চবিতে বিভাগ নিয়ে মন্তব্য না করতে বিজ্ঞপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগ নিয়ে ‘সামাজিক মাধ্যমে’ কোনো মন্তব্য না করতে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। আজ বুধবার দুপুরে এ বিজ্ঞপ্তি দেয় বিভাগ কর্তৃপক্ষ।

বিভাগের সভাপতি আনোয়ারা বেগম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থীরা বিভাগ সম্পর্কে কোনো মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করবে না। এতে বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।’ তবে সামাজিক মাধ্যম বলতে কী বোঝানো হয়েছে, তার কোনো ব্যাখ্যা বিজ্ঞপ্তিতে নেই।

ওই বিভাগের কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘স্নাতকের ফলাফল কয়েক মাস ধরে আটকে আছে। বন্ধের মধ্যে সম্মানিত শিক্ষকেরা এ ফলাফল প্রকাশ করতে পারতেন। কিন্তু সেটি হয়নি। শিক্ষকদের গড়িমসি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা যাবে না এমনটা হতে পারে না।’ তবে সার্বিক বিষয়ে বিভাগের সভাপতি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এটি নিয়ে মন্তব্য ও সমালোচনা করেছেন।

জানতে চাইলে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘অনেক সময় না জেনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেন। এ কারণে বিভাগের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশে একটি মানবিক আবেদন করেছেন। এটি আসলে কোনো নির্দেশ নয়।’