ইউজিসিতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ ফেলো কৃষিবিজ্ঞানী আফজাল হোসেন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলো’ হলেন কৃষিবিজ্ঞানী অধ্যাপক আফজাল হোসেন। ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ আগস্ট আফজাল হোসেন ইউজিসিতে যোগ দেন।
দেশের উচ্চশিক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য অবদানকে স্মরণীয় করে রাখতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ‘ইউজিসি-বঙ্গবন্ধু-ফেলোশিপ’ প্রবর্তন করে। ফেলোশিপ প্রদানে কলা ও মানবিক, বিজনেস, শিক্ষা ও আইন, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি অধিক্ষেত্র নির্ধারণ করে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে দরখাস্ত আহ্বান করা হয়। ফেলোশিপের জন্য দেশের নয়জন গবেষক আবেদন করেন।
ইউজিসি গঠিত কমিটি সবার আবেদন যাচাই–বাছাই করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আফজাল হোসেনকে তাঁর ‘এক্সপ্লোরিং দ্য পোটেনশিয়াল অব সিউইডস ফর প্রমোটিং দ্য ব্লু-ইকোনমি অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রস্তাবনার জন্য চূড়ান্ত মনোনয়ন দেয়। ইউজিসি সূত্র জানায়, অধ্যাপক আফজাল হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে বগুড়ার বেসরকারি বিদ্যাপীঠ পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও টিএমএসএসের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আফজাল হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ থেকে প্রথম শ্রেণিতে ১৯৭৪ সালে স্নাতক ও ১৯৭৬ সালে প্রাণরসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৮৪ সালে ভারতের হরিয়ানার জাতীয় ডেইরি গবেষণা ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ইউএস-এইড ফেলোশিপের আওতায় ১৯৮৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ে খাদ্যবিজ্ঞান ও পুষ্টি বিভাগে পোস্ট-ডক্টরাল গবেষণাকাজ সম্পন্ন করেন।