খুলনা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটে পাস ৪৬ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও চারুকলা ইনস্টিটিউটের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় গড়ে ৪৬ শতাংশ পাস করেছে। মোট ৮,৯৬১ জন শিক্ষার্থী এ তিনটি স্কুলে ভর্তি পরীক্ষায় অংশ নেন। সংশ্লিষ্ট স্কুলের প্রধানেরা আজ বুধবার এ তথ্য জানান। গতকাল মঙ্গলবার ও আজ এ তিনটি ইউনিটের ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষায় ৫৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মোট ৪,০৩২ জন শিক্ষার্থী এ স্কুলের ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২২১৬ জন উত্তীর্ণ হন।
সমাজবিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষায় ৩৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এই স্কুলে ৪৫০০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেন।
চারুকলা ইনস্টিটিউটে ৪২৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৯৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ৪৬ শতাংশ শিক্ষার্থী এই ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এ দিকে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জীববিজ্ঞান স্কুলের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ২৩ নভেম্বর সকাল নয়টায় এবং অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী ১ ডিসেম্বর সকাল নয়টায় সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে।

অন্যদিকে সামাজিক বিজ্ঞান স্কুলের মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের ২০ নভেম্বর সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন এবং একই দিন দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে ভর্তি হতে হবে। ২৭ নভেম্বর অপেক্ষমাণ তালিকার শিক্ষার্থীদের সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিবন্ধন এবং দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিসে ভর্তি হতে হবে।

এ ছাড়া চারুকলা ইনস্টিটিউটে মেধা তালিকার শিক্ষার্থীদের ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত পছন্দক্রম গ্রহণ ও সাক্ষাৎকার এবং ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ইনস্টিটিউটের পরিচালকের দপ্তরে ভর্তির জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষমাণ তালিকা থেকে রেজিস্ট্রেশন ও দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভর্তি করা হবে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ( www.ku.ac.bd/admission) পাওয়া যাবে।

গত ৩১ অক্টোবর জীববিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান স্কুলের এবং ১ নভেম্বর চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার ফল প্রকাশের নির্ধারিত সময়ের আগেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের (অনুষদ) ফল প্রকাশিত হয়েছে। একই সঙ্গে ভর্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ঘোষিত সময় অনুযায়ী ভর্তি কার্যক্রম শেষ হবে।

ডিসেম্বরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে উল্লেখ করে উপাচার্য বলেন, এতে অনেক স্কুলে সেশনজট কমে আসবে।