গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে নিতে হবে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রযুক্তিকে পাথেয় করে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘কোভিড-১৯ সহনশীলতা: বাংলাদেশের কৃষির ভূমিকা: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ‘নলেজ হাব’–এ পরিণত হবে। বিশ্ববিদ্যালয়ের একান্ত প্রচেষ্টায় এ দেশের জনশক্তি জনসম্পদে পরিণত হবে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, তবেই বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’য় পরিণত হবে। বঙ্গবন্ধুকন্যা হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ শিক্ষা, কৃষিসহ সব ক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধিত হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় আসীন। এ অগ্রযাত্রা অপ্রতিরোধ্য।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারির সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, পরিকল্পনা কমিশন সদস্য ও সচিব অধ্যাপক শামসুল আলম, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. মেসবাহুল ইসলাম প্রমুখ।
জুনায়েদ আহমেদ বলেন, কৃষিকে সামনের দিকে এগিয়ে নিতে তথ্য ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। তিনি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিবিদদের ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২০ সালে প্রায় দুই বিলিয়ন ডলার আয় হয়েছে, আগামী বছর সেটিকে তিন বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আমরা গবেষণা ও উন্নয়ন খাতেও ফান্ডিং দিচ্ছি।’