টিকার জন্য মাদ্রাসাশিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে রোববারের মধ্যে
দেশের মাদ্রাসাগুলোর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা করোনাভাইরাসের টিকা পাবে। শিক্ষার্থীদের টিকা দিতে তাদের জন্মনিবন্ধন নম্বরসহ অন্যান্য তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আজ রোববারের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ই–মেইলে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে বলা হয়েছে রাজধানী ছাড়া সারা দেশের মাদ্রাসাগুলোর প্রধানদের।
এ–সংক্রান্ত চিঠিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বলেছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসায় অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। তাই ঢাকা মহানগরী ছাড়া অন্যান্য মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত ছক অনুসারে এক্সেল শিটে পূরণ করে ২৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ই–মেইলে পাঠাতে হবে মাদ্রাসাপ্রধানদের।
থানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা ২৬ অক্টোবরের মধ্যে তা জেলা শিক্ষা কর্মকর্তার ই–মেইলে পাঠাবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা ২৮ অক্টোবরের মধ্যে ই–মেইলে ([email protected]) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন। তথ্যগুলো অবশ্যই ইংরেজিতে ও সংযুক্ত এক্সেল ফাইল পূরণ করে পাঠাতে বলা হয়েছে। নির্ধারিত ছকে শিক্ষার্থীদের জেলা, উপজেলা, জন্মনিবন্ধন নম্বর, নাম, লিঙ্গ, প্রতিষ্ঠানের ই–আইআইএন, প্রতিষ্ঠানের নাম, জন্মতারিখ এবং অভিভাবকের ফোন নম্বর দিয়ে ইংরেজিতে এক্সেল শিট পূরণ করে ই–মেইলে পাঠাতে হবে মাদ্রাসাপ্রধানের।