চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি কাজে লাগানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আয়োজনে আজ রোববার আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়া বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকদের একাংশ
ছবি: সংগৃহীত

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। আজ রোববার এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান।

‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি ৪.০’ শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজনে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

সম্মেলনের উদ্দেশ্য ছিল, শিক্ষক-গবেষক ও প্র্যাকটিশনারদের মধ্যে সেতুবন্ধ তৈরি করে চতুর্থ শিল্পবিপ্লবের কৌশল নির্ধারণ করা। আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, জার্মানিসহ বিশ্বের ২৯টি দেশের কয়েক শ শিক্ষক-গবেষক অংশ নেন। তাঁরা ভার্চ্যুয়ালি এই সম্মেলনে যুক্ত হন। সম্মেলনে মোট তিনটি প্রবন্ধকে ‘বেস্ট পেপার’ হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. গোলাম সামদানী ফকির সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফৈয়াজ খান, ইউএস-বাংলা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মইনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুরো বিশ্ব এখন টেকসই উন্নয়নের পথে হাঁটছে। টেকসই উন্নয়নের চাবিকাঠি হচ্ছে হলো বিজ্ঞান ও প্রযুক্তি। এই দুই অনুষঙ্গকে যত বেশি কাজে লাগানো যাবে, ততই চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে। এ ব্যাপারে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও অনেককে এগিয়ে আসতে হবে।