তরুণদের জন্য ক্লাইমেট ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ
আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘ক্লাইমেট ক্যাম্প’ নামে একটি উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংস্থা—দ্য আর্থ সোসাইটি। পরিবেশ রক্ষায় তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে বাংলাদেশের সংস্থাটি।
এ বছর পরিবেশ দিবসের থিম হলো ‘বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’। এই থিমের ওপর ভিত্তি করেই ‘ক্লাইমেট ক্যাম্প’ ধারণাটি সাজানো হয়েছে। অনলাইনে অনুষ্ঠেয় এই ক্যাম্পে মূলত স্থানীয় বিভিন্ন পরিবেশসংক্রান্ত সমস্যা চিহ্নিত করা হবে এবং সেই সমস্যার সমাধান খোঁজা হবে।
ব্যক্তিগতভাবে কোনো তরুণ বা তরুণদের দল চাইলে দ্য আর্থ সোসাইটির নির্দেশনা অনুযায়ী ‘ক্লাইমেট ক্যাম্প’ আয়োজন করতে পারেন। কেউ যদি আয়োজক হতে না চান, অংশগ্রহণকারী হিসেবেও যুক্ত হতে পারেন। আগামী ৩০ মে–এর মধ্যে এই ওয়েবসাইটে গিয়ে নাম নিবন্ধন করতে হবে। দ্য আর্থ সোসাইটির সহপ্রতিষ্ঠাতা শাকিলা সাত্তার বলেন, ‘আয়োজক বা অংশগ্রহণকারী হিসেবে যাঁরা ক্লাইমেট ক্যাম্পের সঙ্গে যুক্ত থাকবেন, তাঁরা প্রত্যেকেই ইউএনডিপি (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) আয়োজিত একটি পরিবেশবিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। ক্লাইমেট সিটিজেন হিসেবে একটি বড় নেটওয়ার্কের সঙ্গেও তাঁরা যুক্ত হবেন। ফলে পরিবেশ নিয়ে যাঁরা কাজ করতে চান, আমি বলব ক্লাইমেট ক্যাম্প তাঁদের জন্য একটা ভালো সুযোগ।’
পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধানে ক্লাইমেট ক্যাম্প থেকে যে আইডিয়া বা ধারণাগুলো উঠে আসবে, সেগুলোর মধ্য থেকে সেরা তিনটি আইডিয়া বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে দ্য আর্থ সোসাইটি।