ঢাবি ‘ক’ ইউনিটে একই নম্বর পেয়ে প্রথম-দ্বিতীয়-তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক' ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ১০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন৷ এ ফলে বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আসীর আন্‌জুম খান প্রথম হয়েছেন৷ তবে ফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা তিন শিক্ষার্থী একই নম্বর পেয়েছেন৷

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে 'ক' ইউনিটের ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷ এ সময় 'ক' ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও ফার্মাসি অনুষদের ডিন সীতেশ চন্দ্র বাছার উপাচার্যের সঙ্গে ছিলেন৷

গত ১০ জুন ‘ক’ ইউনিটের পরীক্ষা হয়েছিল৷

‘ক’ ইউনিটে প্রথম হয়েছেন রাজধানী ঢাকার নটরডেম কলেজের ছাত্র আসীর আন্‌জুম খান৷ তিনি ঢাকার বেগম বদরুননেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন৷ দ্বিতীয় হয়েছেন একই কলেজের খালিদ হাসান তুহিন৷ তিনি পরীক্ষা দেন ইডেন মহিলা কলেজ কেন্দ্রে৷ তৃতীয় হয়েছেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী জারিফা তাবাসসুম৷ তিনি পরীক্ষা দিয়েছেন খুলনার হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে৷ তাঁদের তিনজনেরই মোট নম্বর ১১৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৫)৷

আরও পড়ুন

একই নম্বরে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্ধারণ প্রসঙ্গে জানতে চাইলে 'ক' ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী সীতেশ চন্দ্র বাছার সাংবাদিকদের বলেন, ‘ভর্তি পরীক্ষায় একই নম্বর পেলে পরীক্ষার্থীদের আগের ফলাফলে (এসএসসি ও এইচএসসি) পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বর দেখে আমরা ক্রম নির্ধারণ করি৷’

আরও পড়ুন