চুয়েটে পরীক্ষা হবে অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ মহামারি করোনার কারণে আটকে থাকা স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে অনলাইনে কীভাবে এই পরীক্ষা নেওয়া হবে, সিলেবাস পরিবর্তন করা হবে কি না এবং নম্বর বণ্টন পদ্ধতি কী হবে, তা পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি গতকাল বৃহস্পতিবার শিক্ষকদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক উজ-জামান চৌধুরী।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম ও ল্যাব গত ১৫ মার্চে শেষ হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে চূড়ান্ত পর্বের পরীক্ষা আটকে যায়। এর মধ্যে কয়েক মাস ধরে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। এতে আবেদন করতে না পারায় অনিশ্চয়তা তৈরি হয় ১০ বিভাগের ৭৫০ শিক্ষার্থীর। তাই তাঁরা গত সেপ্টেম্বর থেকেই পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফারুক উজ-জামান চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও চাকরির বিজ্ঞপ্তি বন্ধ নেই। চূড়ান্ত পর্বের পরীক্ষা না হওয়ায় শেষ বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারছিলেন না। এ অবস্থায় এই বর্ষের পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।