১.
হ্যালো, ইমার্জেন্সি সার্ভিস ৯১১–এ স্বাগতম! আগুন, অ্যাম্বুলেন্স, নাকি পুলিশ প্রয়োজন? হ্যালো...হ্যালোও...হ্যালোওও! ইমার্জেন্সি সার্ভিসে ফোন করা হয়েছে, অথচ যিনি ফোন করেছেন, তিনি নিশ্চুপ। ফোনকারীর নীরবতা। তাই কী সমস্যা এবং কোন ধরনের সহায়তা প্রয়োজন, সেটা ইমার্জেন্সি সার্ভিসের লোকেরা ঠাহর করতে পারলেন না। এটা কানাডা, পুলিশের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। কম্পিউটার ডেটাবেইস থেকে ঠিকানা নিয়ে সাইরেন বাজিয়ে পুলিশের দল দ্রুতই পৌঁছে গেল ঠিক জায়গায়। বাড়ির কর্তা জানালেন, তাঁরা এই ফোন করেননি। তাহলে? জানা গেল, চার বছর বয়সী ইভান তার বাবার ফোনে গেম খেলার সময় ভুলবশত কলটি হয়েছে। তবু পুলিশ পুরো বাড়ি চেক করল। নাহ, সন্দেহজনক কোনো কিছু ঘটেনি। অসংগতি ছিল না, ক্রাইম হয়নি।
সমাজে ক্রাইম না হোক, মানুষ নিরাপদে থাকুক। আইনের শাসন নিশ্চিত করার এই নিরাপত্তার দায়িত্ব পুলিশের। তবে নিরাপদ জীবনের জন্য স্বাস্থ্য সুরক্ষা আর নিরাপত্তার বিষয়গুলোকে আমলে নেওয়া সমাজের সব মানুষের জন্য অপরিহার্য। অশিক্ষা, অজ্ঞতা, অসাবধানতা, অসচেতনতা জীবনের জন্য হুমকি। নিরাপত্তার বিষয়ে অবহেলায় হতে পারে বড় দুর্ঘটনা—শারীরিক বিকলাঙ্গ, জানমালের ক্ষতি। মুহূর্তেই হয়তোবা জীবনটাই শেষ অথবা সহায়সম্পত্তি হারিয়ে হয় নিঃস্ব। এসব এড়াতে সব বয়সী মানুষের জন্য দরকার সঠিক শিক্ষা আর পর্যাপ্ত জ্ঞান ও সচেতনতা। জীবনকে সুস্থভাবে বাঁচিয়ে রেখে উপভোগ্য করতে তাই আজকের দুনিয়ায় দিনপঞ্জিকার পাতায় স্বাস্থ্য সুরক্ষা আর নিরাপত্তার বিষয়গুলো প্রাধান্য পায়।
২.
করোনা মহামারিতে বিপর্যস্ত জনজীবনে ২০২০ সালের দিনপঞ্জিকায় প্রতিটি দিন ছিল যেন এক ঘন কালো অন্ধকার অধ্যায়। অত্যন্ত ভয়ংকর এই মহামারির বিভীষিকায় বিশ্বব্যাপী প্রায় ১৮ লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আজও হারিয়ে যাওয়ার এই সারিতে দাঁড়িয়ে আছেন হাজারো মানুষ। কিন্তু বিজ্ঞানের এই যুগে সারি সারি মানুষের অকালমৃত্যু মেনে নেওয়া যায় না। মানবসভ্যতাকে বাঁচাতে আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে থাকা বিজ্ঞানীরা গবেষণাগারে ব্যস্ত সময় কাটিয়ে আবিষ্কার করলেন করোনা ভ্যাকসিন। আরও বিস্তর গবেষণা চলছে।
সুস্থভাবে বেঁচে থাকতে সব কাজে; গবেষণাগার, শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক, চিকিৎসালয়, হাটবাজার, কমিউনিটি সেন্টার, বাসস্থান ইত্যাদি সব জায়গায় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মহামারিতে বিপর্যস্ত বছর কাটিয়ে শিক্ষা ও জ্ঞানের আলোকে কাজে লাগাতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ২০২১ সালের দিনপঞ্জিকার পাতায় গ্ল্যামারে ভরা নায়ক-নায়িকার ছবি কিংবা অন্য কিছুর পরিবর্তে সেফটি বা সুরক্ষার বিষয়কে ফুটিয়ে তুলেছে।
কানাডায় এক বড় গবেষণা প্রতিষ্ঠানেও ২০২১ সালের ক্যালেন্ডারকে সেফটিবিষয়ক চিন্তাধারার আর্টে বানানোর পরিকল্পনা করা হয়। এই বাণিজ্যিক গবেষণা প্রতিষ্ঠানে জৈব রসায়নের গ্র্যাজুয়েট, মাস্টার্স আর অনেক পিএইচডি গবেষক সুশৃঙ্খলভাবে গবেষণাকাজে লিপ্ত থেকে পৃথিবীব্যাপী বিজ্ঞানের বিভিন্ন সেক্টরে অবদান রাখছে। প্রতিষ্ঠানটির হেলথ অ্যান্ড সেফটি বিভাগের পরিকল্পনায় সব সহকর্মীর সন্তানদের ‘সেফটি ইজ আ চয়েজ ইউ মেক’ বিষয়ে সৃজনশীল কিছু আঁকতে বলা হয়েছিল। অর্থবহ সুন্দর ১৩টি আর্ট ২০২১ সালের অফিস ক্যালেন্ডারের পাতাগুলোয় শোভা পাবে। বিষয়টিতে উৎসাহিত করতে বিজয়ীরা পুরস্কৃতও হয়। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় শিশু নাবিহা ও নাশিতা তাদের মুক্ত মনে বিঁধে থাকা জীবন রক্ষার অমূল্য কথাগুলোকে আর্টে সুন্দরভাবে ফুটিয়ে তুলে বিজয়ীর দলে স্থান করে নিয়েছে। নাবিহার সেফটি অঙ্কন বিচারকদের চোখে খুব চমৎকারভাবে নাড়া দিয়ে প্রথম পুরস্কারের জন্য বিবেচিত হয়। একুশের দিনপঞ্জিকায় নিজেদের আর্ট ও পুরস্কারের ক্রেডিট কার্ড হাতে উচ্ছ্বসিত এই শিশুরা বড় হয়ে মানবকল্যাণে অনেক কাজ করার স্বপ্ন দেখে। কচি হাতের অঙ্কনে উচ্ছ্বসিত এই দুই বিজয়ীর শরীরে রসায়নবিদ মা-বাবার জিন, তাঁরাও চান কল্যাণকর কাজের স্বপ্ন নিয়ে ওরা বড় হোক।
৩.
মানবকল্যাণে কাজ করার আনন্দ অপরিসীম। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু স্বেচ্ছাসেবী মানুষের জন্য কাজ করছেন। প্রত্যক্ষভাবে। অন্যদিকে কোটি কোটি মানুষের মেধা ও শ্রম দিয়ে করা কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সভ্যতার উন্নয়নে ভূমিকা রাখে। শিক্ষা ও গবেষণায় সভ্যতার উন্নয়ন। শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে আলো ছড়ানো। আর গবেষণাকাজে নিয়োজিত থেকে প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের কারণ অনুসন্ধান করে সমাধান করা। বিজ্ঞানের বাইরেও বিভিন্ন বিষয়ে আগ্রহী জ্ঞানপিপাসু এক মেধাবী তরুণ জৈব রসায়নে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন শেষে এখন কর্মজীবনে। নাম জোসেফ ফিন্ডলে। বাকপটু এই সহকর্মী স্কটিশ বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। সেফটিবিষয়ক আলোচনায় কথা হচ্ছিল থ্যালিডোমাইড ওষুধের ব্যবহার নিয়ে। গর্ভবতী মায়েদের শরীরে বেড়ে ওঠা সন্তানের জন্য ভয়াবহ সে ইতিহাস।
ছয় দশক আগের কথা। ১৯৫৭ সাল। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই জার্মানিতে তখন থ্যালিডোমাইড ওষুধ সহজলভ্য ছিল। বিভিন্ন দুশ্চিন্তা, উদ্বেগ, বমির ফলে শারীরিক অস্বস্তিতে ভালো ঘুমের আশায় গর্ভবতী মায়েরা এই ওষুধ খেতেন। পরের বছরগুলোতে জন্ম নিয়েছে ফোকোমেলিয়ায় আক্রান্ত হাজার হাজার বিকলাঙ্গ শিশু। প্রায় ৪০ শতাংশ শিশুই জন্মের সময় মৃত্যুবরণ করে। কিন্তু কেন এই ফোকোমেলিয়া?
রসায়নে জৈব যৌগের গাঠনিক সংকেতে এনানশিওমার নামে একটি টার্ম আছে। আয়নার সামনে দাঁড়িয়ে বাঁ হাতের প্রতিচ্ছবি দেখলে মনে হয় সেটা ঠিক যেন ডান হাত। এই বাঁ হাত ও ডান হাত একটি অপরটির ওপরে রাখলে দেখা যায়, সেগুলো খাঁজে মিলছে না। অর্থাৎ দুই হাত দেখতে একই রকম হলেও আসলে সেগুলো ভিন্ন। দুটি থ্যালিডোমাইডের ত্রিমাত্রিক গাঠনিক সংকেতে একটু পার্থক্য থাকায় একটিকে আর (R) এবং অন্যটিকে এস (S) বলা হয়। থ্যালিডোমাইডের এস (S) এনানশিওমার গর্ভে জন্ম নেওয়া শিশুর হাত-পা খর্বাকৃতি হয়ে থাকে। (নেচার আর্টিকল ২০১৮)।
৪.
শারীরিক অসুস্থতা, বিকলাঙ্গ আর জীবননাশের হাজারো কারণ রয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন বিষয়ের বিজ্ঞানীরা এসব কারণ অনুসন্ধান করে নিত্যনতুন আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে সমাধান দেন। বর্তমানের করোনা মহামারিতে বেঁচে থাকার আকুতিতে সব পেশার মানুষ তাকিয়ে রইলেন বিজ্ঞানের আশির্বাদের আশায়। টিকা আবিষ্কার হয়েছে, আরও হচ্ছে। ওষুধ তৈরি হবে। তাই বলে কি চিকিৎসাই শেষ কথা? না, তা নয়। সুস্থভাবে বেঁচে থাকতে সবকিছুর আগে দরকার শিক্ষা আর সচেতনতা। স্বাস্থ্য সুরক্ষা আর নিরাপত্তার বিষয়গুলো। সচেতনতার এই শিক্ষা দরকার সব বয়সী সব মানুষের। সবাইকে গবেষক হওয়ার প্রয়োজনও নেই।
জীবনের সুরক্ষার সিঁড়িতে চলতে পা পিছলে না পড়া, পিচ্ছিল পথে সতর্ক হয়ে হাঁটা, রান্নাঘরে সতর্কতার সঙ্গে বটি-আগুন-পানির ব্যবহার, প্রয়োজন শেষে পানির ট্যাপ বন্ধ রাখা, ঘুমানোর বিছানায় বাইরে ব্যবহৃত কাপড়ে না বসা, স্মার্টফোন–জাতীয় ডিজিটালে অতিরিক্ত সময় দিয়ে ঘুম নষ্ট না করা, চোখের ক্ষতি না করা, গবেষণাগার ব্যবহারে পর্যাপ্ত সেফটি জ্ঞান থাকা, রাসায়নিক পদার্থ ব্যবহারে অত্যন্ত সতর্ক হওয়া, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়া, গাড়ি চালানোয় যথার্থ প্রশিক্ষণ নেওয়া ও ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ছাড়া বাইক না চালানো ইত্যাদি। এ রকম হাজারো সতর্কতা আর সচেতনতা দরকার সবার। সব সময়ের জন্য।
*লেখক: পিএইচডি, রিসার্চ সায়েন্টিস্ট (জৈব রসায়ন), টরন্টো, কানাডা। [email protected]