ঢাবিতে জুলাইয়ের প্রথম থেকে অনলাইন ক্লাস শুরু করার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের সংক্রমণের কারণে থমকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম৷ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে পরীক্ষামূলকভাবে অনলাইন ক্লাস শুরুও হয়েছে৷ তবে আসন্ন জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটকে অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

গতকাল বৃহস্পতিবার ‘ঢাবির অনলাইন ক্লাস-কার্যক্রম পরিচালনার অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক এক সভা থেকে এই অনুরোধ জানানো হয়। অনলাইন ভার্চ্যুয়াল মিটিং প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নবনিযুক্ত সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল, অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান ও ইনস্টিটিউটগুলোর পরিচালকেরা যুক্ত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন, তথ্যপ্রযুক্তিগত অবকাঠামো নির্মাণ, আর্থিক বিষয়সহ আনুষঙ্গিক বিষয়ে একটি প্রতিবেদন তৈরির জন্য সভাটি থেকে সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামালকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে৷

সভা শেষে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ ও ইনস্টিটিউট অনলাইনে ক্লাস নেওয়াসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের শিক্ষা-কার্যক্রমে সম্পৃক্ত রেখেছে৷ যেসব বিভাগ ও ইনস্টিটিউট বিভিন্ন কারণে এখনও অনলাইন ক্লাস চালু করতে পারেনি, সেসব বিভাগ ও ইনস্টিটিউটকে সীমিত সামর্থ্য দিয়েই জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করার জন্য সভা থেকে অনুরাধ জানানা হয়। কোনো শিক্ষার্থীই যেন ইন্টারনেট সংযোগসহ প্রযুক্তিগত সীমাবদ্ধতা, প্রতিবন্ধকতা ও অর্থনতিক অসচ্ছলতার কারণে অনলাইন শিক্ষা কার্যক্রমের বাইরে না থাকে, এ জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সমতা, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ ও শিক্ষার গুণগত মান অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে যত্নশীল থাকতেও বলা হয়েছে।