দেশে কোনো দুর্নীতি নেই
খবর: বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৬তম। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে দুর্নীতি দমন কমিশন।
(সূত্র: প্রথম আলো, ৩ ডিসেম্বর ২০১৪)

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে (টিআই) চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দুদক। টিআই পড়েছে বিপাকে। তাদের চ্যালেঞ্জ করা চাট্টিখানি কথা নয়। নিজেদের ভুল হতেই পারে, তাই তারা ঠিক করল, বিষয়টা আরেকটু খতিয়ে দেখা উচিত। দেরি না করে এক প্রতিনিধিকে পাঠিয়ে দিল বাংলাদেশে। প্রতিনিধি বিমানবন্দর থেকে সোজা চলে গেলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যালয়ে। গিয়ে পড়লেন বিপদে। দারোয়ান তাঁকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দেবে না। হুংকার দিয়ে বলল, ‘কই যাইবেন?’ টিআইয়ের প্রতিনিধি এক–আধটু বাংলা বলতে পারেন। ভাঙা ভাঙা উচ্চারণে বললেন, ‘মন্ত্রী মহোদয়ের কাছে।’
: উনি আপনার কী হন?
: তিনি আমাকে দাওয়াত করেছেন।
: স্যার মিটিংয়ে আছেন। দুই ঘণ্টা পর আহেন।
ঠিক দুই ঘণ্টা পর আবার মন্ত্রীর দপ্তরে গেলেন সেই প্রতিনিধি। দারোয়ানের সামনে দাঁড়াতেই আবার ঝাড়ি, ‘স্যার তো এখন লাঞ্চ কইরা একটু ভাতঘুম দিবেন। চা–পানি খাওয়ার জন্য কিছু দিলে একটা ব্যবস্থা দেখা যাইব। বুঝেনই তো... হে হে হে!’ প্রতিনিধি বিষয়টি সম্পর্কে অবগত, তাই আগাম প্রস্তুতি নিয়ে এসেছিলেন। কিন্তু মন্ত্রী মহোদয়ের চ্যালেঞ্জে সব ভুলে গেছেন। পকেট থেকে এক শ ডলারের একটা চকচকে নোট বের কনে বাড়িয়ে দিলেন দারোয়ানের দিকে। দারোয়ান এমন চমক আশা করেনি। প্রতিনিধি গুটিগুটি পায়ে মন্ত্রণালয়ের বারান্দাজুড়ে হাঁটতে হাঁটতে একটা সময় মন্ত্রীর রুম খুঁজে পেলেন। সেখানে আবার একজন পিয়ন, তাকে দেখে এগিয়ে গেলেন, ‘এক্সকিউজ মি, আমি একটু মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করব।’
: মন্ত্রী মহোদয় কি আপনার ইয়ার–দোস্ত যে বললেই দেখা করা যাবে? স্যার ব্যস্ত আছেন।
: কিন্তু দারোয়ান যে বলল, তাঁকে পাওয়া যাবে!
: দারোয়ানের হিসাব দারোয়ানের কাছে, আমার হিসাব আমার কাছে।
প্রতিনিধি এরই মধ্যে বেশ বুদ্ধিমান হয়ে গেছেন। পকেট থেকে পঞ্চাশ ডলার বের করে পিয়নের হাতে গুঁজে দিলেন। পিয়ন আবার ততক্ষণে দারোয়ানের ঘুষের অঙ্কটা জেনে ফেলেছে। তাই তার ভাবান্তর হলো না। প্রতিনিধি ডলার দিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, ‘এবার মন্ত্রী মহোদয় কি আছেন?’
: ভাইয়া, মন্ত্রী কি গাছে ধরে? ধরে না! এখন যান।
বিষয়টি বুঝতে পেরে আরও পঞ্চাশ ডলার পিয়নের হাতে গুঁজে দিলেন প্রতিনিধি। এবার পিয়নের এ–গাল ও–গাল দুই গালজুড়ে হাসি, ‘দুই ঘণ্টা পরে আসেন, হয়ে যাবে।’
ঘণ্টা দুয়েক পর মন্ত্রীর মুখোমুখি টিআইয়ের প্রতিনিধি। বাংলাদেশে দুর্নীতি নেই—এ ব্যাপারে মন্ত্রীর কাছে বিস্তারিত জানতে চান তিনি। মন্ত্রী মহোদয় চায়ের কাপে শব্দ করে একটা চুমুক দিয়ে বললেন, ‘ফরেন ব্রাদার, লিস্ট থেকে নামটা বাদ দিয়া দেন। ব্যবস্থা হয়ে যাবে। বোঝেনই তো! হে হে হে!’