ঢাবির শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নিচ্ছে না সাদা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যকর পরিষদ নির্বাচন ৩০ ডিসেম্বর৷ নির্বাচনে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার দলীয় প্যানেল চূড়ান্ত করেছে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল। তবে করোনা পরিস্থিতিতে শিক্ষকদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে বিএনপি-সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল। সাদা দলের এই অবস্থানকে 'অজুহাত' বলছে নীল দল।

করোনা পরিস্থিতির কারণে গত মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। এমন পরিস্থিতিতে নির্বাচন আয়োজন অযৌক্তিক বলে মনে করে সাদা দল। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়ে সাদা দল শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাচন পরিচালক বরাবর চিঠি দিলেও তা আমলে নেওয়া হয়নি। নীল দল বলছে, নির্বাচন আয়োজন করা হচ্ছে সমিতির গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণেই।

তফসিল অনুযায়ী গতকাল রাত ৮টার মধ্যে শিক্ষক সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ছিল। মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা না দিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় সাদা দল। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম৷ সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের পক্ষে পাঁচটি যুক্তি তুলে ধরা হয়৷

যেসব যুক্তি দিল সাদা দল

সংবাদ সম্মেলনে সাদা দলের পক্ষ থেকে নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে পাঁচটি যুক্তি উপস্থাপন করা হয়, সেগুলো হলো: (১) আমাদের সহকর্মীরা ভোটাধিকার প্রয়োগ করতে ক্যাম্পাসে এলে যে লোকসমাগম হবে, তাতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে৷

বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও নানা অসুস্থতায় আক্রান্ত সহকর্মীদের জন্য এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে৷ ঝুঁকি এড়ানোর জন্য সংগত কারণেই অনেক শিক্ষক হয়তো ভোট দিতে আসবেন না৷ এটি হলে প্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক অধিকার থেকে তাঁদের বঞ্চিত করা হবে৷ এটি কোনোভাবেই কাম্য নয়, ফলে ঘোষিত তফসিল অনুযায়ী সমিতির নির্বাচন হওয়া উচিত নয়; (২) গত মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ আছে৷ অনলাইনে ক্লাস চালু হলেও সেখানে শিক্ষার্থীরা পূর্ণমাত্রায় যুক্ত হতে পারছেন না, তাঁদের পরীক্ষাগুলো নেওয়া যাচ্ছে না, শিক্ষকেরাও তাঁদের গবেষণাসহ স্বাভাবিক একাডেমিক কাজ পরিচালনা করতে পারছেন না৷ এমন অবস্থায় শিক্ষক সমিতির নির্বাচন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মনে আমাদের সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দেবে; (৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ফিন্যান্স কমিটি ও অনুষদগুলোর ডিনদের মেয়াদকাল অনেক আগেই শেষ হয়েছে৷ কিন্তু কোভিড পরিস্থিতিতে এসব নির্বাচন আয়োজনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি৷ সেখানে কোভিড সংক্রমণ বৃদ্ধির মারাত্মক ঝুঁকি থাকা সত্ত্বেও শিক্ষক সমিতির এই নির্বাচন আয়োজন কোনোভাবেই যৌক্তিক বলে আমরা মনে করি না; (৪) দীর্ঘ ২৮ বছর পর ডাকসুর নির্বাচন হয়েছে৷ ডাকসু কমিটির মেয়াদ শেষ হওয়ায় ইতিমধ্যে তা বাতিল করা হয়েছে৷ কোভিড পরিস্থিতির কারণে সেই নির্বাচনও আয়োজন করা যাচ্ছে না; (৫)বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সম্প্রতি গৃহীত সিদ্ধান্তে পরীক্ষা নেওয়ার ব্যাপারেও অনেক স্বাস্থ্যবিধি আরোপ করা হয়েছে৷ হলগুলো এখনো খুলে দেওয়া সম্ভব হচ্ছে না৷ শিক্ষার্থীদের সমাগম নিয়ন্ত্রণে যেখানে পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেখানে শিক্ষকদের সমাগম কোনোভাবেই যৌক্তিক নয়৷

১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হল বন্ধ রেখেই অগ্রাধিকার ভিত্তিতে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ২৬ ডিসেম্বর থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়৷ সেই সভায় কোনো শিক্ষকই আপত্তি জানাননি, সাদা দলের শিক্ষকেরাও নন৷

এ বিষয়ে জানতে চাওয়া হলে সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক আখতার হোসেন খান সংবাদ সম্মেলনে বলেন, ‘একাডেমিক কাউন্সিল কোনো দলীয় ফোরাম নয়৷ সেখানে শিক্ষার্থীদের কথা চিন্তা করেই আমরা একমত হয়েছি৷’

সংবাদ সম্মেলনে সাদা দলের নেতা ও শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান, নেতা অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন৷

কী বলছে নীল দল ও নির্বাচন কমিশন

শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নিতে নিজেদের প্যানেল চূড়ান্ত করেছে নীল দল৷ ১৫ জনের এই প্যানেলে সভাপতি পদে আছেন আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক পদে আছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূইয়া৷ এ ছাড়া সহসভাপতি পদে অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আবদুর রহিম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. আকরাম হোসেনকে চূড়ান্ত করেছে নীল দল৷ নীল দলের প্যানেলে ১০টি সদস্যপদে মনোনীত হয়েছেন অধ্যাপক জিয়া রহমান, অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক ইসতিয়াক এম সৈয়দ, অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান, অধ্যাপক এ এম আমজাদ আলী, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক মুহাম্মাদ আব্দুল মঈন, অধ্যাপক আবু সারা শামসুর রৌফ ও অধ্যাপক নিসার হোসেন৷

সাদা দলের নির্বাচন বর্জনের বিষয়ে জানতে চাইলে নীল দলের সাধারণ সম্পাদক প্রার্থী নিজামুল হক ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক সমিতির নির্বাচনের সিদ্ধান্তটি সমিতির কার্যকর পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত৷ সাদা দল মনোনয়নপত্র সংগ্রহ করেছিল৷ তাদের একটি পক্ষ নির্বাচনে যেতেও চাইছিল৷ দলীয় কোন্দলের কারণে হয়তো তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে৷ শিক্ষক সমিতির নির্বাচন হচ্ছে গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার কারণেই৷ সাদা দল যে অজুহাত দেখাচ্ছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে প্রত্যাশিত নয়৷ আমাদের অফিস খোলা আছে, সব কার্যক্রমই চলছে, তাহলে নির্বাচনে সমস্যা কোথায়? নির্বাচন তো হবে স্বাস্থ্যবিধি মেনে৷’

সাদা দল নির্বাচনে না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, জানতে চাইলে নিজামুল হক ভূইয়া বলেন, সেটি দেখবে নির্বাচন কমিশন৷ এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক জাকির হোসেন ভূঁইয়া গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘সাদা দল অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে কি না, তা বলার এখতিয়ার আমার নেই৷ আমার কাজ নির্বাচন পরিচালনা করা৷’

আরও পড়ুন