দুই দেশের তরুণদের মেলবন্ধন হলো যেখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভে অংশ নেওয়া তরুণদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও নেপালের তরুণ সমাজকে এক করে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময় ও বন্ধুত্ব জোরদার করার প্রয়াস নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ (এনবিওয়াইসি)। আয়োজনটির পঞ্চম আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম আমরা।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়নসহ নানা বিষয়ে পারস্পরিক আলোচনার সুযোগ আমাদের হয়েছে। দুই দেশের গান, নাচ, লোকজ শিল্প প্রদর্শিত হয়েছে কাঠমান্ডু শহরে। সব মিলিয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতেই এই লেখা।

গন্তব্য নেপাল

বাংলাদেশি প্রতিনিধিদলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা, প্রকৌশলী, চিকিৎসক, উদ্যোক্তাসহ অনেকেই ছিলেন। টিম লিডারের দায়িত্বে ছিলেন ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটির সভাপতি তানিম ইমতিয়াজ।

২৬ ডিসেম্বর সকালে সেজেগুজে আমরা বিমানবন্দরে হাজির হই। কুয়াশার কারণে ফ্লাইট কিছুটা বিলম্ব হওয়ায় নেপালে নেমেই তাড়াহুড়া করে আমরা কনক্লেভের গাড়িতে চড়ে বসলাম। নেপালি টুপি ও উত্তরীয় দিয়ে আমাদের বরণ করলেন সেখানকার প্রতিনিধিরা।

আগে ভাবতাম ঢাকার যানজটের তুলনা হয় না। কিন্তু বিমানবন্দর থেকে বের হয়েই বুঝলাম, কাঠমান্ডুও কম যায় না! পাক্কা দুই ঘণ্টার যানজট ঠেলে যখন নেপাল ট্যুরিজম বোর্ডে পৌঁছালাম, তখন বেলা তিনটা। নেপালের বন ও পরিবেশমন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। তাঁদের কথায় উঠে এল, দুই দেশের জনগণের চরিত্র ও সংস্কৃতিতে বেশ মিল রয়েছে। তাই দুই দেশ একই সঙ্গে উন্নতির পথে হাঁটতে পারে।

উদ্বোধনী পর্বের পর চা বিরতি শেষে নেপালের প্রতিনিধিদের অংশগ্রহণে হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে নেপালের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নানা মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এরপর পরিবেশন করা হয় নেপালি ধাঁচে রান্না করা ভাত, ডাল আর মাছের ঝোল। বাংলাদেশের সঙ্গে তফাত হলো মসলার কম ব্যবহার আর মাছের নামে। আমরা যতবারই মাছের নাম জিজ্ঞাসা করলাম, ‘লোকাল ফিশ’ ছাড়া আর কোনো উত্তর পেলাম না।

বিজয়ের ৫০

পরদিন আমাদের গন্তব্য বাংলাদেশ দূতাবাস। সেখানে আমাদের স্বাগত জানালেন রাষ্ট্রদূত সালাহউদ্দীন নোমান চৌধুরী। বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান রেখে এই বছরের কনক্লেভকে ‘বঙ্গবন্ধু ইয়ুথ কনক্লেভ’ ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল জীবনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রদর্শনী শেষে তরুণ যুব প্রতিনিধিরা সাইবার বুলিং, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, দূরশিক্ষণ, নেপালের পরিবেশ আইন ও তার বাস্তবায়নপ্রক্রিয়া নিয়ে প্রবন্ধ ও ধারণাপত্র উপস্থাপন করেন। অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সনদ দেন রাষ্ট্রদূত।

দুপুরের মেনুতে দুই দেশের খাবারই ছিল। নেপালে গিয়ে যে বগুড়ার দই পাব, একেবারেই আশা করিনি। কোনো পক্ষই আপ্যায়নে কোনো কমতি রাখেনি। তবে দুঃখের বিষয়, বাংলাদেশি প্ল্যাটারে রুই মাছ চিনতে পারলেও নেপালি লোকাল ফিশটা লোকাল ফিশই রয়ে গেল।

পাহাড়ের কাছে

পরে আমাদের নিয়ে যাওয়া হয় গ্লোবাল একাডেমি ফর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এডুকেশন কলেজে। কলেজের পরিবেশটা দারুণ। চা-আড্ডার মধ্য দিয়ে আমরা দুই দেশের তরুণেরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করলাম। সন্ধ্যায় কনক্লেভের সাংস্কৃতিক অনুষ্ঠানে নেপাল ও বাংলাদেশের প্রতিনিধিদের সাংস্কৃতিক পরিবেশনাও দারুণ ছিল। আমরা তুলে ধরেছি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ঋতুবৈচিত্র্য, জীবনসংগ্রাম, লোকজ সংস্কৃতি। কলেজের সৌজন্যে আয়োজিত নৈশভোজের মাধ্যমে নেপাল বাংলাদেশ ইয়ুথ কনক্লেভ ৫.০-র সমাপ্তি ঘোষণা হয়।

পরদিন আমরা পর্যটননগরী পোখারার উদ্দেশ্যে রওনা হই। পাহাড় ও পর্বতমালার যে স্নিগ্ধ সৌন্দর্য দেখেছি, সে গল্প না হয় আরেক দিন করা যাবে। পুরো যাত্রায় আমরা পেয়েছি বেশ কয়েকজন নেপালি বন্ধু। তাঁদের সহনশীলতা, আতিথেয়তা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বেশ ভালো লেগেছে। পাঁচ দিনের এই ভ্রমণে নেপালিদের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মনোভাবের পরিচয় যেমন পেয়েছি, তেমনি নিজের দেশের প্রতি আমাদের দায়িত্ব অনুভব করেছি গভীরভাবে। বাংলাদেশ দূতাবাস এবং নেপাল ট্যুরিজম বোর্ডের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।

মো. আল-আমিন: প্রশাসনিক কর্মকর্তা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

জারিন তাসনিম: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়