ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ থেকে কমিয়ে ৩ বছর করার উদ্যোগ বন্ধের আহ্বান
৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স হ্রাস করে ৩ বছর করার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধের আহ্বান জানিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র–শিক্ষকেরা। গতকাল শনিবার (২৬ জুন) ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জেলা নির্বাহী কমিটি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতারা এবং বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের যৌথ প্রতিবাদ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে হটকারী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়।
আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, এ ধরনের অদূরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্ত থেকে শিক্ষা মন্ত্রণালয় সরে না এলে কোভিডের চলমান সংকট উপেক্ষা করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা সমন্বিতভাবে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন, যা দেশের সার্বিক শিক্ষার পরিবেশকে অস্থিতিশীল করে তুলবে এবং উন্নয়ন–উৎপাদন ব্যাহত হবে। এর দায় কোনোভাবেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।
একাধিক জাতীয় পর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ–বিদেশের কর্মবাজারের ধরন ও চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্স আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে ৪ বছরে উন্নীত করেছেন। ৪ বছরে কোর্স ট্রেডিশনাল টেকনোলজির সঙ্গে মডার্ন টেকনোলজির সমন্বয় করে কোর্স কারিকুলাম ঢেলে সাজানো হয়েছে। এ কোর্সে উত্তীর্ণ ডিপ্লোমা গ্র্যাজুয়েটরা দেশ–বিদেশের কর্মবাজারে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানও রাখছেন।
সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় যখন সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিক্ষার মূল স্রোতোধারায় নিয়ে আসার জন্য নানান পরিকল্পনা বাস্তবায়ন করছে, ঠিক সেই মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়ন পরিকল্পনাকে নস্যাৎ করবে। যে কোর্সটি দীর্ঘ ১০ বছর বহু স্টাডি গবেষণা ও আলোচনা পর্যালোচনাপূর্বক চালু করা হয়েছে, দেশ–বিদেশে সমাদৃত সেই কোর্সকে ৩ বছরে নামিয়ে আনার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি সভা থেকে আহ্বান জানানো হয়।
আগামী এক সপ্তাহের মধ্যে এ ধরনের উদ্যোগ বন্ধ না হলে শিগগিরই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত হয় সভায়। বিজ্ঞপ্তি