ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এবং কিছু কথা
কিছুদিন আগে কিউএস র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম প্রথম ৮০০-এর মধ্যে না আসায় দেশে-বিদেশে অনেকে হতাশা প্রকাশ করেছেন। হতাশার মাত্রা আরও বেড়ে গেছে যখন মানুষ দেখল এমনকি পাকিস্তানের কিছু বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওপরের র্যাঙ্কে আছে। দেশের সেরা বিদ্যাপীঠ হিসেবে এ বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষের অনেক আশা থাকবে, এটাই স্বাভাবিক। আর আশা পূরণ না হওয়ায় হতাশা থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে খুব বেশি অপ্রত্যাশিত মনে হয়নি। আর এটাও বলে রাখা ভালো, এ ধরনের র্যাঙ্কিং নিয়েও কথা থাকে। শিক্ষার্থী অনুপাতে শিক্ষক কম, বিদেশি ছাত্রছাত্রী কম থাকা ও শিক্ষকদের গবেষণা অন্য গবেষকদের সাইট না করায় মূলত এই র্যাঙ্কিং একটু বেশি খারাপ হয়েছে। আমি শিক্ষা নিয়ে গবেষণা করি না, তাই শিক্ষার উন্নয়নে কী কী করা প্রয়োজন, সে ধৃষ্টতা দেখাব না। তবে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার আলোকে কিছু বিষয়ের অবতারণা করতে চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান কিছু পুরোনো সমস্যা রয়ে গেছে, যার কারণে মানের উন্নতি করাটাও কঠিন হয়ে যায়। যেমন ধরুন, পদোন্নতি (প্রমোশন) সংক্রান্ত কিছু বিষয় শুধু বিশ্বের কেন, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায়ও আপত্তিজনক। প্রমোশনের প্রধান মাপকাঠি হলো বয়স ও পাবলিকেশনের সংখ্যা। সাধারণত লেকচারার থেকে সহকারী অধ্যাপক হতে তিন বছরের অভিজ্ঞতা ও তিনটা পাবলিকেশনের শর্ত থাকে।
ধরুন, কারও একটা আন্তর্জাতিক তথা সেরা জার্নালে পাবলিকেশন আছে আর আরেকজনের তিনটা কলাপাতা মার্কা (জাঙ্ক) জার্নালে পাবলিকেশন আছে। এ ধরনের পাবলিকেশন করলে তাঁর তিরস্কার পাওয়ার কথা। কিন্তু দেখা যাবে, তিনিই আগে প্রমোশন পাবেন। অর্থাৎ কোয়ালিটি নয়, এখানে সংখ্যা ও নম্বরই বিবেচ্য। একজন লেকচারের পক্ষে তিন বছরে তিনটা উচ্চমানের পাবলিকেশন চাট্টিখানি কথা নয়।
সহকারী থেকে সহযোগী, সহযোগী থেকে অধ্যাপক পদে প্রমোশনের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক অধ্যাপক পাওয়া যাবে যাঁদের জীবনে একটাও আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশন নেই। যেহেতু সংখ্যাটাই মুখ্য, তাই কোয়ালিটির দিকে মনোযোগ ও আগ্রহ অনেকের কম থাকে। প্রমোশনের জন্য জার্নালের মান অনুযায়ী পাবলিকেশনের সংখ্যা দিয়ে পয়েন্ট বেইজড পদ্ধতি চালু করা যেতে পারে। দেশেই অনেক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে এই ধরনের ব্যবস্থা চালু আছে।
উন্নত কেন, অনেক উন্নয়নশীল দেশেও পিএইচডি ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় না। কিন্তু আমরা অত্যন্ত ভুলভাবে মাস্টার্স পাস করা একটা ছেলে বা মেয়েকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানিয়ে দিই। এমনকি বয়স বাড়লেই অধ্যাপক পর্যন্ত হওয়া যায় পিএইচডি ছাড়াই। এটা মোটেই গ্রহণযোগ্য নয়। এখানে যাঁরা শিক্ষক হন, তাঁদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো রেজাল্ট থাকলেও অনেকে আর পরে সেটাকে শাণিত করেন না। এর জন্য প্রমোশনও আটকে থাকে না। তাই উৎসাহ পান না অনেকে।
বাংলাদেশের বর্তমান বাস্তবতায় হয়তো নিয়োগ প্রক্রিয়ায় অনেক পরিবর্তন আনা সম্ভব নয়, বরং কিছু কিছু পরিবর্তন আনা যেতে পারে। যেমন লেকচারার হিসেব নিয়োগ হবে অস্থায়ী এবং তিন বছরের মধ্যে মূল্যায়ন ও প্রমোশন। কিন্তু তারপরও অস্থায়ী থাকা এবং যোগদানের ছয় বছরের মধ্যে পুনর্মূল্যায়নের ব্যবস্থা থাকা। ছয় বছরের মাথায় কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে পাবলিকেশন না থাকলে প্রমোশন রহিতকরণ, এমনকি বরখাস্তও করা যেতে পারে। পিএইচডি না থাকলে কোনো অবস্থায়ই সহযোগী অধ্যাপক না করা শর্ত হিসেবে জুড়ে দেওয়া উচিত। আর অধ্যাপক হতে হলে কমপক্ষে তিনটা আন্তর্জাতিক জার্নালে পাবলিকেশনের শর্ত জুড়ে দেওয়া যেতে পারে। সেই সংখ্যা পাঁচ হলে ভালো হয়। তবে আপাতত তিন দিয়ে শুরু করা যেতে পারে। একজন অধ্যাপকের জন্য এই যোগ্যতা না থাকাটা খুবই অসম্মানের।
প্রমোশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা গবেষণাকে উৎসাহিত করে না। কোনোমতে নম্বর বাড়াতে পারলেই চলে। কিন্তু গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকাটাও এই নিরুৎসাহের কারণ। এটা সত্য যে বাইরের বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন জায়গা থেকে বিডিং করে গবেষণা ফান্ড জোগাড় করে, কিন্তু বাংলাদেশে গবেষণার জন্য কোনো কেন্দ্রীয় ফান্ড নেই। মন্ত্রণালয় থেকে প্রজেক্টের মাধ্যমে যেসব গবেষণা হয় তার বেশির ভাগই ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে ভুঁইফোড় সংগঠন করে থাকে বলে অভিযোগ আছে। তাই সে ফান্ডে গবেষণা করা বিশ্ববিদ্যালয়গুলোর খুব একটা সুযোগ হয় না। কিছুদিন আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু আলাদা বরাদ্দ পায়, যার জন্য গবেষণা প্রস্তাব আহ্বান করা হয় এবং এতে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। এ টাকা মূলত শুধু গবেষণা খাতেই ব্যয় করা যাবে। তারপরও যে সাড়া পাওয়া গেছে, তা সত্যিই আশাব্যঞ্জক। তাই এ রকম গবেষণা বরাদ্দ নিয়মিত চালু রাখা উচিত।
আন্তর্জাতিক মানের কনফারেন্সে অংশগ্রহণ গবেষণা সম্বন্ধে ধারণা পেতে, নিজের গবেষণা উপস্থাপন করে অন্যের ফিডব্যাক পেতে অনেক সহযোগিতা করে। আর ভালো বিশ্ববিদ্যালয়গুলো এ রকম কনফারেন্সে অংশগ্রহণ ব্যাপকভাবে উৎসাহ দেয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ খুবই অপ্রতুল। ২০১৭ সালেও আমেরিকায় কোনো কনফারেন্সে গেলে মাত্র ৩০ হাজার টাকা দেওয়া হতো, যা এখন ৫০ হাজার টাকা। এই অঙ্ক মোট খরচের তুলনায় খুবই অপ্রতুল। অথচ এই ধরনের কনফারেন্সে যাওয়া শুধু ওই শিক্ষকেরই না, বিশ্ববিদ্যালয়েরও পরিচিতি ও যোগাযোগ বাড়াতে সহযোগিতা করে। তাই সরকারের অন্যান্য বিভাগের মতো খরচ বহন করার সুযোগ করে দেওয়া উচিত। কিন্তু এটাও নিশ্চিত করতে হবে, যাতে করে কেউ আবার ‘খাল কাটা’ দেখতে না যান। সে ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের সেরা কনফারেন্সেগুলো আছে, শুধু সেসব কনফারেন্স গেলেই আর্থিক সহায়তা করা যেতে পারে।
শিক্ষকদের দেশের বাইরের আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষার প্রয়োজন রয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু উদ্ভট নিয়ম অনেককে নিরুৎসাহিত করে। যেমন ধরুন কেউ লেকচারার হয়ে যোগদান করে বিদেশে পড়তে চলে গেলেন এবং ছয় বছর পর পিএইডি করে ফিরলেন। আর তাঁর সঙ্গে আরেকজন পিএইচডি না করে দেশেই বসে থাকলেন। নিয়ম অনুযায়ী, যিনি দেশে থাকলেন তিনি ৩ বছর পর সহকারী অধ্যাপক আর তাঁর ৫ বছর পরে সহযোগী অধ্যাপক হয়ে যাবেন। অন্যদিকে যিনি সেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এলেন, আসার পর সহকারী অধ্যাপক হবেন (সঙ্গে সঙ্গে না-ও হতে পারেন) এবং আরও ৫ বছর পর সহযোগী অধ্যাপক হবেন। অর্থাৎ তাঁর সহযোগী অধ্যাপক হতে ১১ বছর, আর যিনি দেশে থাকলেন তাঁর লাগবে ৮ বছর। আর পিএইডি করে এলে তিনি হয়ে যাবেন জুনিয়র। কী চমৎকার নিয়ম! এসব মারপ্যাঁচের কারণে অনেকে বিশেষ করে যাঁরা সময়মতো পিএইচডি করতে যেতে পারেননি, তাঁদের ক্ষেত্রে অনেক সময় ভালো মানের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি না করে দেশে বসেই পিএইচডি করার প্রবণতা লক্ষ করা যায়। তাই এ নিয়মের সংস্কার করা দরকার। সে জন্য শিক্ষা ছুটি না দিয়ে কর্তব্যরত ছুটির প্রচলন করা যেতে পারে। সরকারের অনেক বিভাগে এ সুযোগ রয়েছে।
সুযোগ-সুবিধার পাশাপাশি কিছু উৎসাহও প্রয়োজন
এতক্ষণ তো বললাম নিয়মকানুনের কথা। সুযোগ-সুবিধার পাশাপাশি কিছু উৎসাহও প্রয়োজন। যেমন প্রতিবছর প্রত্যেক বিভাগ, অনুষদ ও ইনস্টিটিউট থেকে সেরা গবেষকদের পুরস্কৃত করা যেতে পেরে। এবং উল্লেখযোগ্য গবেষণার বিষয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাও করে প্রচার করা যেতে পারে। ভালো বিশ্ববিদ্যালয়গুলো তা-ই করে। তা ছাড়া গবেষণার মান বাড়াতে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নালগুলোর এডিটর নিয়োগে এসব পুরস্কারপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া উচিত। একই সঙ্গে ডিনসহ উচ্চতর পদে এসব স্কলারকে বিবেচনা করা উচিত বা বড় বড় পদের মিনিমাম যোগ্যতা হিসেবে শর্ত জুড়ে দেওয়া যেতে পারে।
নিয়োগের নিয়মকানুনের বেড়াজালের কারণে বিশ্ববিদ্যালয়ে প্রভাষক বা সহকারী অধ্যাপক হিসেবে যোগদান না করে পরে যোগদান করা অসম্ভব। অনেকেই হয়তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুব একটা ভালো রেজাল্ট করেননি, তাই তারা যোগদানও করতে পারেননি। কিন্তু পরবর্তী সময়ে হয়তো দেশের বাইরের কোনো নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। কিন্তু তাঁদেরও নিয়োগ দেওয়া কঠিন। অন্যদিকে লেকচারার হিসেবে যোগদান করে তারপর আর তেমন উচ্চতর ডিগ্রি নেন না। এ রকম অনেক শিক্ষক রয়েছেন। এদের মধ্যেও অনেকে অসাধারণ ভালো করছেন। কিন্তু বস্তুত এই সংখ্যাটা হয়তো বেশি নয়।
প্রতিটি বিষয়ে বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয়ে সুনামের সঙ্গে কাজ করছেন, এ রকম অনেক অধ্যাপক রয়েছেন। তাঁদের অনেকেই দেশকে কিছু দিতে চান। তা ছাড়া অনেকেই হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে আসতে রাজি হবেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে নিয়োগের সুযোগ বা নিয়ম নেই। এ নিয়ম থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছু খরচ করে অনেক ভালো আউটপুট পেতে পারত। এতে যৌথ গবেষণার সুযোগ তৈরি হতো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অনেকের ক্যাপাসিটি বাড়ত। বাইরের নামীদামি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টার্ন নিলেও এ সুযোগ আরও বাড়তে পারত।
শিক্ষক ও বিভিন্ন নিয়মকানুন নিয়ে অনেক কথা বলা হলো। যাঁদের নিয়ে এত আয়োজন, মানে ছাত্রছাত্রীদের সমস্যাগুলো বলা দরকার। অমানবিক ব্যবস্থা ও প্রচুর আবাসন-সংকট, অপরাজনীতি, এগুলো পুরোনো সমস্যা। তার সঙ্গে এখন নতুন যোগ হয়েছে শিক্ষার্থীদের অতিমাত্রায় সরকারি চাকরিমুখিতা। তৃতীয়-চতুর্থ বর্ষে ওঠার পরই অনেকে একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে মুখস্থ ও গাইডবুক-নির্ভর সরকারি চাকরির প্রস্তুতি নিতে থাকে। এর জন্য অবশ্য শিক্ষার্থীদের দোষ দেওয়া যায় না। বেসরকারি পর্যায়ে ভালো সুযোগ না থাকা, বিজ্ঞানী ও গবেষকদের পর্যাপ্ত সুবিধা ও প্রাপ্য সম্মান না দেওয়ায় শিক্ষার্থীরা সব সুযোগ-সুবিধার কেন্দ্রবিন্দু সরকারি ক্যাডার হওয়ার জন্য ইদানীং ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সরকার যত দিন বিভিন্ন পেশাজীবীর মধ্যে এ বৈষম্য জিইয়ে রাখবে, তত দিন শিক্ষার্থীদের মধ্যে গবেষক ও বিজ্ঞানী হওয়ার স্বপ্ন তৈরি হবে না। তা ছাড়া এসব সরকারি চাকরিতে আবেদন করার জন্য ন্যূনতম রেজাল্ট থাকা বাধ্যতামূলক করা যেতে পারে বা যাদের রেজাল্ট ভালো থাকবে, তাদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এতে যেমন সরকার মেধাবী কর্মকর্তা পাবে, শিক্ষার্থীও পড়াশোনায় মনোযোগী হবে।
বস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও গবেষণা-সংশ্লিষ্ট কাজের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া, শিক্ষার্থীদের অধ্যয়নমুখী করা, কিছু নিয়মকানুন পরিবর্তন করা এবং শিক্ষকদের প্রমোশন বয়স নয়, কোয়ালিটি-নির্ভর করা, একাডেমিক সাফল্যকে যথাযথ মূল্যায়ন করাসহ কিছু উদ্যোগ নিলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কোনো গাছ থেকে ফল পেতে যেমন ভালো বীজ, ভালো পরিচর্যা, ভালো সার-পানি-আলো ইত্যাদি দরকার হয়, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফল পেতে হলেও তা-ই করতে হবে। অন্যথায় প্রতিবছর র্যাঙ্কিং নিয়ে আমাদের আফসোস করা ছাড়া আর কিছু করার থাকবে না।
*লেখক: ড. শাফিউন নাহিন শিমুল, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় [email protected]