ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর শুরু হচ্ছে। এ বছর পরীক্ষার কক্ষে ক্যালকুলেটর, মোবাইল–হেডফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যন্ত্র বহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে ভর্তি পরীক্ষার জন্য ১৯ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট, বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত তৃতীয় শিফট ও বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চতুর্থ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর পাঁচটি অনুষদের অধীনে আটটি ইউনিটের মোট ২২টি বিভাগের সর্বমোট ১৪৬৫টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় এক আসনে জন্য ৬০ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
পরীক্ষার্থীদের ডাউনলোড করা দুই কপি প্রবেশপত্র, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের মূল কপি সঙ্গে নিয়ে আসতে হবে। এ ছাড়া আসন বিন্যাসসহ ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iu.ac.bd –এ পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্নের জন্য আমাদের সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’