ত্রিশালের এই তরুণেরা বই পড়েন, পড়ান
শহরের কলেজে ভর্তি হয়েই পার্থক্যটা তাঁর চোখে পড়েছিল। লক্ষ করেছিলেন, কলেজের বন্ধুরা একাডেমিক বইয়ের বাইরে নানা ধরনের বই পড়েছেন। ঠিক এই জায়গাতেই পিছিয়ে আছেন তাঁর গ্রামের স্কুলের বন্ধুরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর কীভাবে এই দূরত্ব কমিয়ে আনা যায়, এই নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন খালেদ হাসান।
বন্ধুদের সঙ্গে ভাবনাটা ভাগাভাগি করার পর কেউ কেউ বুদ্ধি দিলেন, একটা লাইব্রেরি করলে কেমন হয়? কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। তাই বলে হাত-পা গুটিয়ে তো আর বসে থাকা যায় না। বন্ধুদের নিয়ে খালেদ শুরু করলেন বই বিনিময় কার্যক্রম। স্কুলের পাশের একটি দোকানে বই রাখতে শুরু করেন তাঁরা। ১২টি বই দিয়ে শুরু করা এই কার্যক্রমে ক্রমেই বাড়তে থাকে পাঠক। সাহস পান খালেদ। একসময় বয়োজ্যেষ্ঠদের চোখে পড়ে এ কার্যক্রম। এগিয়ে এলেন তাঁরা।
এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে স্বপ্নবিলাস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের অধীনে ৫০০টি বই নিয়ে এখন চলছে উন্মুক্ত লাইব্রেরি কার্যক্রম। ত্রিশাল উপজেলার সীমান্তবর্তী পোড়াবাড়ি বাজার এলাকার এই উন্মুক্ত লাইব্রেরির পাঠকসংখ্যা এখন ৪৫০। যাদের বেশির ভাগই স্কুলপড়ুয়া। এটি সম্ভব করেছে স্বপ্নবিলাসের ভ্রাম্যমাণ লাইব্রেরি। নানা কারণে যাঁরা উন্মুক্ত লাইব্রেরিতে আসতে পারেন না, তাঁরা সপ্তাহে একবার ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে বই নেওয়ার সুযোগ পান। অ্যাসোসিয়েশনের সদস্যরাই পরিচালনা করেন এই ভ্রাম্যমাণ লাইব্রেরি।
শুধু বই পড়া কার্যক্রম নয়, দেশি সংস্কৃতি রক্ষায়ও কাজ করছে এই সংগঠন। পৌষালি পাঠোত্সব তেমনই এক আয়োজন। মৃৎশিল্প ও পিঠাপুলির মেলা থেকে শুরু করে নাগরদোলা, নাচ, গান, কী থাকে না সেই উৎসবে! প্রথম আলোর ‘বদলে যাও, বদলে দাও’ স্লোগানটি তাঁদের প্রেরণা দিয়েছিল বলে জানালেন খালেদ হাসান। এখন ‘মন হোক ঋদ্ধ, জ্ঞানে হই সমৃদ্ধ’ স্লোগান নিয়ে চলছে অ্যাসোসিয়েশনের কার্যক্রম।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি খালেদ হাসান বলেন, ‘আমরা আমাদের প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে চাই। বইয়ের প্রতি ভালোবাসা বাড়লেই সেটা সম্ভব। বই মনকে যেমন ঋদ্ধ করে, তেমন জ্ঞানেও করে সমৃদ্ধ। তাই বই নিয়ে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছোট পত্রিকা বের করার পরিকল্পনা করছি। শিগগিরই প্রথম সংখ্যা বের হবে। ভবিষ্যতে আমাদের গ্রামের শিক্ষার্থীদের ইংরেজির দক্ষতা উন্নয়নে কাজ করার ইচ্ছে আছে।’
যে স্বপ্ন নিয়ে এই কার্যক্রমের যাত্রা শুরু হয়েছিল, তা কতটুকু পূরণ হলো? সমাজেই বা এর প্রভাব কতটুকু? এই প্রশ্নের উত্তরে স্বপ্নবিলাস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও মোক্ষপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকার চিত্র পাল্টে দিয়েছে উন্মুক্ত লাইব্রেরি। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রবণতা এখন অনেকটাই বেড়েছে। শিক্ষার্থীরা নিজেরাও এখন একজন আরেকজনকে বই পড়তে উদ্বুদ্ধ করছে।’