করোনায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কিছু কথা
করোনার থাবায় আমাদের দেশও বিপর্যস্ত। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক বছরের বেশি সময় ধরে বন্ধ। এ অবস্থায় শিক্ষার্থীদের চেয়েও বেশি হতাশাগ্রস্ত অভিভাবকেরা। সন্তানেরা স্কুলে যেতে পারছে না। ঘরে বসে অলস দিন পার করছে। এ অবস্থা কি কারও কাম্য হতে পারে? পড়াশোনা ছেড়ে ঘরে বসে আর কত দিন অলস দিন কাটাবে আমাদের সন্তানেরা?
এ অবস্থা থেকে শিগগিরই পরিত্রাণ পাওয়া যাবে এমন আশা করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে টানেলের শেষ প্রান্তে ক্ষীণ আলোর রেখা দেখা দিলেও পরক্ষণেই তা হতাশার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। জীবন তো এভাবে চলতে পারে না। কিছু না কিছু তো করতেই হবে। আর শিক্ষার্থীদের এ ক্রান্তিকালটা সঠিকভাবে অতিক্রম করতে হবে শিক্ষক, অভিভাবক আর শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায়।
আজকাল একটা বিষয় আমার খুব মনে পড়ছে। নবম শ্রেণিতে পড়ার সময় আমাদের জীববিজ্ঞানে অ্যামিবার একটা অধ্যায় ছিল। সেখানে পড়েছিলাম প্রতিকূল অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য অ্যামিবা একটা সিস্ট/খোলসের মধ্যে ঢুকে পড়ে। প্রয়োজনে আকৃতিও পরিবর্তন করে ফেলতে পারে। প্রচলিত ক্ষণপদ গুটিয়ে নতুন ক্ষণপদ তৈরি করে দিক পরিবর্তন করতে পারে। প্রয়োজনে স্পোরোলেশন প্রক্রিয়ায় এক অ্যামিবা ভেঙে গিয়ে শতাধিক অ্যামিবায় পরিণত হতে পারে। এ রকম অসাধারণ অভিযোজনের ক্ষমতা আছে তার। বর্তমান কোভিড-১৯-এরও একই অবস্থা। দেশ, কাল বা পরিবেশ বুঝে এটা নিজের অবস্থার পরিবর্তন করে বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন শক্তিতে আবির্ভূত হচ্ছে। এক অবস্থার চিকিৎসা সম্পর্কে একটু ধারণা পাওয়া গেলেও এটা ক্রমেই অন্য অবস্থায় চলে যাচ্ছে। ফলে কোন অস্ত্রটা প্রয়োগ করলে ওকে ঘায়েল করা যাবে, সেটা নির্ণয় করা যাচ্ছে না।
আবার ডারউইনের বিবর্তন তত্ত্বের দিকে একটু লক্ষ করুন। এর মূল কথা হলো ‘Survival of the fittest’ মানে ‘যোগ্যতমের ঊর্ধ্বতন’। অর্থাৎ যোগ্যতমরাই টিকে থাকবে পৃথিবীতে। আমার মনে হচ্ছে করোনা নিজেকে যোগ্যতম প্রমাণ করতে সর্বাত্মক চেষ্টাটাই চালাবে। আর মানুষই বা ছেড়ে কথা বলবে কেন? সৃষ্টির সেরা জীব হিসেবে তার তো করোনাকে নির্মূল করা ছাড়া অন্য কোনো বিকল্পই নেই। আর নির্মূল যদি না–ও করতে পারে তবে অন্তত নিয়ন্ত্রণ তো করোনাকে করতেই হবে। তা না হলে তার শ্রেষ্ঠত্ব বলে তো কিছুই থাকবে না। তাই হার–জিতের এই খেলাটা দুপক্ষই অব্যাহত রাখবে। শেষ পর্যন্ত যে মানুষই জিতবে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এই বিজয়টা যে সহসাই আসবে এমন লক্ষণ দেখা যাচ্ছে না। তাই যত দিন না করোনার প্রকৃত ওষুধ আবিষ্কার হবে, তত দিন আমাদের শিক্ষার্থীদের আগলে রাখার জন্য বিকল্প পথ তো খুঁজতে হবেই। একেবারে একাত্তরের গেরিলাদের মতো। জানি, করোনাও সেভাবেই এগোবে। হোক না কিছুদিন ইঁদুর–বিড়ালের জমজমাট খেলা। কোনো একদিন খেলাটা শেষ তো হবেই।
এ ক্রান্তিকালে আমাদের শিক্ষার্থীদের সঠিক পথে রাখার জন্য শিক্ষকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরামর্শ আর সাহস দিয়ে শিক্ষার্থীদের মনোবলকে চাঙা রাখতে হবে এ সময়। স্বাস্থ্যবিধি মানা, অযথা বাড়ি থেকে বের না হওয়া, করোনাকে ভয় না পেয়ে বরং সতর্ক থাকা, প্রয়োজনীয় ও পরিমিত পুষ্টিকর খাবার খাওয়া, ব্যায়াম করা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা খুবই জরুরি। অনলাইনে ক্লাসতো হচ্ছেই এই ক্লাসের ফাঁকে ফাঁকেই শিক্ষার্থীদের মনোবলকে চাঙা রাখতে প্রয়োজনীয় টিপস দিতে হবে। আর আমাদের ফেসবুক–মোবাইল তো আছেই। এ ছাড়া অনেক শিক্ষার্থীর সঙ্গে আমাদের ব্যক্তিগত যোগাযোগ তো থাকেই। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে চাঙা রাখার জন্য আমাদের এ সবগুলো মাধ্যমকেই কাজে লাগাতে হবে।
করোনায় শিক্ষার্থীরা সিংহভাগ সময় অতিবাহিত করছে অভিভাবকদের সঙ্গে। স্কুল কখন খুলবে না খুলবে এমন নির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায় শিক্ষার্থীদের এবং অভিভাবকদের মানসিক অস্থিরতার মধ্য দিয়ে দিন যাচ্ছে। তবে এ ক্ষেত্রে অভিভাবকদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কারণ শিক্ষার্থীকে সান্ত্বনা দেওয়া, তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, তাকে পড়াশোনার মধ্যে রাখা, ধর্মীয় বিধিবিধানগুলো মানতে সচেতন ও সহযোগিতা করা, তার সুস্থ চিত্তবিনোদনের ব্যবস্থা করা, স্কুলের সঙ্গে যোগাযোগ রক্ষার ব্যবস্থা করা, তাকে স্বাস্থ্য বিধি মানতে সহযোগিতা ও উদ্বুদ্ধ করা, তাকে অপ্রয়োজনে ঘরের বাইরে যেতে না দেওয়া ইত্যাদি দায়িত্ব তাঁদেরই। মনে রাখতে হবে একজন শিশু বা কিশোর সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এ ছাড়া এ পরিস্থিতিতে সারা বছর ঘরে থাকতে গিয়ে মানসিকভাবেও একধরনের অস্থিরতার মধ্যে পড়তে হচ্ছে তাদের। তাই অভিভাবকদের তার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তার সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং এগুলোর সমাধানের ব্যবস্থা করে তাকে সঠিকভাবে পরিচালিত করে যথাসম্ভব পড়াশোনার মধ্যে রাখতে হবে। ইদানীং ফেসবুকে বিভিন্ন অনলাইন স্কুলের খুব ভালো ভালো ক্লাস পাওয়া যাচ্ছে।
স্মার্টফোনের মাধ্যমে এগুলো দেখার সুযোগ করে দিতে হবে। প্রয়োজনে পাঠ্যবইয়ের পাশাপাশি চিত্তবিনোদনের জন্য অন্যান্য ভালো ভালো বই পড়ার এবং টেলিভিশনের মাধ্যমে দেশ–বিদেশের ভালো ভালো প্রোগ্রামগুলো দেখার সুযোগ করে দিতে হবে।
করোনা পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো শিক্ষার্থীরা নিজেরা। সব শিক্ষার্থীরই বড় হয়ে কিছু করার স্বপ্ন থাকে। সবাই যে লক্ষ্যে পৌঁছার জন্য গুছিয়ে কাজ করতে পারে এমন নয়। তবে কিছু শিক্ষার্থী তো এমন আছেই যারা ছোটবেলা থেকেই স্বপ্ন পূরণে আন্তরিক অঙ্গীকার নিয়ে অগ্রসর হয়। তাদের অধিকাংশই পৌঁছে যায় স্বপ্নের ঠিকানায়। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় এসব শিক্ষার্থীই হতাশায় ভুগছে বেশি। বদ্ধ পরিবেশে বেকার বসে থাকা স্বপ্নবাজ এসব তরুণদের স্বভাবের সঙ্গে মেলে না। তাই তাদের মানসিক অস্থিরতায় ভোগাটাই স্বাভাবিক। তবে শুধু এসব উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থী নয়, সবাইকে মনে রাখতে হবে যে জীবন সব সময় একভাবে যায় না। তাই প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না। মহান আল্লাহ তাআলার ওপর ভরসা রেখে আর তাঁর দেওয়া বিধিবিধানগুলোকে মেনে মনকে চাঙা রাখতে হবে। লক্ষ্যে পৌঁছার কাজ কোনোমতেই থামিয়ে বসে থাকলে চলবে না। প্রয়োজনে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সঙ্গে পরামর্শ করে নিজের বাসায় বসেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখন তো যোগাযোগের অনেক সহজ ও শক্তিশালী মাধ্যম আছে।
মোবাইল, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদির মাধ্যমে খুব সহজেই শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যেতে পারে। এসব মাধ্যমে বন্ধুবান্ধবের সঙ্গেও যোগাযোগ করে ঘরে বসেই গ্রুপ ওয়ার্ক করা যেতে পারে। বিভিন্ন ফেসবুক পেজে খুব সহজেই বেশ ভালো মানের অনলাইন ক্লাস পাওয়া যায়। এগুলোকে ভালোভাবে কাজে লাগানো দরকার। আর পাঠ্যবইয়ের পাশাপাশি মনের খোরাক মেটানোর জন্য গল্প–উপন্যাসও পড়া দরকার। ইউটিউবে ভালো মানের শিল্পগুণসম্পন্ন অনেক নাটক-সিনেমা পাওয়া যায়। এগুলো দেখলেও মন প্রফুল্ল হবে। সর্বোপরি স্বাস্থ্যবিধি মানা আর সহজ কিছু ব্যায়াম করা জরুরি। এভাবেই বর্তমান পরিস্থিতিতে খাপ খাইয়ে নিজের জীবনের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই কোনো অবস্থাতেই হাল ছেড়ে দিয়ে বসে থাকা যাবে না।
শিক্ষার্থীদের জীবনে এসএসসি পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এসএসসিতে আর অটো পাসের সুযোগ দেওয়া কোনোমতেই উচিত হবে না। বরং যে সংক্ষিপ্ত সিলেবাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে তার আলোকে যেকোনো মূল্যেই পরীক্ষাটি নেওয়া জরুরি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলার পর সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়া হবে। আমি মাঠপর্যায়ে কাজ করি। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে আমার প্রতিনিয়তই যোগাযোগ হয়। তাদের পড়াশোনা ও মানসিক অবস্থার খবর কমবেশি জানা। যত দূর জানি বিভিন্ন মাধ্যমের (যেমন বিভিন্ন অনলাইন স্কুলের ক্লাস, প্রাইভেট টিউটরের সাহায্য, বাসায় নিজের ব্যক্তগত প্রচেষ্টা ইত্যাদি) সহযোগিতায় ইতিমধ্যেই শিক্ষার্থীরা পরীক্ষার মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাই করোনা পরিস্থিতির উন্নতি হলেই পরীক্ষা দেওয়ার ব্যাপারে তারা উন্মুখ হয়ে আছে। পরীক্ষাটা ভালোয় ভালোয় হয়ে গেলেই হয়। আর তখন অভিভাবকদের বুকের ওপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা বড় ধরনের দুশ্চিন্তার একটা বোঝা নেমে যাবে। তাঁদের বুক আর মাথা দুটোই হালকা হয়ে যাবে।
১৯৯১ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু। ২৭ বছর পর ২০১৮ সালে একটা প্রমোশন পেয়েছি। অবসরের আগে আর কোনো প্রমোশন পাব কি না জানি না। এতেও খুব একটা দুঃখ বা কষ্ট নেই। কারণ আমার সঙ্গে যোগ দেওয়া অনেকেই ৩০ বছর ধরে এখনো সহকারী শিক্ষক হিসেবেই আছেন। তাঁদের কষ্টের তুলনায় আমার কষ্টটা একেবারেই নগণ্য। কিন্তু খুব কষ্ট পাই যখন দেখি করোনায় আমার কোমলমতি প্রিয় সন্তানসম শিক্ষার্থীদের এক বছরের অধিক মূল্যবান সময় তাদের সবচেয়ে প্রিয় জায়গা স্কুলের বাইরে থাকতে হচ্ছে। আরও কত দিন পর তারা স্বাভাবিক শিক্ষাজীবনে ফিরতে পারবে কে জানে। শিক্ষার্থীদের জীবনে এর চেয়ে হতাশার আর কি হতে পারে? খুব ইচ্ছা ছিল অবসরে যাওয়ার পূর্বে শিক্ষার্থীদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। আইডিয়া ব্যাংকে একটা ইনোভেশন আইডিয়াও জমা দিয়েছিলাম। শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী করার আইডিয়া। স্কুলে কিছু কাজ শুরুও করে দিয়েছিলাম। শিক্ষার্থীরাও আনন্দচিত্তে অংশগ্রহণ করতে শুরু করেছিল আমার আইডিয়া বাস্তবায়নের কার্যক্রমে। আইডিয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাকে ডাকা হবে বলেও এটুআই থেকে জানানো হয়েছিল। কিন্তু সর্বনাশা করোনার কারণে কিছুই হলো না। আমার এ আইডিয়াটি কোনো দিন আলোর মুখ দেখবে তো?
পৃথিবীতে মহামারি এর আগেও অনেকবারই এসেছে। প্রাণহানিও হয়েছে অনেক। দু–দুটো বিশ্বযুদ্ধও সংঘটিত হয়ে গেছে। কিন্তু পুরো পৃথিবী কখনো একেবারে স্তব্ধ হয়ে যায়নি। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশকে একেবারেই স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু তা পেরেছিল মাত্র নয় মাসের জন্য। কিন্তু করোনা এবার সর্বকালের সব রেকর্ড একেবারে ভেঙে দুমড়েমুচড়ে দিয়েছে। পৃথিবীকে এক বছরের চেয়ে বেশি সময় ধরে একদম টুঁটি চেপে ধরে রেখেছে। তবুও আমি আশাবাদী। করোনা একদিন হারবেই। অমাবস্যার অন্ধকার পেরিয়ে পৃথিবীর সব মানুষের কাছে আলো ঝলমলে আকাশ একদিন ধরা দেবেই ইনশা আল্লাহ। আনন্দঘন সেই পরিবেশে প্রাণ খুলে নিশ্বাস নেওয়ার প্রত্যাশায় রইলাম আমরা সবাই।
*লেখক: মো. মোতাহার হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়, মোহনগঞ্জ, নেত্রকোনা।