইলেকট্রনিকসে উদীয়মান প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (ইটিসিসিই-২০২০) শুরু হয়েছে।

গতকাল সোমবার দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল নয়টায় অনলাইনে অনুষ্ঠিত হয়। ইউআইইউর সিএসই ডিপার্টমেন্ট ও ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাংয়ের কম্পিউটিং অনুষদ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।

সম্মেলনটির টেকনিক্যাল কো-স্পনসর আইইইই বাংলাদেশ সেকশন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মণি, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য এইচ এম জহিরুল ইসলাম, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাংয়ের সহ-উপাচার্য কামাল জুহায়রি জামলি ও বিশ্বের সবচেয়ে বড় প্রকৌশল পেশাদারদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্সের (আইইইই) বাংলাদেশ সেকশনের সভাপতি সেলিয়া শাহনাজ।

শিক্ষামন্ত্রী বলেন, এসব উন্নত মানের গবেষণা ও প্রযুক্তি দেশকে একটি ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার কাজে ও প্রযুক্তিগত উন্নয়ন ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউয়ের উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান, স্বাগত বক্তব্য দেন ইটিসিসিই-২০২০ সম্মেলনের জেনারেল চেয়ার সালেকুল ইসলাম ও আরাফাতুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের অধ্যাপক এ কে এম মুজাহিদুল ইসলাম।

সম্মেলনে বক্তারা জানান, এ বছর আমেরিকা, ইউকে, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, বাংলাদেশসহ বিশ্বের ২১ দেশ থেকে ২৮৫টি কম্পিউটিং, যোগাযোগ ও ইলেকট্রনিকস প্রযুক্তিবিষয়ক গবেষণা থেকে শক্তিশালী রিভিউ কমিটির বাছাইয়ের পর ২১ শতাংশ, অর্থাৎ মোট ৬০টি গবেষণা আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপনের জন্য গৃহীত হয়েছে।

এসব গবেষণা বাংলাদেশের কম্পিউটিং, যোগাযোগ ও ইলেকট্রনিকস প্রযুক্তি বিকাশের পাশাপাশি শিল্পোদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে। এ বছরের সম্মেলনে পাঁচটি কি-নোট স্পিস ও তিনটি ইনভাইট টক উপস্থাপন করা হবে। দুই দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশনে ১১টি এরিয়াতে বৈজ্ঞানিক গবেষণার ওপর দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। বিজ্ঞপ্তি