টেলি'প্যাথেটিক' ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব শিগগির হয়তো আপনি যা চিন্তা করবেন, সেটাই স্ট্যাটাস হিসেবে হালনাগাদ হয়ে যাবে ফেসবুকে। অর্থাৎ টেলিপ্যাথিই হতে পারে ফেসবুকের ভবিষ্যৎ। প্রতিষ্ঠানটির বস মার্ক জাকারবার্গ অন্তত তা-ই মনে করছেন। (সূত্র: দ্য গার্ডিয়ান, যুক্তরাজ্য, ১ জুলাই ২০১৫)। তবে এর ফলে নানামুখী বিপদে পড়তে পারেন আপনি! কীভাবে? সেটাই একটু দেখা নেওয়া যাক।

আসফিদুল হক
বন্ধুর স্ট্যাটাস
বাসে উঠতে গিয়া পা মচকাইছে! নাউ তিন সপ্তাহের বেড রেস্টে! ফিলিং পেইন!
আপনার কমেন্ট
কস কী মমিনুল! ক্যামনে হইল? একটু কেয়ারফুলি চলতে পারস না? থাক, মন খারাপ করিস না, টেক কেয়ার।
টেলিপ্যাথিক কমেন্ট
ভালো হইছে, উচিত শিক্ষা হইছে! পা মচকানি তো কিছুই না, তর মতো বান্দরের পা ভাঙা উচিত ছিল। মাইশারে নিয়া যে গুটিবাজি করছিলি, সেইটার পানিশমেন্ট পাইছিস। আর করবি গুটিবাজি?

সহকর্মীর স্ট্যাটাস
কিছু স্বার্থান্বেষী মানুষের চক্রান্তে আজ আমাকে বান্দরবানে ট্রান্সফার করা হয়েছে। অথচ অযোগ্য লোকগুলো ঠিকই হেড অফিসে এসির বাতাস খাচ্ছে। আমি এই অসুস্থ অফিস-রাজনীতির প্রতি তীব্র ঘৃণা জানাই।
আপনার কমেন্ট
ভাই, দুঃখ করবেন না। আপনার ব্যাপারটা আমাকেও খুব হার্ট করেছে। কিন্তু কী করব, বলেন? এসব লোকের কাছে আমরা সবাই অসহায়!
টেলিপ্যাথিক কমেন্ট
আপনাদের মতো লোকদের বান্দরবান না, আফ্রিকার জঙ্গল অথবা আন্দামান দ্বীপপুঞ্জে ট্রান্সফার করা দরকার। ঘুষ দিয়া চাকরিতে ঢুকছেন, কাম-কাজ কিছুই পারেন না, পারেন খালি ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিতে। যত্ত সব অকর্মার দল!

সহপাঠীর স্ট্যাটাস
সেই রকম একটা এগজাম দিলাম। খাতা দেখতে গেলে স্যারের অনেক কিছু শিখতে হবে। ‘এ’ গ্রেডের নিচে পাইলে ভার্সিটিতে আগুন লাগায়া দিব। ফিলিং ফুরফুরা।
আপনার কমেন্ট
ভালো বলেছিস, দোস্ত। আমিও আছি তোর সাথে। আর কালকে ডিএসএলআর ক্যামেরাটা নিয়া আসিস। অনেক দিন পিক তুলি না।
টেলিপ্যাথিক কমেন্ট
তোর দৌড় আমার জানা আছে। স্যারের ঝাড়ি খাইয়া তোর কয়বার প্যান্ট খারাপ হইছে, সেটা কেউ না জানলেও আমি জানি। বাপের ঘুষের টাকায় ফুটানি করস, শেম অন ইউ! মাথায় কাঁঠাল ভাঙতে পারি দেইখা তরে ফ্রেন্ড বইলা পরিচয় দিই, নইলে...
জনৈক তরুণীর স্ট্যাটাস
ভালো লাগছে না, ফ্রেন্ডস। আমার বিড়ালটার পায়ে নেইলপলিশ লাগাতে চাচ্ছি, বাট টোটালি পারছি না। কী করা যায়, কমেন্টে জানাও।
আপনার কমেন্ট
ওয়াও, বিড়ালের পায়ে নেইলপলিশ! হোয়াট অ্যা ক্রিয়েটিভ আইডিয়া! তোমাদের এরিয়ায় ‘ময়ূরসাজ’ নামের একটা বিউটি পারলার আছে, ওখানে ট্রাই করতে পারো। না চিনলে আমাকে ফোন কোরো।
টেলিপ্যাথিক কমেন্ট
তোমার হোম ডিসট্রিক্ট মনে হয় পাবনার আশপাশে। বিলাইয়ের পায়ে নেইলপলিশ! এ রকম উইয়ার্ড আইডিয়া আসে ক্যামনে মাথায়? ইউরোপ-আমেরিকায় থাকলে পোষা প্রাণী নির্যাতন মামলায় এতক্ষণে চৌদ্দ শিকের ভেতর থাকতা!