করোনায় স্কুল খোলা অবান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী দীপু মনি।
ছবি: বাসস

করোনা সংক্রমণের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি তুলেছেন বিরোধী দলের সাংসদেরা। জবাবে উচ্চ সংক্রমণের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি অবান্তর বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তবে তিনি জানান, শিগগিরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আজ বুধবার সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার সময় বিরোধী দলের সাংসদদের বিভিন্ন ছাঁটাই প্রস্তাবের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এর আগে জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাঁটাই প্রস্তাবের ওপর তাঁদের বক্তব্য দেন। এ সময় কোনো কোনো সাংসদ স্কুল খুলে দেওয়ার দাবি করেন। অবশ্য এর বিরোধিতা করেন জাতীয় পার্টির (জাপা) সাংসদ কাজী ফিরোজ রশীদ।

শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞানকে নিয়ে চলতে হবে। বিজ্ঞান অস্বীকার করে বৈশ্বিক সংকট করোনা অতিমারির মধ্যে চলতে পারি না। বিজ্ঞান বলছে, শতকরা ৫ শতাংশ বা তার কমে সংক্রমণের হার না নামা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাস্থ্যসম্মত নয়। বিজ্ঞানসম্মত নয়। এখন সংক্রমণের হার প্রায় ২৪ শতাংশ। কোনো কোনো জেলায় সংক্রমণ ৫০ শতাংশ বা তারও বেশি। এই সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি আদৌ যৌক্তিক কি না, তা ভেবে দেখার দরকার আছে। কারণ, এই সংসদ জাতির জন্য সিদ্ধান্ত গ্রহণ করে।
তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলো বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করেছিল। তারা খোলার পরে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর আবারও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। উন্নত দেশগুলোতে যেখানে শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা ২০–২৫ জনের বেশি নয়। সেখানে আমাদের এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গায়ে গায়ে বসতে হয়। সেখানে খোলার প্রশ্নটা একেবারেই অবান্তর।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময়ে অভিভাবকদের সঙ্গে আমার কথা হয়। এ সময় খোলা হলে তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে একবাক্যে জবাব দেন। তাঁরা বলেন সন্তানদের মেরে ফেলার জন্য পাঠাতে পারি না।’

শিগগিরই এসএসসি এইচএসসির সিদ্ধান্ত

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশ এমনকি উন্নত বিশ্বের দেশগুলোও পাবলিক পরীক্ষা বাতিল করেছে। কোনো কোনো দেশ প্রেডিকটেড গ্রেড দিচ্ছে। আমরা সেখানে ২০২০ সালের এসএসসি পরীক্ষা নিয়ে ফেলেছিলাম। এইচএসএস পরীক্ষা শুরুর দুই–তিন দিন আগে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। পরে আমরা জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে তার ফলাফল দিয়েছিলাম। আমরা যেভাবে বিচার–বিশ্লেষণ ও টালি করে ফলাফল দিয়েছি, দু–একটি ব্যক্তিক্রম ছাড়া পরীক্ষা হলে শিক্ষার্থীদের ফলাফল এ রকমই হতো।

এ বছরের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কী পদ্ধতি আমরা করব সবকিছুই আমরা জানাব। তবে শিক্ষার্থী–অভিভাবকসহ সবাইকে বলব উদ্বিগ্ন হবেন না। বৈশ্বিক সংকট চলছে। এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব ক্ষেত্রে সেভাবে সিদ্ধান্ত নিচ্ছি। একইভাবে শিক্ষাক্ষেত্রে সিদ্ধান্ত হবে। এটি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সেক্টর। অবশ্যই আমরা প্রজ্ঞা, জ্ঞানের সবকিছু প্রয়োগ করে সিদ্ধান্ত নেব।’

মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষা জীবন সারা বিশ্বেই ব্যত্যয় ঘটেছে। আমাদের এখানেও কিছুটা ঘটেছে। কিন্তু তাদের যাতে দীর্ঘ মেয়াদে কোনো ক্ষতি না হয়ে যায় এর জন্য সর্বোচ্চ নজর রাখছি। আমরা কেভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ গ্রহণ করেই সিদ্ধান্ত গ্রহণ করে থাকি।’

বিকল্প সময়ে সরকার দ্রুত সময় পাঠদান শুরু করেছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যত দ্রুত সক্ষম হয়েছি, বিশ্বের আর কোথাও এত দ্রুত শুরু করেনি। যে কারণে বিশ্বে শিক্ষা নিয়ে কোনো সভা হলে বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে এবং টেলিভিশনের মাধ্যমে পাঠদানের বিষয়টির প্রশংসা করা হয়।’ সংসদ টেলিভিশন ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য এ সময় তিনি প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিভিন্ন জরিপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেশি-আন্তর্জাতিক নানা ধরনের জরিপ বলছে, ৪৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত শিক্ষার্থী অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে পাঠদান গ্রহণ করতে পারছে। সর্বনিম্নটা ধরে নিয়ে আমরা এই হার বাড়াতে অ্যাসাইনমেন্ট পদ্ধতিতে গেছি। এতে ৯৩ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। স্বাভাবিক পাঠক্রমে এর চেয়ে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে না। ফলে সাইনমেন্টের মাধ্যমে আমরা স্বাভাবিক সময়ের মতো পর্যায়ে পৌঁছাতে পেরেছি।’

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবার মধ্যে অ্যাসাইনমেন্টের বিষয়ে সন্তুষ্টি রয়েছে বলে মন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, ‘সবাই এই পদ্ধতিকে ভালো বলে গ্রহণ করেছেন। বিশেষজ্ঞরাও এটার পক্ষে মত দিয়েছেন। আমরা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে বিকল্প যেকোনো পদ্ধতি গ্রহণ করছি। সিদ্ধান্ত গ্রহণ করছি।’

শিশুদের মাধ্যমে আক্রান্ত হতে পারেন অন্যরা

মন্ত্রী বলেন, বলা হয় শিশুদের ইমিউনিটি অনেক বেশি। শিশুরা কম সংক্রমিত হচ্ছে, এটা যেমন বলা হচ্ছে আবার বিজ্ঞান বলছে, শিশুদের মাধ্যমে ছড়ানোর আশঙ্কা অনেক বেশি। তারা নিজেরা হয়তো আক্রান্ত হলে তাদের সিমট্রম হয়তো থাকবে না, কিন্তু বাড়িতে গিয়ে তাদের বাবা-মাসহ অন্যদের সংক্রমিত করার আশঙ্কা থেকে যাবে। সেটাকে বিবেচনায় রাখতে হবে।

অনলাইনে পাঠদানে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, এ জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। মনোরোগ বিশেষজ্ঞদের যুক্ত করা হচ্ছে। প্রতিটি জেলায় অন্তত একজন করে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে। তার মাধ্যমে মাঠ প্রশাসনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সাংসদদের শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়া

ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনাকালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদদের সভাপতি থাকতে পারবেন না বলে আদালতের নির্দেশনার প্রসঙ্গটি ওঠে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এখানে আইনমন্ত্রী রয়েছেন। তাঁর সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি নিয়ে আপিল হয়েছে। ব্যক্তিগতভাবে মনে করি যেকোনো নাগরিকের এই অধিকার থাকা উচিত।’