কবে খুলবে বিশ্ববিদ্যালয়

আগামী ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কবে খুলবে, সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এরই মধ্যে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কী ভাবছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবীন খান
দেশের প্রায় সব প্রশাসনিক, অর্থনৈতিক কার্যক্রম সচল থাকলেও কেবল শিক্ষাপ্রতিষ্ঠান অচল হয়ে আছে। শিক্ষার্থীদের প্রতি সরকার ও বিশ্ব মহল যে বিশেষ নজর দিচ্ছে, তা প্রশংসনীয় হলেও ক্ষতির মাত্রা কিন্তু কম নয়। ক্যাম্পাস খোলা মাত্রই জমে থাকা সব পরীক্ষা, পিছিয়ে থাকা পড়ালেখা নিয়ন্ত্রণে আনার একটা হিড়িক পড়বে; যা দীর্ঘ বিরতির পর কতটুকু শিক্ষার্থীবান্ধব হবে তা ভেবে দেখার মতো। সময় যত গড়াবে, প্রাতিষ্ঠানিক চাপ তত বাড়বে এবং শিক্ষার্থীরা আরও কোণঠাসা হয়ে যাবে। শিগগিরই টিকা নিশ্চিত করে ক্যাম্পাস খুলে দেওয়া জরুরি। যেহেতু ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়েছে, তাই চাকরির আবেদনের বয়সসীমা নিয়েও সরকারের নতুন করে ভাবা উচিত।
নবীন খান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
রিদওয়ানা নওরোজ
করোনার আগের সময়ের দিকে তাকালে দেখি, আমরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ‘সেশনজট’ শব্দটি প্রায় ভুলেই গিয়েছিলাম। করোনার কারণে আবার সেই আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সোয়া ৮ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবনে নেমে এসেছে অনিশ্চয়তা, অস্থিরতা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস নিয়মিত হলেও অনলাইনের পড়াশোনার মান সম্পর্কে প্রশ্ন থেকেই যায়। আমি মনে করি, বর্তমান পরিস্থিতি উত্তরণে আমাদের নানা বাধার সম্মুখীন হতে হলেও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হোক, যেন আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে না পড়ে।
রিদওয়ানা নওরোজ, শিক্ষার্থী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
সাহিদুল ইসলাম ভূঁইয়া
পড়ালেখা থেকে দূরে থাকায় বিরূপ প্রভাব পড়েছে আমাদের শিক্ষাজীবনে। ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা দিন দিন বাড়ছে। তার সঙ্গে বাড়ছে মানসিক চাপ। এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া খুব জরুরি হয়ে পড়েছে। টিকা নিশ্চিত হলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আটকে থাকা পরীক্ষাগুলো হয়তো দ্রুত পাঠ পরিকল্পনার মাধ্যমে শেষ করা সম্ভব হবে। আমাদের শিক্ষা জীবনের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যাবে।
সাহিদুল ইসলাম ভূঁইয়া, দর্শন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
সামিয়া হক
একটা সময় শিক্ষক ও শিক্ষার্থীদের সশরীরী উপস্থিতি ও চিন্তা-চেতনা-ভাবনা প্রকাশের মূল কেন্দ্র ছিল ক্লাসরুম। এখন করোনা মহামারির ভয়াবহ সংকটে বন্ধ হয়ে আছে ক্লাসরুমের দরজা। যখন শিক্ষাজীবন থেকে কর্মজীবনে প্রবেশ করার কথা, তখন প্রহর গুনছি শিক্ষাজীবন শেষ হবে কবে? প্রায় ১৪ মাস শেষ হচ্ছে এই অপেক্ষার। জীবন থেকে ঝড়ে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। যেখানে সাধারণ সময়ে একজন শিক্ষার্থী স্নাতকোত্তর শেষ করে ২৫-২৬ বছর বয়সে, সেখানে আরও এক-দেড় বছর যোগ হওয়া মানে স্বপ্ন থেকে আরও পিছিয়ে যাওয়া। মানবজাতির দীর্ঘ ইতিহাস বলছে, আমরা নানা দুর্যোগ থেকে সব সময়ই বেঁচে ফিরেছি, ঘুরে দাঁড়িয়েছি নতুন উদ্যমে। যদি যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, আমার দৃঢ় বিশ্বাস—শিক্ষার ওপরে যে প্রভাব পড়েছে, তা থেকে কিছুটা হলেও উত্তরণ সম্ভব।
সামিয়া হক, আইন বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
নূর আলম রিসাদ
স্কুল-কলেজ খুলে দেওয়া নিয়ে আলোচনা চলছে, কিন্তু বিশ্ববিদ্যালয় খোলার তেমন কোনো পরিকল্পনা এখনো সরকার নেয়নি। যার কারণে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি আমার ভবিষ্যৎ নিয়ে অনেকটাই সংশয়ের মধ্যে আছি। আমাদের বিভাগের শিক্ষকেরা অনলাইনে ক্লাস নিচ্ছেন। কিন্তু গ্রামে ইন্টারনেট দুর্বল হওয়ার কারণে অনেক সময় ঠিকমতো ক্লাস করতে পারি না। পড়া বুঝতেও সমস্যা হয়। তাই আমার পরামর্শ-যত দ্রুত সম্ভব সরকারের উচিত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা। এ জন্য প্রতিটা বর্ষকে আলাদা আলাদাভাবে ভাগ করে পর্যায়ক্রমে তাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
নূর আলম রিসাদ, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
তানজিলা আক্তার
অনিশ্চয়তায় ধুঁকছে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ। দেশের বর্তমান প্রযুক্তিব্যবস্থা বিবেচনায় নিলে সর্বস্তরে অনলাইনে ক্লাস বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। একে তো যথাযথ ডিভাইস নেই, তার ওপর খরচ বহন করাও অনেকের পক্ষে সম্ভব না। এখন অনলাইনে ক্লাসকে শুধু মানসিক চাপ বলে মনে হয়। যদি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে অটুট থাকে যে অনলাইনেই ক্লাস চলবে, তাহলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্যথায় একটি অংশ উপকৃত হবে, আর অন্যদিকে বড় একটা অংশ হয়তো পিছিয়ে পড়বে।
তানজিলা আক্তার, ফার্মেসি বিভাগ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি