চিকিৎসক হওয়ার স্বপ্নে পথ চলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. রিফাত বিন বশির
মো. রিফাত বিন বশির

ওস্তাদজির কোলে বসে হারমোনিয়ামের নাগাল পেতে হতো, পরিষ্কারভাবে সব কথা বলতেও পারতেন না, সে বয়সেই মায়ের হাত ধরে মো. রিফাত বিন বশিরের গানের স্কুলে যাওয়ার শুরু। ডাকনাম আবির বলেই হয়তো, রঙের খেলাও তাঁর প্রিয়। তাই ছবি আঁকতে ভালোবাসেন। জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও ফেভার ক্যাসেল চিত্রাঙ্কন প্রতিযোগিতায় একাধিকবার পুরস্কার জিতেছিলেন অল্প বয়সেই। মফস্বলের যে শহরে আবিরের বেড়ে ওঠা, সে শহরের আশুগঞ্জ সারকারখানা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন ট্যালেন্টপুলে বৃত্তি নিয়ে। এখন পড়ছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে।

 বিজ্ঞান ও গণিতে আগ্রহ ছিল বরাবরই। ২০১১ সালে জাতীয় গণিত অলিম্পিয়াডে কুমিল্লা বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন বড় হয়ে ডাক্তার হবেন। মানুষের সেবা করবেন, কাজ করবেন নানা জটিল রোগ নিরাময়ের গবেষণায়। সেই স্বপ্ন সত্যি করার পথে এগিয়ে যাচ্ছেন তিনি।

তবে মেডিকেলে পড়তে এসে ভেবেছিলেন, গানের চর্চা বুঝি আর করা হবে না। এদিকে থিয়েটারের সঙ্গে পরিচয় ছিল একদম ছোটবেলা থেকে। সেই আশুগঞ্জের ‘গণনাট্য পরিষদ’ নামের ছোট নাট্য সংগঠন, তার হাত ধরেই অভিনয় জগতে পা দেওয়া। প্রচুর নাটক করা, নাট্যোৎসব দেখা। সেই শখও পড়াশোনার চাপে জলাঞ্জলির পথে!

তখন দেখলেন, ক্যাম্পাসেই রয়েছে মেডিসিন ক্লাব, ডিবেটিং ক্লাব ও প্রতিবেশী নাট্যগোষ্ঠী। প্রথম বর্ষেই জায়গা করে নিলেন ক্লাবগুলোতে। অভিনয় আর গানের প্রতিভা তুলে ধরার জন্য বেছে নিলেন প্রতিবেশী নাট্যগোষ্ঠীকেই। টানা চার বছরে অভিনয় করেছেন রবিঠাকুরের শৃঙ্খল, কঙ্কাল, ডাকঘর ও মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতার মতো চারটি বাৎসরিক বড় নাটকে। পাশাপাশি কিছু ছোট নাটক ও পথনাটকেরও অভিজ্ঞতা হয়েছে।

তবে শুধু অভিনয়ই নয়, চিত্রশিল্পী আবির প্রতিটা নাটকেরই মঞ্চসজ্জা, হাতে এঁকে ব্যানার-বোর্ড বানানো কিংবা আলপনার ক্ষেত্রে ভরসার আরেক নাম। অন্যদিকে নাটকের আবহ সংগীতের সব দায়িত্বও বর্তায় আবিরের ওপরে। মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা নাটকে নিজের সুর করা গানের দৃশ্যেই আবির অভিনয় করেছেন মহেশের চরিত্রে। রবিঠাকুরের মায়ার খেলা গীতিনাট্য এবং মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের নাট্যরূপ ও পরিচালনার দায়িত্বও পান তিনি।

 ‘ছবি আঁকা, গান, অভিনয়—এসব তো আমার সঙ্গে থাকবেই। কিন্তু এসব ছাপিয়ে বড় চিকিৎসক হওয়াই আমার স্বপ্ন।’ বলছিলেন মো. রিফাত বিন বশির। শেষ বর্ষে পড়ছেন। সব কটি পেশাগত পরীক্ষাতেই ছিলেন সেরা দশের মধ্যে। স্বপ্ন দেখেন নিউরোসার্জন হওয়ার। বিদেশে নয়, দেশের মানুষ যেন দেশেই পায় সর্বোচ্চ চিকিৎসাসেবা—এটাই তাঁর প্রত্যাশা।