ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে প্রথম এমআইএসটি মঙ্গলবার্তা
অনলাইনে অনুষ্ঠিত হয়ে গেল ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি ২০২১)। এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) দল, এমআইএসটি মঙ্গলবার্তা। চতুর্থ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাকইউ মঙ্গলতরী।
এবারের চ্যালেঞ্জ ছিল, ‘পরবর্তী প্রজন্মের এমন মার্স রোভার নকশা করা ও বানানো, যা মানুষের পাশাপাশি ফিল্ডে কাজ করতে পারবে।’ কোভিড-১৯-এর জন্য প্রতিযোগিতাটি এবার পুরোপুরি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। বাছাইপর্ব পেরিয়ে ৩-৫ জুন ৫টি দেশের ১৩টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।
রেজিস্ট্রেশন করার পর বাছাইপর্ব হয়েছে মূলত দুই ধাপে। প্রথমে প্রাথমিকভাবে রোভারের ডিজাইন রিভিউ করা হয়েছে, তারপর সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউ করা হয়েছে। এ দুই ধাপ পেরিয়ে যে ১৩টি দল মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে, তার মধ্যে ছিল বাংলাদেশের এমআইএসটি মঙ্গলবার্তা ও ব্র্যাকইউ মঙ্গলতরী। পুরো প্রতিযোগিতা অনলাইনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
তিনটি পর্বে ছিল মূল প্রতিযোগিতা, কিছু নির্দিষ্ট বিষয়ের ওপর নম্বর দেওয়া হয়েছে। পর্বগুলো হলো ইকুইপমেন্ট সার্ভিসিং মিশন, অটোনোমাস নেভিগেশন মিশন, এক্সট্রিম রিট্রিভাল অ্যান্ড ডেলিভারি মিশন।
ইকুইপমেন্ট সার্ভিসিং মিশন পর্বে মার্স রোভারকে মানুষ করতে পারে, এ রকম কিছু কাজ করে দেখাতে হয়েছে। যেমন একটা ড্রয়ার খোলা, ওর ভেতরে একটা টুলবক্স রাখা, তারপর ওটাকে বন্ধ করে দেওয়া, কি-বোর্ডে নির্দিষ্ট কিছু টাইপ করা প্রভৃতি। এ পর্বে এমআইএসটি মঙ্গলবার্তা পেয়েছে ১০০ তে ১০০, ব্র্যাকইউ মঙ্গলতরী পেয়েছে ৪১।
অটোনোমাস নেভিগেশন মিশন পর্বে রোভারকে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পথ ধরে লক্ষ্যে পৌঁছাতে হয়, পথে বেশ কিছু মার্কার দেওয়া থাকে। এ সময় কেউ রোভারটিকে নিয়ন্ত্রণ করে না, পুরো কাজটা করতে হয় স্বয়ংক্রিয়ভাবে। ভার্চ্যুয়ালি এটা আয়োজন করার জন্য প্রতিটা দল নির্দিষ্ট মাঠ বেছে নিয়ে তার অবস্থান জানিয়েছে বিচারকদের।
বিচারকেরা বলে দিয়েছেন কোথায় কোথায় বসাতে হবে মার্কার, মানে রোভারটি কোন পথ ধরে যাবে। এ পর্বে সবচেয়ে ভালো করেছে ব্র্যাকইউ মঙ্গলতরী, পেয়েছে ৩০। দ্বিতীয় সর্বোচ্চ ভালো করেছে মিসরের ফারাওস টিম, পেয়েছে ১০। বেশির ভাগ দলই এ পর্বে শূন্য পেয়েছে, এর মধ্যে আছে এমআইএসটি মঙ্গলবার্তাও।
এক্সট্রিম রিট্রিভাল অ্যান্ড ডেলিভারি মিশন পর্বে মঙ্গলের বন্ধুর পথ ধরে ছুটতে হয় রোভারকে। খুঁজতে হয় বিভিন্ন সাপ্লাই, পৌঁছে দিতে হয় সঙ্গী নভোচারীকে। এবারে এই পর্বটি সঠিকভাবে আয়োজন করা যায়নি। তবে বিচারকেরা নভোচারীকে সাপ্লাই পৌঁছে দিতে কাজে লাগবে, এ রকম বিভিন্ন কাজ ঠিক করে দিয়েছেন। যেমন ছোট-বড় প্যাকেট নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে ছুটে যাওয়া, খাড়া পথ ধরে ওপরে ওঠা প্রভৃতি। এ পর্বে সবচেয়ে ভালো করেছে যুক্তরাষ্ট্রের হাস্কি রোবোটিকস দল। দ্বিতীয় অবস্থানে ছিল এমআইএসটি মঙ্গলবার্তা, পেয়েছে ৮০। ব্র্যাকইউ মঙ্গল-তরী এ পর্বে পেয়েছে ৫২।
সব মিলিয়ে ১৮০ পেয়ে এমআইএসটি মঙ্গলবার্তা প্রথম হয়েছে, মিসরের ফারাওস টিম ১৬০ পেয়ে হয়েছে দ্বিতীয়। হাস্কি রোবোটিকস ১৪২ পেয়ে তৃতীয় অবস্থানে আছে। চতুর্থ ব্র্যাকইউ মঙ্গল-তরী ১২৩ পেয়ে হয়েছে চতুর্থ।
বিজয়ী দলগুলো ইন্টারন্যাশনাল মার্স সোসাইটি কনভেনশনে নিজেদের রোভার প্রেজেন্ট করার সুযোগ পাবে। সূত্র : ইউআরসি মার্স সোসাইটি ডট অর্গ