করোনাকালীন ঢাবিতে পরিবহন ও আবাসিক ফি মওকুফ
করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাকার্যক্রম। এ সময় বন্ধ আছে শিক্ষার্থীদের বহনকারী বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও আবাসিক হল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক ফি মওকুফের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, হল-হোস্টেলের প্রাধ্যক্ষসহ প্রশাসনের সব পর্যায়ে এই বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে ২০২০ সালের মার্চ থেকে শুরু করে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে। ইতিমধ্যে যেসব শিক্ষার্থী এসব ফি পরিশোধ করেছেন, তা যথাসময়ে সমন্বয় করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক সব শিক্ষার্থীকেই ১ হাজার ৮০ টাকা পরিবহন ফি দিতে হয়। আর আবাসিক শিক্ষার্থীদের ফি হিসেবে হল ভেদে ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। করোনাকালে এসব ফি মওকুফের দাবি জানিয়ে আসছিল ছাত্রলীগ ও বাম ধারার সংগঠনগুলো।