ঢাবিতে হল খুলে দিয়ে পরীক্ষা নেওয়ার দাবি ছাত্র ফ্রন্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক হল বন্ধ রেখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী)। ছাত্র ফ্রন্টের দাবি, স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিয়ে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেই পরীক্ষা নিতে হবে।

আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা। গত বৃহস্পতিবার হুট করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে ২৬ ডিসেম্বর থেকে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা হবে, তবে করোনার কারণে হলগুলো বন্ধই থাকছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সমালোচনা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিবৃতিতে বলা হয়, এমন সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক। কারণ, এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সশরীরে কম বিরতিতে এমনকি একই দিনে দুটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা বা হল খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়নি।

আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধেক শিক্ষার্থী হলে থাকে। এই পরিস্থিতিতে আবাসন ব্যবস্থা নিশ্চিত করে শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবে—এ নিয়ে প্রশাসনের কোনো মাথাব্যথা নেই। ‘বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে না’—এমন কথা বলে প্রশাসন নিজেদের দায়িত্ব অস্বীকার করছে। শিক্ষার্থীদের কাঁধে দায় চাপিয়ে প্রশাসন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

আরও পড়ুন

ছাত্র ফ্রন্ট আরও বলেছে, সম্পূর্ণ বিশৃঙ্খল ও অসংগতিপূর্ণ উপায়ে অনলাইন ক্লাসগুলো নেওয়া হয়েছে। অবকাঠামোগত সমস্যা, নেটওয়ার্ক ও ডিভাইসজনিত সমস্যার কারণে বেশির ভাগ শিক্ষার্থীই অনলাইনে ক্লাস করতে পারেননি। বেশির ভাগ ডিপার্টমেন্টেই হয়তো পাঠ্যক্রম সম্পূর্ণ করা হয়নি বা একদম তড়িঘড়ি করে সম্পূর্ণ করা হয়েছে, যা বেশির ভাগ শিক্ষার্থীর বোধগম্য হয়নি। প্রশাসন শিক্ষার্থীদের কোনো সুবিধা দেয়নি। কিছু সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখন পর্যন্ত দিতে পারেনি।

আরও পড়ুন

প্রশাসনের এমন ব্যর্থতার দায়ভার শিক্ষার্থীরা নেবে কেন? তাই স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিয়ে আবাসনের ব্যবস্থা নিশ্চিত করে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। কারণ ব্যক্তিগত উদ্যোগে আবাসনের ব্যবস্থা শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব।

শিক্ষার্থীদের মতামত নিয়ে, তাদের সমস্যাগুলো যাচাই করে ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু ও হল খুলে দেওয়ার জন্য প্রস্তুতি সাপেক্ষে রূপরেখা হাজির করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ছাত্র ফ্রন্ট।