ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী ‘র্যাগ ডে’
স্নাতক (সম্মান) শেষে শিক্ষা সমাপনীর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বেশ ধুমধাম করেই উদ্যাপন করেন ‘র্যাগ ডে’। তবে ব্যতিক্রমী আয়োজনে নিজেদের শিক্ষা সমাপনী উদ্যাপন করলেন বিশ্ববিদ্যালয়ের পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা৷ র্যাগ ডের জন্য তোলা অর্থ তাঁরা ব্যয় করলেন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া আর শীতবস্ত্র বিতরণে।
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ‘পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ ১১তম ব্যাচ স্মারক বৃত্তি প্রদান’ অনুষ্ঠান হয়৷ এতে বিভাগটির ২২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন জনপ্রতি তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়৷ এর আগে র্যাগ ডের জন্য তোলা অর্থের একটি অংশ দিয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন শিক্ষার্থীরা৷
আজ শনিবার সকালে ‘পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ ১১তম ব্যাচ স্মারক বৃত্তি প্রদান’ অনুষ্ঠানে কলা অনুষদের ডিন আবদুল বাছির, পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও একুশে পদক পাওয়া অধ্যাপক সুকোমল বড়ুয়া এবং বিভাগটির বর্তমান চেয়ারম্যান সুমন কান্তি বড়ুয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷
অধ্যাপক আবদুল বাছির বলেন, পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগ দেশ ও জাতিকে নতুন বার্তা দিয়েছে৷ এ বিভাগের শিক্ষকেরা তাঁদের শিক্ষার্থীদের মধ্যে মানবিকতার আলো পৌঁছে দিতে পেরেছেন৷ এ জন্য তাঁদের ধন্যবাদ জানাই৷ এ ছাড়া এই বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকদের দেওয়া মূল্যবোধ ধারণ করতে পেরেছেন৷ তাই তাঁদেরও ধন্যবাদ জানাই৷
অধ্যাপক সুকোমল বড়ুয়া বলেন, এখানে নতুন চেতনা ও মৌলিক চিন্তা সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতে র্যাগ ডে না করে মানবিক ও গঠনমূলক কাজে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবে৷ এ ছাড়া এই কাজের মধ্য দিয়ে দায়িত্ববোধের উদাহরণ তৈরি হয়েছে, যা নতুনদের জন্য শিক্ষণীয় হবে৷
বক্তব্যের পর তাঁরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন৷ এরপর পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুমন কান্তি বড়ুয়ার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়৷
শিক্ষার্থীদের ব্যতিক্রমী এই উদ্যোগের সমন্বয় করেছেন পালি অ্যান্ড বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের ছাত্র মো. কামরুজ্জামান বাবু৷ তিনি বলেন, প্রতিবছর দেখা যায়, শিক্ষা সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে র্যাগ ডে, গালা ডে, গালা নাইট, ব্যাচ ট্যুরসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়ে থাকে৷ আমরা আমাদের শিক্ষক আরসাম কুদরত এ খোদার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে এসেছি৷ আত্ম ও ব্যক্তিশুদ্ধির মানসে আমার মনে এই পরিকল্পনাটি আসে৷
মো. কামরুজ্জামান বাবু জানান, কাজটি সহজ ছিল না৷ বিভাগের শিক্ষকদের পাশাপাশি বন্ধুরাও তাঁকে সহযোগিতা করেছেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে শিক্ষা সমাপনী অনুষ্ঠানের অর্থ দিয়ে বিভাগে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে অধ্যয়নরত ২২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন জনপ্রতি তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে৷ এর আগে অর্থের একটি অংশ দিয়ে শীতার্তদের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করেছেন তাঁরা৷