ডিপিএস এসটিএস স্কুল ঢাকা পেল অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন লার্নিং স্ট্র্যাটেজি ক্যাটাগরিতে ‘বেট এমইএ ২০২০’ অ্যাওয়ার্ড পেয়েছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। শিক্ষাপ্রতিষ্ঠানটি গত রোববার এই পুরস্কার অর্জন করেছে।

বেট এমইএ প্ল্যাটফর্ম শিক্ষক ও শিক্ষাবিদদের সম্পৃক্ততার মাধ্যমে শিক্ষার ইতিবাচক এবং ভবিষ্যৎ রূপান্তরে সহায়তা করে। এর লক্ষ্য শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর উদ্ভাবনকে উৎসাহ দেওয়ার মাধ্যমে শিক্ষাকার্যক্রমকে আরও ফলপ্রসূ করা। বৈশ্বিক শিক্ষাক্ষেত্রে দৃশ্যকল্পে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী এডটকে ট্রেন্ডসেটারদের স্বীকৃতিস্বরূপ বেট এমইএ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ডিপিএস এসটিএস স্কুলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতির কারণে লকডাউনের সময়ে ই-লার্নিং কার্যক্রম চালানো এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সফলভাবে ভার্চ্যুয়াল ক্লাসরুমে সংযুক্ত করার জন্য ডিপিএস এসটিএস ‘অনলাইন লার্নিং স্ট্র্যাটেজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। এ প্রসঙ্গে ডিপিএস এসটিএস স্কুল ঢাকার অধ্যক্ষ মধু ওয়াল বলেন, ‘এমন সম্মানজনক পুরস্কার অর্জন পুরো ডিপিএস এসটিএস পরিবারের জন্য অত্যন্ত গর্বের। কোভিড-১৯ চলার সময়ে শিক্ষাব্যবস্থার মারাত্মক হুমকি সৃষ্টি করছে, যেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের সরাসরি দেখা হওয়া সম্ভব ছিল না।

ভার্চ্যুয়াল ক্লাসরুমগুলোর মাধ্যমে আমরা সময়োপযোগী সমাধান খুঁজে পেতে পেরে অত্যন্ত আনন্দিত এবং বেট এমইএ আমাদের সব শিক্ষক–শিক্ষার্থীর এই প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে এ জন্য কৃতজ্ঞ।’

ডিপিএস এসটিএস আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অব শারজাহ এবং রাহা ইন্টারন্যাশনাল স্কুল।