টিউশন-কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রজীবনে টিউশনি করানোর অভিজ্ঞতা অনেকেরই আছে। অভিজ্ঞতাগুলো কখনো তিক্ত, কখনো মজার। ছাত্রজীবনে টিউশনি করিয়ে থাকলে বা যাঁরা করছেন, তাঁরা অভিজ্ঞতাগুলো মিলিয়ে দেখুন। লেখা: মো. মিকসেতু 

.
.

* ছাত্রজীবনে টিউশনি অনেকটা প্রেমের মতো। যখন থাকে না তখন অনেক কষ্ট করে একটাও খুঁজে পাওয়া যায় না। আর যখন একটার ব্যবস্থা হয়ে যায় তখন আরও দু-তিন জায়গা থেকে অফার আসে!
* বেশির ভাগ সময় মাসের শেষের দিকে ছাত্রছাত্রীর বাসা থেকে নাশতা দিতে ভুলে যায়।
* মাসের প্রথম কয়েক দিন ছাত্রছাত্রীর বাসায় যাওয়া বেশ রোমাঞ্চকর। প্রতিদিনই মনে হয়, আজ বোধ হয় বেতন দিয়েই দেবে!
* ছাত্রীর সঙ্গে টিউটরের প্রেম বেশির ভাগ ক্ষেত্রে শুধু গল্প-নাটকেই হয়। বাস্তবে টিউটরের সঙ্গে ‘শপিংয়ে যাচ্ছি’ বলে বাসা থেকে বের হয়ে ছাত্রী বলে ওঠে, ‘ভাইয়া, ও আমার বয়ফ্রেন্ড। আপনার শপিং মলে ঘুরতে কষ্ট হবে ভেবে ওকে ডেকেছি।’
* ছাত্রছাত্রী কোনো কারণে রেজাল্ট খারাপ করলে বাসার কাজের বুয়াকে দেখলেও ভয় লাগে। মনে হয়, এই বুঝি ঝাড়ু দেওয়া বাদ দিয়ে এসে ‘কীভাবে পড়ানো উচিত’ এই জ্ঞান দেওয়া শুরু করবে।
* টিউশনের টাকা পাওয়ার পরের দু-এক দিন অভিভাবকের ফোনকল পাওয়া খুবই খারাপ সংবাদ। বেশির ভাগ সময় সংবাদটা শুরু হয় এভাবে, ‘আপনাকে আর আসতে হবে না। ও বন্ধুদের সঙ্গে স্কুলের টিচারের কাছে পড়বে।’

* ছাত্রছাত্রী হোমওয়ার্ক করেনি এ জন্য বেশ কিছুক্ষণ ঝাড়ি দিয়ে পাট নেওয়া টিউটরকেই পরের দিন সকালে ক্লাসে দাঁড়িয়ে থাকতে হয়। ‘লেকচারের টপিক কী?’ এই প্রশ্নের উত্তর দিতে না পারার জন্য!

* ‘হ্যালো স্যার, আজ আসতে হবে না’—ফাঁকিবাজ টিউটরদের শোনা পৃথিবীর মধুরতম বাক্য।

* ডাক বিভাগের লোক না হয়েও টিউটরদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্তু সাদা বা নীল রঙের পেটমোটা খাম।

* আন্তর্জাতিক নিয়মে ২৮/ ২৯/ ৩০/ ৩১ দিনে মাস হলেও টিউশনের ক্ষেত্রে সেটা কখনো ১২ দিন অথবা ১৫ দিনে নেমে আসে।

* বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্ররা নিজেদের পড়াশোনা ঠিকমতো না করলেও প্রায়ই তাঁদের উচ্চতর গণিত কিংবা উচ্চতর রসায়ন বই হাতে ঝিম মেরে বসে থাকতে দেখা যায়।

* টিউশনি এমন একটা কাজ, যেটা পেশা হিসেবে স্বীকৃতি না পেলেও বাজারে কখনোই এর চাহিদা কমে না।

* এক গবেষণায় দেখা গেছে, ৬০ শতাংশ টিউটর ‘টিউশনি না করিয়ে বেতন পাওয়ার সিস্টেম থাকলে ভালো হতো’ ভেবে প্রায়ই দীর্ঘশ্বাস ছাড়েন!

* অনেক সময় টিউশনি থেকে পাওয়া টাকা দিয়ে ছোটখাটো একটা সংসার চালানো গেলেও এটা মূলত ‘পকেট খরচ’ হিসেবেই পরিচিত।