তরুণদের গবেষণায় এগিয়ে আসা লক্ষ্যে পৌঁছানোর বড় পর্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (ডিইউআরএস) আয়োজনে রোববার দেশের প্রথম আন্তর্জাতিক স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

প্রথম স্টুডেন্ট রিসার্চ কনফারেন্সকে দেশের তরুণদের গবেষণায় এগিয়ে আসাটা লক্ষ্যে পৌঁছানোর বড় পর্যায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। তবে তিনি প্লেজারিজমের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের (ডিইউআরএস) আয়োজনে গতকাল রোববার দেশের প্রথম আন্তর্জাতিক স্টুডেন্ট রিসার্চ কনফারেন্সে (1st International Student Research Conference-2020) প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এমন মন্তব্য করেন।
দিনব্যাপী কনফারেন্সের প্রধান অতিথি বক্তব্যের শুরুতে ব্যতিক্রমী আয়োজনের জন্য তরুণ গবেষকদের প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠার এত স্বল্প সময়ে, বিভিন্ন দেশের তরুণ গবেষক ও শিক্ষকদের নিয়ে নিজেদের ভাবনা, গবেষণার উপাত্ত এবং চিন্তাগুলো পরস্পর বিনিময়ের জন্য এমন বড় আয়োজনকে তিনি লক্ষ্যে পৌঁছানোর জন্য বড় পর্যায় বলে মনে করেন।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘আমরা বিশ্বের এই দুঃসময়ে পারস্পরিক নতুন নতুন চিন্তা বিনিময় ও গবেষণার উপাত্ত দেশ-বিদেশে বিনিময়ের মাধ্যমে বর্তমান সময়ের দুর্যোগগুলোকে কাটিয়ে উঠতে পারি। আমরা যেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সঠিক ব্যবহার করি এবং আমদের অব্যশই প্লেজারিজমের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সর্বশেষ তিনি আমন্ত্রিত বিদেশি অতিথিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানের আমন্ত্রণ জানান।’

মুমিত আল রশিদ বলেন, আমাদের সব বিষয়ে পণ্ডিত হওয়ার দরকার নেই। নির্দিষ্ট বিষয়ে গবেষণা শুরু করতে হবে।

কনফারেন্সের প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাজকুমার কুঠারী। বক্তব্যের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের বিগত বছরে পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনের স্মৃতিচারণা করেন। সেই সঙ্গে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান, বিশেষ করে শিক্ষার্থীদের নেতৃত্বে এমন আয়োজনের জন্য শুভেচ্ছা জানান।

অধ্যাপক রাজকুমার কুঠারী বলেন, বর্তমান মহামারি পরিস্থিতি আমাদের সবাই মিলে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে শিখিয়েছে। কোভিড-১৯–এর চ্যালেঞ্জ মোকাবিলা ছাড়াও বিশ্বব্যাপী বিরাজমান লিঙ্গবৈষম্য, জঙ্গিবাদ, বর্ণবাদসহ নানা সামাজিক ব্যাধি মোকাবিলায় গবেষণা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন তিনি। তিনি আরও বলেন, গবেষণা কার্যক্রম হতে হবে জ্ঞানভিত্তিক, এর লক্ষ্য ও উদ্দেশ্যও হতে হবে নির্বাচিত বিষয়ে প্রয়োজনীয় গভীর জ্ঞান অর্জন।

অনলাইন প্ল্যাটফর্ম জুমে রোববার সকাল ৯টায় শুরু হয়ে এ কনফারেন্স চলে বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কনফারেন্স। সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দমুখর দিন। কারণ এই দিনে গত ৪ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি আমরা। তখন থেকে শিক্ষার্থীদের জন্য এমন একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের জন্য স্বপ্ন দেখে আসছি। আজ সেই স্বপ্নের শুরু হলো বলে ভালো লাগছে।’

কনফারেন্সে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন গবেষণা সংসদের বর্তমান সভাপতি নাসরিন জেবিন। তিনি সবাইকে দিনব্যাপী এই আয়োজনে স্বাগত জানান ও প্রত্যেক অংশগ্রহণকারী, গবেষক, শিক্ষক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতেও এমন আয়োজনের সঙ্গে থাকার আহ্বান জানান।
কনফারেন্সে ইরানের ইসলামিক ইয়াজদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. কাজেম কাহদুয়ী বিশেষ অতিথির বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মুমিত আল রশিদ তাঁর বক্তব্য ফারসি থেকে বাংলায় ভাষান্তর করে দেন।

অধ্যাপক কাজেম কাহদুয়ী ইরানে বিপুল পরিমাণ তরুণদের গবেষণায় অংশগ্রহণের তথ্য তুলে ধরে বলেন, বর্তমান ইরানের ৮৩ মিলিয়ন জনসংখ্যা ১৫-২৯ বয়সী যুবসমাজ থেকে ১৯ মিলিয়ন যুবক গবেষণার সঙ্গে জড়িত আছেন। এত সংখ্যক গবেষক আমরা পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের চাহিদার চেয়ে আরও বেশি ব্যবস্থা করতে হচ্ছে। বর্তমানে ইয়াজদ বিশ্ববিদ্যালয়ে ৩ শতাধিক বিদেশি শিক্ষার্থী গবেষণার জন্য অধ্যয়ন করছেন। বাংলাদেশের তরুণদেরও এখানে বৃত্তি নিয়ে গবেষণার সুযোগ রয়েছে।
এ সময় গবেষণা সংসদের তরুণ গবেষকদের ইরানে গবেষণা বৃত্তি ও উচ্চশিক্ষা বিষয়ে সার্বিক সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়ে অধ্যাপক মো. কাজেম কাহদুয়ী বলেন, জ্ঞানটাকে সব সময় পবিত্র জিনিস হিসেবে ধরে নেবেন। খ্যাতির পেছনে না ঘুরে জ্ঞানচর্চার জন্য কাজ করতে হবে। আমাদের যেকোনো কিছু বহিঃ চক্ষু দিয়ে না দেখে অন্তরচক্ষু দিয়ে দেখা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তা জরুরি দরকার। জ্ঞানীদের ঘুম অশিক্ষিতদের ধনসম্পদের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও ঢাবি গবেষণা সংসদের মডারেটর মুহাম্মদ মনজুরুল করিম বলেন, ‘আমি গবেষণা সংসদের শুরু থেকেই তরুণদের সঙ্গে আছি। তরুণ গবেষকদের নিয়ে আজকের আয়োজনে থাকতে পেরে আনন্দিত ও গর্বিত হচ্ছি। গবেষণা সংসদ তাদের যাত্রার শুরু থেকে যেভাবে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে। আশা করি তারা তাদের এই যাত্রা অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করে যাব।’
বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারপারসন ও ঢাবি গবেষণা সংসদের মডারেটর ফাজরিন হুদা বলেন, ‘আমাদের উদ্দেশ্য যেন হয় গবেষণার মান বাড়ানো, গবেষণার সংখ্যা বাড়ানো নয়। আমাদের তরুণ গবেষকেরা সেই মান বাড়ানোর কাজটাই করে যাচ্ছে।’
বিশেষ অতিথির বক্তব্যে মুমিত আল রশিদ বলেন, ‘আমাদের সব বিষয়ে পণ্ডিত হওয়ার দরকার নেই। নির্দিষ্ট বিষয়ে গবেষণা শুরু করতে হবে। নিজ নিজ পছন্দের জায়গায় গবেষণা করাটাই উত্তম কাজ। এভাবে আমাদের গবেষণার জায়গাটি প্রসারিত হবে।’
শিক্ষার্থীদের কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অনিল কুমার বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুমন কান্তি বড়ুয়া। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে উপস্থিত ছিলেন গ্লোবাল সেন্টার ফর ইনোভেনশন অ্যান্ড লার্নিংয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাকিল মালিক, ইংল্যান্ডের টিসাইড ইউনিভার্সিটির প্রভাষক মো. নাজমুল ইসলাম প্রমুখ।

ভারত, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের প্রায় ১৫০ তরুণ গবেষক, শিক্ষক ও স্কলার অংশ নিয়েছেন এই কনফারেন্সে। দিনব্যাপী কনফারেন্সে ৫টি টেকনিক্যাল সেশনে ৫০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
বিভিন্ন সেশনে চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন দেবাশীষ নন্দী, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ, ভারত, অধ্যাপক মুহাম্মদ মনজুরুল করিম, ঢাবি, অধ্যাপক মো. হেলাল উদ্দিন আহমেদ, ঢাবি, সাইফুদ্দিন আহমেদ, ঢাবি ও মুহাম্মদ মাহবুব আলম তালুকদার, বুয়েট। কো-চেয়ার হিসেবে ছিলেন শামসুর নাহার খানম, বিইউপি, মাইনুল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়, মহসীন রেজা, মডারেটর বিইউপি রিসার্চ সোসাইটি, কাজী সামীও শীশ, রিসার্চ পরিচালক, ডিইউআরএস, নাসির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শামীমা প্রধান, মি. জুয়েল রানা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, তাওহীদা জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাইয়ীদুল ইসলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারত এবং নাজমুল ইসলাম, টিসাইড বিশ্ববিদ্যালয়, লন্ডন।

জ্ঞানটাকে সব সময় পবিত্র জিনিস হিসেবে ধরে নেবেন। খ্যাতির পেছনে না ঘুরে জ্ঞানচর্চার জন্য কাজ করতে হবে। আমাদের যেকোনো কিছু বহিঃ চক্ষু দিয়ে না দেখে অন্তরচক্ষু দিয়ে দেখা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য তা জরুরি দরকার। জ্ঞানীদের ঘুম অশিক্ষিতদের ধনসম্পদের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
অধ্যাপক মো. কাজেম কাহদুয়ী

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন ওপেন একসেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি কনক মনিরুল ইসলাম, মুক্ত আসরের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাঈদ সুরুজ, ওয়াইজটেকবিডির ব্যবস্থাপনা পরিচালক বেনজির আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম। সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করবেন ঢাবি গবেষণা সংসদের সাধারণ সম্পাদক মো. ইসতিয়াক উদ্দিন।
ভার্চ্যুয়াল কনফারেন্সের আইটি সহযোগিতায় ছিল-Wiz Tecbd, রেডিও প্রচার সহযোগী হিসেবে Dhaka fm এবং কৌশলগত সহযোগী হিসেবে রয়েছে গ্লোবাল সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড লার্নিং, যুক্তরাষ্ট্র (Global Center for Innovation and Learning (GCFIL), ওপেন একসেস বাংলাদেশ এবং মুক্ত আসর।


‘রিসার্চ ফর এ বেটার ওয়ার্ল্ড’ স্লোগান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ৬ ডিসেম্বর। মূলত প্রতিষ্ঠার চার বছর পূর্তিতে দেশে প্রথম শিক্ষার্থীদের নিয়ে এমন আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজন করা হলো। ভবিষ্যতে এটি অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।