ঢাবির শতবর্ষপূর্তির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি এ সম্মেলন উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ‘সেলিব্রেটিং হান্ড্রেড ইয়ার্স অব দ্য ইউনিভার্সিটি অব ঢাকা: রিফ্লেকশনস ফর্ম দ্য অ্যালামনাই-ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল’ শীর্ষক আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করবেন।
গতকাল বুধবার ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাবির শতবর্ষপূর্তি উদ্যাপন করা হচ্ছে জানিয়ে উপাচার্য বলেন, অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন।
অর্থনীতিবিদ রেহমান সোবহান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ এবং সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল বক্তব্য দেবেন। স্বাগত বক্তব্য দেবেন আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। এ সময় কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকল্প তুলে ধরে সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরিই হবে প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে ঢাকায় ২২ জানুয়ারি থেকে প্রতি মাসে একটি করে মোট ছয়টি বিষয়ভিত্তিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। শতবর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১ জুলাই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
উপাচার্য বলেন, এরই ধারাবাহিকতায় আগামী ১২ থেকে ১৪ জুলাই লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব ভার্চ্যুয়াল সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত স্বনামধন্য অ্যালামনাইরা শতাধিক প্রবন্ধ উপস্থাপন করবেন।
এতে পৃথিবীর দুই শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, প্রো–ভাইস চ্যান্সেলর ও রেক্টর সংযুক্ত থাকবেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এবং বর্তমান শিক্ষার্থীরাও এই সম্মেলনে যোগ দেবেন। এসব সম্মেলন থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা, কৌশল ও তথ্য-উপাত্ত পাওয়া যাবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://du.ac.bd এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ফেসবুক পেজ facebook.com/ICTCellDU-এ সরাসরি সম্প্রচার করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।