ঈদের দিনে সেই চেনা ক্যাম্পাসে
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অনেকের মতো আমাদেরও ঘোরাঘুরি একদম বন্ধ। বাসায় একমাত্র আমিই চাকরির প্রয়োজনে বাইরে যাই। ঘরে ফেরার পথে কিছু কেনাকাটা বাদে অনলাইনই ভরসা। কিন্তু আমার মতো যাঁদের বেড়ানোর বাতিক আছে, তাঁদের আর কতক্ষণই বা অনলাইন-ইউটিউবে ঘুরতে ভালো লাগে! তাই ঈদের দিন সকালে নামাজ শেষে বোনের আমন্ত্রণে তাঁর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসায় গেলাম। আমিও এখানেই পড়েছি। স্নাতক, স্নাতকোত্তর মিলিয়ে ছয় বছর হলে বসবাস আমার জীবনের সেরা সময়। তাই সুযোগ পেলেই অন্য অনেক প্রাক্তন শিক্ষার্থীর মতো আমারও পছন্দের গন্তব্য প্রায় ৭০০ একরের এই চিরসবুজ ক্যাম্পাস।
চলাচলের বিধিনিষেধের কারণে এখন ক্যাম্পাসে প্রবেশে অনেক কড়াকড়ি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের পর্যালোচনা শেষে ভেতরে যাওয়ার অনুমতি মিলল। বরাবরের মতো বোনের বাসায় ঢোকার আগেই গাড়িতে পুরো ক্যাম্পাস এক চক্কর ঘুরলাম। আগের দুই-তিন দিনের বৃষ্টির বদৌলতে সবুজ তার সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে, সঙ্গে কৃষ্ণচূড়ার লাল পাল্লা দিচ্ছে উজ্জ্বলতায়। কোনো রকমে দুপুরের খাওয়া শেষ করে বের হলাম। ছাত্রজীবনের মতো দুই পায়ের ওপর ভরসা করে হাঁটতে থাকলাম আমি, আমার স্ত্রী ও আমার বোন—তিন প্রাক্তন শিক্ষার্থী। অন্য কোথাও বেড়াতে গেলে সাধারণত না হাঁটার অজুহাত খুঁজি। কিন্তু ক্যাম্পাসের কথা আলাদা। অবশ্য বাচ্চাদের কিছুটা কষ্ট হয়েছে। তবে ঘরবন্দী অবস্থা থেকে মুক্তির আনন্দে সমানতালে সঙ্গ দিয়েছে ওরাও।
বিশ্ববিদ্যালয়ের স্কুল-কলেজ থেকে চৌহদ্দি পর্যন্ত দুই পাশে কৃষ্ণচূড়ার ফুলের সঙ্গে সেই পথ পেরিয়ে আমরা প্রান্তিক আর চৌরঙ্গির সংযোগস্থলে পৌঁছলাম। এখানে কৃষ্ণচূড়াসহ বিভিন্ন গাছের ছায়ায় পদ্মপুকুর তার সেরা রূপ তুলে ধরেছে। বলে রাখা দরকার, আমাদের সময়ে এখনকার এই পদ্মপুকুর একটা ঝোপঝাড়পূর্ণ জলাশয় ছিল। যত্নের প্রতিদানে এখন সেটি নিজেকে আকর্ষণীয় করে তুলেছে। এখান থেকে পুরোনো ট্রান্সপোর্ট এলাকা হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার পর্যন্ত রাস্তায় নানা রকম দেশি–বিদেশি গাছ ফুল-পাতায় বৃষ্টিভেজা গ্রীষ্মের সজীবতা জানান দিচ্ছে। ট্রান্সপোর্ট অফিসের উল্টা দিকে কাঁঠালচাঁপার গাছ দুটো ফুলে ফুলে একাকার, গাছের নিচে সবুজ ঘাসের গালিচায় ঝরা ফুলের বিছানা পেতে রেখেছে। লেকগুলোয় কয়েকটা বক আর জলপিপি অলস সময় কাটাচ্ছে। যদিও পুরোনো কলা ভবনের সামনের লেকের পানি খুব একটা ভালো অবস্থায় আছে বলে মনে হলো না।
করোনাকালে আমাদের জীবনযাপনে বিঘ্ন ঘটলেও প্রকৃতি তার আপন খেয়ালে নিজেকে সাজিয়ে তুলছে। অনুকূল পরিবেশের কারণে ক্যাম্পাস এখন আরও সজীব, সুন্দর। প্রকৃতি হয়তো নিজের মতো করে সবাইকে নতুনভাবে বরণ করার প্রস্তুতি নিচ্ছে।