তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনপত্র পূরণ ২৫ আগস্ট থেকে শুরু হবে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৭ সেপ্টেম্বর এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ সেপ্টেম্বর থেকে ফরম পূরণ করা যাবে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল বিশ্ববিদ্যালয়: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ পাবেন। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মাহমুদ জানান, আগামী ১৭ ও ১৮ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.barisaluniv.edu.bd ও www. barisaluniv.ac.bd) গিয়ে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ভর্তি পরীক্ষা আগামী ২ থেকে ৬ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। গত বুধবার ভর্তি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় গণসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে। এবার সাতটি অনুষদের অধীনে ১৮টি কোর্সে মোট এক হাজার ৭৬০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এর বাইরে সংরক্ষিত আসনে বিভিন্ন কোটায় শিক্ষার্থীদের ভর্তির সুযোগ রাখা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত টেলিটকের প্রি-পেইড নম্বর থেকে খুদে বার্তার মাধ্যমে ভর্তি-ইচ্ছুকরা নিবন্ধন করতে পারবেন। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভর্তির আবেদনের ফরম পূরণ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. শামসুদ্দীনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.pstu.ac.bd-এ পাওয়া যাবে।