কৃতিত্বপূর্ণ ফলে বৃত্তি পেলেন ঢাবির ৫ শিক্ষার্থী
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থী ‘মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ড বৃত্তি’ পেয়েছেন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন উপাচার্য আখতারুজ্জামান। মো. নুরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ডের আওতায় এ বৃত্তি দেওয়া হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের তানজিলা হোসেন, একই বিভাগের প্রথম বর্ষের ফাহিমা আক্তার, ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের মো. জামিলুর রেজা, প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ইসরাত জাহান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মো. আরিফুর রহমান।
অনুষ্ঠানে উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, প্রয়াত মো. নুরুল ইসলাম ছিলেন সজ্জন, সদা হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী ও বিনম্র চরিত্রের অসাধারণ এক ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রিয় নেতা ছিলেন। জাতীয় পর্যায়েও অনেক জায়গায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, মনোযোগের সঙ্গে লেখাপড়া করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশ-জাতির কল্যাণ ও উন্নয়নে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান মিজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।