পরদিন বাৎসরিক বনভোজন। পুরো ক্যাম্পাসেই চাপা রোমাঞ্চ। ক্লাসের পাশাপাশি বনভোজনের আয়োজন নিয়ে শিক্ষার্থীরা ভীষণ ব্যস্ত। ঢাকার ধানমন্ডির ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে গিয়ে গত মঙ্গলবার চোখে পড়ল এমন চিত্র।
বনভোজন নিয়ে কেন এত হইহই রব, শোনা যাক স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মারিয়া ইসলামের মুখ থেকে, ‘করোনার দীর্ঘ বন্ধের পর আবারও পুরোদমে ক্লাস শুরু হয়েছে। মনে হচ্ছে যেন অনেক বছর পর আমরা এক হওয়ার সুযোগ পেয়েছি।’
ক্যাম্পাসের পড়ালেখার পরিবেশ সম্পর্কে জানা গেল আরেক শিক্ষার্থী তাসনিম সুলতানার কাছে। তাঁর বক্তব্য, ‘আমাদের পড়াশোনা ও ব্যবহারিক ক্লাসের ব্যস্ততা অনেক বেশি। ক্লাসরুমে আমাদের শিক্ষকেরা ব্যবহারিক শিক্ষার দিকে সবচেয়ে বেশি জোর দেন। এ ছাড়া ইংরেজিতে কার্যকর যোগাযোগের দক্ষতাসহ ভবিষ্যতের চাকরির বাজারের জন্য যা যা প্রয়োজন, সেসবের ওপরও বেশ গুরুত্ব আছে।’
‘বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও উদ্ভাবনের কারণে পেশার ধারণা বদলে যাচ্ছে। বদলে যাওয়া পেশা ও পৃথিবীর সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করতে সৃজনশীল শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা হাতে কলমের শিক্ষাকে যেমন গুরুত্ব দিচ্ছি, তেমনি শিক্ষার্থীদের মেধাভিত্তিক ও কর্মভিত্তিক বিশেষ বৃত্তি প্রদান করছি। একটি আধুনিক পলিটেকনিক হিসেবে আমরা চতুর্থ শিল্পবিপ্লবের কথা মাথায় রেখে শিক্ষার্থীদের তৈরি করার চেষ্টা করছি। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা দক্ষ ও সৃজনশীল কাজের মধ্য দিয়ে চারপাশে ইতিবাচক পরিবর্তন আনুক।’কে এম হাসান রিপন, অধ্যক্ষ, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে (ডিপিআই) কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রকৌশলে চার বছর মেয়াদি ডিপ্লোমা করার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ড্যাফোডিল ফ্যামিলির এই প্রতিষ্ঠানে কম্পিউটারসংক্রান্ত প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া যায়। ল্যাব সুবিধা, ইনোভেশন সেন্টার, ইনক্লুসিভ লার্নিং সেলের মতো আধুনিক সব উদ্যোগ নিয়ে ঢাকায় ৩টি ক্যাম্পাসে কাজ করছে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কে এম হাসান রিপন বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীদের মানবিক ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের ক্যারিয়ার ও মানসিক উন্নয়ন নিয়ে কাজ করছি। আমাদের শিক্ষার্থীরা যেমন ক্লাসরুমের পড়াশোনায় ভালো করছে, তেমনি সাংস্কৃতিক ও সৃজনশীল বিভিন্ন কাজে যুক্ত হওয়ার মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।’ জানালেন, এখানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ল্যাপটপ এবং শিক্ষার্থী–অভিভাবকদের জন্য বিমার সুবিধা আছে।
পড়ালেখার নানা সুযোগ
মেধা ও কর্মদক্ষতার ওপর নির্ভর করে এই পলিটেকনিকে বৃত্তির সুযোগ আছে। দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনাও দেওয়া হয়। কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল, তড়িৎ প্রকৌশল, টেলিযোগাযোগ প্রকৌশল, টেক্সটাইল প্রকৌশল, পুরকৌশল, স্থাপত্য, অ্যাপারেল অ্যান্ড মার্চেন্ডাইজিং, গ্রাফিকস ডিজাইন ও যন্ত্রকৌশলে চার বছর মেয়াদি ডিপ্লোমা চালু আছে। ডিপ্লোমা শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা।
টেক্সটাইল প্রকৌশলের শিক্ষার্থী আফরোজা আক্তার, আবতাবুর রহমান ও ফাহিম ফেরদৌসের সঙ্গে কথা বলার সুযোগ হলো। তাঁদের বক্তব্য, আমাদের পলিটেকনিকের একটা ভালো দিক হচ্ছে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ততা। শুরু থেকেই বিভিন্ন শিল্প খাতভিত্তিক প্রশিক্ষণ ও ইন্টার্নশিপে আমরা অংশ নিই। ভিনদেশের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এক্সচেঞ্জের সুযোগ আছে, এটাও একটা বড় প্রাপ্তি। আমরা বাইরের দেশের পড়ালেখা বা শিল্প-প্রযুক্তিপ্রতিষ্ঠান সম্পর্কে জানার সুযোগ পাই।
ভবিষ্যতের প্রস্তুতি
বিজ্ঞান ও প্রকৌশলসংক্রান্ত দক্ষতা যাঁদের আছে, ভবিষ্যতে তাঁদের প্রয়োজন আরও বাড়বে—অধিকাংশ শিক্ষার্থী এই ভাবনা থেকেই ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাঁরা জানেন, চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত হতে হলে আমাদের আরও দক্ষ কর্মী প্রয়োজন। এ প্রসঙ্গে আলাপ হচ্ছিল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের ছাত্র খালেদ হাসানের সঙ্গে। খালেদ বলেন, ‘আমাদের দেশে কাজের সুযোগ তৈরি হলেও যোগ্য কর্মীর সংকট আছে। তাই ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরির ব্যাপারে নানা রকম সহযোগিতা করা হয়। আমাদের জন্য বিশেষায়িত চাকরির পোর্টাল আছে, যার মাধ্যমে আমরা কাজের খোঁজ পাই।’
পলিটেকনিকের শিক্ষার্থী লিজা আক্তার ও সাবিকুন নাহার বলছিলেন তাঁদের ল্যাব সুবিধা ও ব্যবহারিক ক্লাস সম্পর্কে, ‘আমাদের সব বিভাগের শিক্ষার্থীদের জন্যই নানা ধরনের ল্যাব চালু আছে। যেমন টেক্সটাইলের শিক্ষার্থীরা ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাব, ইয়ান ম্যানুফ্যাকচারিং ল্যাব, টেস্টিং ল্যাবে কাজ করে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সার্কিট ল্যাব, ইলেকট্রনিকস ল্যাব, মেশিন ল্যাবে ক্লাস করতে হয়।’ ল্যাবগুলো ঘুরে দেখা গেল, নির্ধারিত পোশাক এবং মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে অনেক শিক্ষার্থী কাজ করছেন, তাঁদের সহায়তা করছেন প্রশিক্ষকেরা।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের চারটি বড় সংগঠন আছে। এ ছাড়া বিভিন্ন বিভাগভিত্তিক ক্লাব আছে সাতটি। সাংস্কৃতিক সংগঠন, বিতর্ক সংগঠন আর ইংলিশ ক্লাব নিয়মিতই শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা ও প্রশিক্ষণের আয়োজন করে। শিক্ষার্থীরা জানেন, ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে শুধু কারিগরি দক্ষতা নয়, তুরীয় চিন্তা (ক্রিটিক্যাল থিঙ্কিং), নেতৃত্ব, দলের সঙ্গে কাজ করা, কার্যকর যোগাযোগের মতো দক্ষতা প্রয়োজন। ক্লাবের অভিজ্ঞতা তাঁদের এসব দক্ষতা উন্নয়নে সহায়তা করে। তাই স্বতঃস্ফূর্তভাবেই অনেক শিক্ষার্থী এসব কার্যক্রমে অংশ নিচ্ছেন।
ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে আরও জানা যাবে এই ওয়েবসাইটে।