উচ্চশিক্ষায় সশরীর এবং অনলাইন শিক্ষার সুযোগ রেখে খসড়া
দেশের উচ্চশিক্ষায় সশরীর এবং অনলাইন শিক্ষা কার্যক্রম চালানোর সুযোগ রেখে একটি নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এটি হলে কোনো শিক্ষার্থী সশরীর পাঠদানের সুযোগ থেকে বঞ্চিত হলেও রেকর্ড করা ক্লাস থেকেও লেখাপড়ার ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। এ জন্য পর্যাপ্ত মাল্টিমিডিয়া কনটেন্টের সুযোগ থাকবে।
আজ বুধবার এক ভার্চ্যুয়াল সভায় ‘ব্লেন্ডেড লার্নিং ফর বাংলাদেশ’ শীর্ষক এ নীতিমালার খসড়াটি চূড়ান্ত করা হয়। খসড়াটি সরকারের অনুমোদনের জন্য শিগগির শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে ইউজিসি।
সভার সভাপতি ইউজিসির সদস্য বিশ্বজিৎ চন্দ বলেন, এই নীতিমালা চূড়ান্ত হলে শিক্ষার্থীদের ঝরে পড়া কমবে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে তাঁদের চাকরির উপযোগী করে গড়ে তুলবে। মিশ্র শিক্ষা কার্যক্রম চালু থাকলে ভবিষ্যতে যেকোনো বিপর্যয়ে শিক্ষাব্যবস্থা চলমান রাখা সম্ভব হবে।
সভায় ইউজিসির অন্য সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।