এবার কি স্কুলে ফিরছি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাঁকা ক্লাসরুমগুলো কি শিগগিরই আবার প্রাণ পাবে?
প্রতীকী ছবি

বাড়ির পাশেই স্কুল, তাই রোজই কারণে–অকারণে দোতলা দালানটির পাশ দিয়ে হেঁটে যায় লিমা আখতার। তবে এখন আর সেই আগের মতো সহপাঠীদের কোলাহল ভেসে আসে না ধামরাইয়ের আলহাজ জামালউদ্দিন উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে। লিমাও ঘুম থেকে উঠে ইউনিফর্ম পরে পা বাড়ায় না স্কুলের বাগানবিলাশ জড়ানো ফটকের দিকে—প্রায় দেড় বছর হতে চলল। স্কুলজীবনের শেষ বর্ষ স্কুলে কাটবে না, কেটে যাবে টেলিভিশনের ক্লাস আর বাড়ির চার দেয়ালে—কখনো ভাবেনি এই এসএসসি পরীক্ষার্থী।

করোনা মহামারির প্রকোপে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। সেই থেকে সংক্রমণের হার অনিয়মিতভাবে ওঠানামা করায় বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। শিক্ষা কার্যক্রম চলছে টেলিভিশন ও অনলাইন ক্লাসের মাধ্যমে। তবে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু ঠিক থাকলে দুই মাস ক্লাস হওয়ার পর জানানো হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ।

'বারবার কলেজ খোলার তারিখ পেছানোর কারণে মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে গেছি,' বলল ঢাকার বিসিআইসি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারুক রহমান। যান্ত্রিক ত্রুটি, নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও বিদ্যুৎ–সংযোগের অভাবে দেশের অনেক শিক্ষক-শিক্ষার্থীকেই অনলাইনে ক্লাস করতে বেগ পেতে হচ্ছে। ঢাকা কমার্স কলেজের শিক্ষকেরা ক্লাসের চেয়ে বরং জোর দিচ্ছেন বাড়ির কাজের ওপর, জানা গেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তামীম সরকারের কাছ থেকে। সে বলল, 'অনেক সময় বিদ্যুৎ বা ইন্টারনেট না থাকায় আমাদের ক্লাসগুলো ঠিকমতো হয় না, আর হলেও স্যারদের কথা অস্পষ্ট শোনা যায়। এসব কারণে উপস্থিতির হার প্রায় ৪০ শতাংশ।'

দিনাজপুরের শিক্ষার্থীদের মধ্যে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া। অনেক এসএসসি পরীক্ষার্থী ইতিমধ্যেই তাদের সংক্ষিপ্ত সিলেবাস শেষ করেছে অনলাইন ক্লাসের মাধ্যমে কিংবা নিজ উদ্যোগে। 'স্কুল খুলে পরীক্ষার নির্দিষ্ট সময় দেওয়া হোক। যেন সেই সময়ের মধ্যে আমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারি,' মুঠোফোনে বলছিল দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুমতাহিনা নাজনীন। একই বর্ষের দিনাজপুর জিলা স্কুলের শাদমান হোসেন খান বলল, 'রিভিশন হয়ে গেছে। তাই যত দিন না পরীক্ষার তারিখ নিশ্চিত হচ্ছে, আপাতত আর নতুন করে কিছু পড়ছি না।' দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষার্থী শাহনাজ রায়হান অবশ্য পরীক্ষার আগের দুই মাস সময়ে সন্তুষ্ট হতে পারছে না। সে বলল, 'স্কুল-কলেজ খোলার পরে দুই মাস না, আরও বেশি সময় প্রস্তুতির সুযোগ দিয়ে পাবলিক পরীক্ষা নেওয়া উচিত।'

নিজ উদ্যোগে বা অনলাইন ক্লাসে সিলেবাস শেষ করা হলেও অনেক ক্ষেত্রেই তার সুফল পাওয়া যাচ্ছে না বলে মনে করে সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের সাদিয়া আঁখি এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ফারিয়া সুলতানা। ফারিয়া জোরগলায় বলল, 'পরীক্ষা চাই, অটো পাস নয়।'